গোলমালেও ওড়ে আশার পাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগজুড়েই ছিল ভাঙচুর, মারামারি আর উত্তেজনা। কাল শেষ দিনেও ব্যতিক্রম কিছু হয়নি। মেরিনার্সের সমর্থকেরা তাণ্ডব চালালেন ভিআইপি বক্স ও গ্যালারিতে l প্রথম আলো
লিগজুড়েই ছিল ভাঙচুর, মারামারি আর উত্তেজনা। কাল শেষ দিনেও ব্যতিক্রম কিছু হয়নি। মেরিনার্সের সমর্থকেরা তাণ্ডব চালালেন ভিআইপি বক্স ও গ্যালারিতে l প্রথম আলো

এর চেয়ে জমজমাট প্রতিযোগিতা আর হয় না। শেষ মিনিট পর্যন্ত উত্তেজনা ধরে রাখল এবারের প্রিমিয়ার হকি লিগ। এই প্রথম ইউরোপ, আফ্রিকা থেকে খেলোয়াড় এসেছেন। চেক প্রজাতন্ত্র ও কেনিয়ার দুজন ডিফেন্ডার খেলেছেন চ্যাম্পিয়ন মেরিনার্সে। পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়েরা এসেছেন দলে দলে।
বহুজাতিক বিদেশি খেলোয়াড়দের এই লিগে বড় ক্লাবগুলো টাকা ঢেলেছে দেদার। তবে ঊষা-আবাহনী পারল না অনেক চেষ্টা করেও। লিগ পেল নতুন এক চ্যাম্পিয়ন। সেই চ্যাম্পিয়ন দলটি ‘মারামারির’ জন্যই বেশি পরিচিত। আর প্রথম চ্যাম্পিয়ন হয়ে হকি স্টেডিয়ামে মেরিনার্স যে আনন্দ-উৎসব করল, সেটির সঙ্গে বর্ণিল সমাপ্তিও বেশ গেল।
এসব দেখে চাইলে আত্মতৃপ্তি খুঁজে পেতে পারে ফেডারেশন। আম্পায়াররাও হাঁফ ছেড়ে বাঁচতে পারেন। কারণ, সবচেয়ে বড় ধকলটা গেছে তাঁদের ওপর দিয়েই। কথায় কথায় আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করার মহড়া চলেছে লিগে। ৭০ মিনিটের খেলা দুই ঘণ্টায়ও শেষ না হওয়ার উদাহরণ আছে। এমনকি মারামারি আর গোলমালে সন্ধ্যা নেমে যাওয়ায় ম্যাচের বাকি অংশ হয়েছে পরদিন সকালে! বিদেশি আম্পায়ার এনেও লাভ হয়নি। তাঁরা কোনো সিদ্ধান্ত দিলেই তেলেবেগুনে জ্বলে ‘ধর্মঘট’ ডেকে বসেছেন খেলোয়াড়েরা। মজার ব্যাপার, এটা ম্যাচে দুই দলই করেছে। কেউ-ই হার মানতে নারাজ। যে কারণে এই প্রথম রেফারেল পদ্ধতি প্রবর্তন করেও ক্লাবগুলোকে খুশি করা যায়নি!

লিগজুড়েই ছিল ভাঙচুর, মারামারি আর উত্তেজনা। কাল শেষ দিনেও ব্যতিক্রম কিছু হয়নি। মেরিনার্সের সমর্থকেরা তাণ্ডব চালালেন ভিআইপি বক্স ও গ্যালারিতে l প্রথম আলো
লিগজুড়েই ছিল ভাঙচুর, মারামারি আর উত্তেজনা। কাল শেষ দিনেও ব্যতিক্রম কিছু হয়নি। মেরিনার্সের সমর্থকেরা তাণ্ডব চালালেন ভিআইপি বক্স ও গ্যালারিতে l প্রথম আলো

মোহামেডানকেই এসব কাজে দেখা গেছে অগ্রণী ভূমিকায়। দলটির স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি সর্বোচ্চ ৩৭ গোল করেছেন। মেজাজ হারিয়ে সমালোচিতও হয়েছেন অনেক। লিগটা কেমন হলো, কাল হকি মাঠে জিজ্ঞেস করতেই জিমি দায়টা চাপালেন বিদেশি আম্পায়ারদের ওপর, ‘নিম্নমানের আম্পায়ার এনেই লিগটার সর্বনাশ করেছে ফেডারেশন।’ আরও অনেকের মুখে একই সুর। সব দোষ আম্পায়ারের! তবে সব দেখে মনে হচ্ছে, ভিনগ্রহের আম্পায়ার আনলেও লাভ হবে না। ক্লাব আর খেলোয়াড়ের অসহিষ্ণু আচরণ এখানে বড় বাধা।
আম্পায়ারিং বিতর্কের পাশে রাখতে হবে নিত্য মারামারির ঘটনাও। আম্পায়ারকে লাথি মারার মতো অতি ঘৃণ্য কাণ্ডও দেখা গেছে। ভিআইপি বক্সে বড় দলগুলোর সমর্থকেরা মনের আনন্দে হইচই, দেদার ভাঙচুর করেছে প্রায় প্রতিদিনই। মাঠে যখন-তখন ক্লাব কর্তা, সমর্থকেরা ঢুকে পড়েছেন। নিরাপত্তা বলতে কিছুই ছিল না। হকির টার্ফ যেন অবাধ এক চারণভূমি!
সেই টার্ফে জয়ী দল কাল আনন্দ-উৎসব করেছে, তারপরও বলতে হচ্ছে লিগের শেষটা কলঙ্কিত। পরশু মোহামেডান-বাংলাদেশ স্পোর্টিং পাতানো ম্যাচে রেকর্ড গড়তে যত খুশি গোল করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন জিমি। তাঁর সতীর্থ মোহামেডান গোলরক্ষক রাসেল খান বাপ্পি স্বীকার করেছেন পাতানো খেলার পাপ। অথচ কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক নিজেকে অসহায় ভাবছেন। তাই বলছেন, ‘পাতানো খেলার ব্যাপারে কোনো অভিযোগ তো পাইনি।’ ফেডারেশনের অন্যরাও একই কথা বলেছেন। ব্যাপারটা এমন যে, অভিযোগ পেলেই বিচার হবে। নইলে মাফ!
কিন্তু এত এত উত্তেজনা পরও গ্যালারি খাঁ খাঁ। হালের হকি খেলাটা আসলে দর্শকমন জয় করতে ব্যর্থ। উত্তাপ শুধু ভিআইপি বক্স, পত্রিকার পাতা আর টিভির পর্দায়। তাতে কী, হারিয়ে যেতে বসা হকি সব দল নিয়ে বছর তিনেক পর মাঠে ফিরেছে। এটাও অন্য অনেকের মতো মোহামেডান কোচ জামাল হায়দারের চোখে বড় প্রাপ্তি।
কিন্তু হকি ফেডারেশনের যে দুর্বলতা ফুটে উঠেছে, তা নতুন অশনিসংকেত। ঐতিহ্য ধরে রেখে এবারও ক্লাব ছড়ি ঘোরাল ফেডারেশনের ওপর। তবু সব এক পাশে রেখে নিস্তরঙ্গ ক্রীড়াঙ্গনে একটু উত্তেজনার ঢেউ বইয়ে দিয়ে লিগটা হয়েছে এবং শেষ পর্যন্ত সমাপ্তিরেখা ছুঁয়েছে—এটাই যা তৃপ্তির।