গোলমুখে তীক্ষ্ণ ত্রিফলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মৌসুমে গোল
এক মৌসুমে গোল

কামড়-কাণ্ডের জন্য বার্সেলোনার হয়ে মৌসুমের প্রথম দুটি মাস খেলতে পারেননি। এখন নিশ্চয়ই আফসোস হচ্ছে লুইস সুয়ারেজের। আফসোস হওয়ার কথা দুই সতীর্থ লিওনেল মেসি আর নেইমারেরও। নইলে তিনজন মিলে এত দিনে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে ‘আগ্রাসী ত্রয়ী’ বলে দাবি করতে পারতেন নিজেদের। পরশু রাতে এসপানিওলের বিপক্ষে নেইমার ও মেসির দুটি গোলসহ এ মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনা ত্রয়ীর (মেসি ৪৭, সুয়ারেজ ১৯, নেইমার ৩১) মোট গোল ৯৭। এক মৌসুমে বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা মেসি-অ্যালেক্সিস সানচেজ-পেদ্রো ত্রয়ীর। ২০১১-১২ মৌসুমে এই তিনজন মিলে করেছিলেন ১০১ গোল। এর আগে ২০০৮-০৯ মৌসুমে শত গোল করেছিলেন মেসি-ইতো-অঁরি ত্রয়ীও।
কামড়-কাণ্ডের নিষেধাজ্ঞায় বার্সেলোনার হয়ে মৌসুমের শুরুতে ১১টি ম্যাচ খেলতে পারেননি সুয়ারেজ। নইলে এত দিনে হয়তো গোলের সেই রেকর্ড ভেঙেই দিতেন মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী। ভালোবেসে সমর্থকেরা যাঁদের ডাকেন ‘এমএসএন’।
এখনো ভাঙেনি, তবে ওই রেকর্ড ভেঙে যাওয়া স্রেফ সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। লা লিগায় এখনো ৫টি ম্যাচ বাকি বার্সেলোনার, চ্যাম্পিয়নস লিগে অন্তত দুটি এবং কোপা ডেল রেতে একটি (ফাইনাল)। সব মিলিয়ে এই মৌসুমে কমপক্ষে আরও ৮ ম্যাচ খেলতে পারবে বার্সেলোনা, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গেলে ৯ টি। সে ক্ষেত্রে শুধু মেসি-সানচেজ-পেদ্রোর ১০১ গোলের রেকর্ড নয়, আরও বড় অর্জনের হাতছানি এমএসএন ত্রয়ীর সামনে। ২০১১-১২ মৌসুমে ১১৮ গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের রোনালদো–বেনজেমা-হিগুয়েইন ত্রয়ী। স্প্যানিশ ক্লাবের ক্ষেত্রে তো বটেই, ইউরোপের অন্য কোনো ক্লাবের হয়েও কোনো ত্রয়ী এক মৌসুমে এর চেয়ে বেশি গোল করতে পারেননি। এমএসএন ত্রয়ীর সামনে সুযোগ থাকছে এবার ওই রেকর্ডটাও ভেঙে দেওয়ার।
চোটের কারণে করিম বেনজেমা আর গ্যারেথ বেল মাঝে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেনি। নইলে এ মৌসুমেও এমএসএন ত্রয়ীর পাশাপাশিই হয়তো থাকতেন বিবিসিও। রিয়াল মাদ্রিদের ত্রিফলা অবশ্য খুব বেশি পিছিয়েও নেই। গত রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত এই মৌসুমে বিবিসির গোল ৮৯ টি। সেল্টা ভিগোর ম্যাচটি বাদে লিগে ৫ ম্যাচ বাকি থাকবে রিয়ালের, চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩ টি। নিজেদের গড়া ১১৮ গোলের রেকর্ড ভাঙা কিছুটা কঠিন হবে, তবে বাকি ৮ ম্যাচে ১১ গোল করে ‘সেঞ্চুরি’ করার কথা তো ভাবতেই পারে বিবিসি। তথ্যসূত্র: মার্কা, বিবিসি।