গোলহীন রোনালদোও পর্তুগালের আসল নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইব্রেকার থেকে গোল করতে পারাটাই স্বস্তি দিচ্ছে রোনালদোকে। এএফপি।
টাইব্রেকার থেকে গোল করতে পারাটাই স্বস্তি দিচ্ছে রোনালদোকে। এএফপি।

অস্ট্রিয়ার সঙ্গে ওই ম্যাচের মতো না হোক, পোল্যান্ডের সঙ্গে ম্যাচেও সুযোগ দুই হাত ভরে এসেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। কিন্তু একটাও কাজে লাগাতে পারেননি। দুবার বলে একটুর জন্য পা লাগাতে পারেননি, একবার বাইরে মেরেছেন। বেশির ভাগ সময় ছায়া হয়ে থাকলেন নিজের। ভাগ্যিস, টাইব্রেকারে করতে পেরেছিলেন। পর্তুগাল সেমিফাইনালে ওঠায় রোনালদোকেও সুযোগগুলো কাজে লাগানোর জন্য আফসোস করতে হচ্ছে না। 

কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোনালদোর ফর্ম নিয়ে আরও একবার প্রশ্ন উঠল। এবারের ইউরোতে এক ম্যাচে, আরও স্পষ্ট করে বললে সেই ম্যাচেই দুটি অন্য রকম মুহূর্ত জন্ম দিয়েছিলেন। এ ছাড়া রোনালদো যেন অচেনাই।
পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস কিন্তু রোনালদোর ভুলগুলো মনে রাখছেন না। বরং ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসাই করেছেন। নিজে টাইব্রেকারে প্রথম শটটা নিয়ে দলে বাকিদের ওপর নির্ভয়বার্তা ছড়িয়ে দিয়েছেন। গোল করতে না পারলেও রোনালদো সব সময়ই পর্তুগালের আসল খেলোয়াড় হয়েই থাকবেন বলেও জানালেন। বললেন, ‘আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না, কিন্তু পেপে ও রোনালদো দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে। আমার মনে হয় ওদের সেভাবে মূল্যায়নও হচ্ছে না।’ গোল না পেলেও রোনালদোর দলের জন্য অবদানকেই বড় করে দেখছেন, ‘মানুষ রোনালদোর কাছ থেকে আশা করে সে গোলের পর গোল করেই যাবে। সে অসাধারণ খেলেছে, দারুণ একজন অধিনায়ক। পেপেও দারুণ খেলেছে।’
দুই মিনিটের ভেতরেই গোল খেয়ে বসেছিল পর্তুগাল। সেখান থেকে ফিরে ভালো খেলাটাই বেশি আপ্লুত করছে তাঁকে, ‘প্রথম কয়েক মিনিট আমাদের পক্ষে যায়নি। এই পর্যায়ে আমাদের অনেক খেলোয়াড় আগে যায়নি, এটা তাদের জন্য একটা অভিজ্ঞতাও। আমাদের এখন মাটিতে পা রেখে নিজেদের খেলাটাও খেলে যেতে হবে।’
পর্তুগালের হয়ে সমতা ফিরিয়েছেন ১৮ বছর বয়সী চমক রেনাতো সানচেস। সান্তোস তাঁর প্রশংসাও করলেন আলাদা করে, ‘রেনাতো দারুণ খেলেছে। এখনো তার অনেক কিছুই দেওয়ার আছে, সে এখনো বিকশিত হচ্ছে। এর চেয়ে ভালো সানচেসকে আমরা সামনে দেখতে পাব। সেটা করার মতো সবকিছুই ওর আছে।’