গোলহীন ম্যাচে নেপালের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামস-উল হুদা স্টেডিয়ামে বাংলাদেশের কোনো ম্যাচ ছিল না। তারপরও কাল পৌর পার্ক উত্তর গ্যালারি এবং বড় পর্দার আশপাশে ছিল স্কুলছাত্রদের ভিড়। খেলা শুরু হলে সেই ভিড় আরও বাড়ল। তবে জয়-পরাজয় দেখা হলো না দর্শকদের। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নেপাল গোলশূন্য ড্র করেছে মালয়েশিয়ার ফালদো ইউনাইটেড ক্লাবের সঙ্গে।
গত টুর্নামেন্টের শিরোপা জিতে গেছে মালয়েশিয়া। এবার দেশটির প্রতিনিধিত্বকারী দলটির চেয়ে নেপালি তরুণেরাই বরং ভালো খেলেছে। তাদের জয়বঞ্চিত করেছেন ম্যাচসেরা হওয়া মালয়েশিয়ার গোলরক্ষক ফারিজাল হারুন। গোটা তিনেক নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। ম্যাচের ৫৫ মিনিটে বিমল ঘাটতির শট চমৎকার দক্ষতায় আটকে দেন। ৬৩ মিনিটে মিডফিল্ডার জগজিৎ শ্রেষ্ঠর শট পোস্টে লেগে বাইরে যায়। জয়বঞ্চিত হওয়ায় হতাশ নেপালের ফুটবলাররা। কাল ম্যাচ শেষে ডিফেন্ডার আদিত্য বলছিলেন, ‘পুরো ম্যাচে আমরা ভালোই খেলেছি। শুধু গোলটাই করতে পারিনি। আমাদের ফিনিশিংয়ে দুর্বলতা রয়েছে।’ আগামী পরশু ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপাল খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। একই দিনে বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়া।