গোলে শট নেই মামুনুলদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক হয়েই সম্ভবত দলে ফিরছেন মামুনুল। ছবিতে দুই খেলোয়াড়কে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টায় আটকে গেলেন এই মিডফিল্ডার। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলও আটকে গেল শেখ রাসেলের সামনে। কাল কমলাপুর স্টেডিয়ামে l প্রথম আলো
অধিনায়ক হয়েই সম্ভবত দলে ফিরছেন মামুনুল। ছবিতে দুই খেলোয়াড়কে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টায় আটকে গেলেন এই মিডফিল্ডার। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলও আটকে গেল শেখ রাসেলের সামনে। কাল কমলাপুর স্টেডিয়ামে l প্রথম আলো

নামেই ‘রুদ্ধদ্বার’ ম্যাচ। কিন্তু আসলে সবই উন্মুক্ত। শ খানেক দর্শকের ভিড়ে বরং পাশাপাশি বসে খেলা দেখলেন মোহামেডান কোচ জোসিম উদ্দিন জোসি ও আবাহনী কোচ জর্জ কোটান। কমলাপুর স্টেডিয়ামে এসেই কোটান প্রশ্ন ছুড়লেন, ‘ম্যাচটা ক্লোজ ডোর কেন?’ পাশ থেকে উত্তর,¦তাজিকিস্তানের কোনো গুপ্তচর এসে যদি বাংলাদেশ দলের রণকৌশল দেখে ফেলে!
২০০৩ বাংলাদেশকে সাফ ফুটবল জেতানো কোটান হেসে বললেন, ‘৪ হাজার মাইল দূর থেকে গুপ্তচর পাঠাবে তাজিকিস্তান, ওদের আর কাজ নেই!’ শুনে জোসির সংযোজন, ‘বাংলাদেশের বিপক্ষে তাজিকিস্তান এখন ৮০-২০ ভাগ এগিয়ে।’ দুই দলের সর্বশেষ ম্যাচে ৫-০ গোলে তাজিকদের জয়ও সেটাই বলে। এশিয়ান কাপের বাছাইয়ের টিকিট পেতে ২ জুন দুশানবেতে তাজিকদের সঙ্গে প্রথম প্লে-অফ বাংলাদেশের। সেই লড়াইয়ের আগে কাল জাতীয় দলের একমাত্র অনুশীলন ম্যাচটা তাই স্বাভাবিকভাবেই মনোযোগের কেন্দ্রে থাকল অনেকের।
নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রথম খেললেন মামুনুল ইসলাম, অধিনায়ক হিসেবেই। তবে তাঁর দলে সমন্বয়ের বড্ড অভাব। তাই শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে জিততে পারেনি জাতীয় দল (০-০)। এটা একরকম সতর্কবার্তাও। জোসিও তা-ই মনে করেন, ‘অসাধারণ কিছু দেখিনি জাতীয় দলের খেলায়। রক্ষণে পাসটা বেশি হয়েছে, কিন্তু আক্রমণে ধার নেই। এ থেকে সতর্ক হতে হবে জাতীয় দলকে।’
প্রতিপক্ষের পোস্টে সে অর্থে শটই নিতে পারেনি জাতীয় দল। দু-একটি নিলেও তা এলোমেলো। ম্যাচের ৩৫ মিনিট পর কোটান উসখুস করছিলেন, ‘এখনো জাতীয় দলের কোনো শট দেখতে না পাওয়া খুবই হতাশার।’ বাকি সময়ে তাঁর হতাশা আরও বেড়েছে। রহমতগঞ্জের নবীন ফরোয়ার্ড রাশেদ আহমেদ তূর্যকে গোটা ম্যাচে আক্রমণে খেলালেন ডি ক্রুইফ, শক্তি আর সাহস আছে তূর্যর মধ্যে। তবে স্কিল তেমন নেই।
অভিজ্ঞ উইঙ্গার ফয়সাল মাহমুদকে খেলানো হলো কিনা লেফটব্যাকে! পরীক্ষাটা কাজে আসেনি। শেষমেশ মূল লেফটব্যাক ওয়ালি ফয়সালকে নামানো হলো। রাইটব্যাকে ক্রুইফের বিশেষ পছন্দ রায়হানের দৌড়ঝাঁপই সার। সব দেখে কোটানের কথা, ‘২০০৩ সালে আমার সেই দলটি এই দলের চেয়ে অনেক শক্তিশালী ছিল।’ বাংলাদেশ দল নির্বাচনের সময় লোডভিক ডি ক্রুইফের দেশে থাকা নিয়ে কোটান বলছিলেন, ‘১০ হাজার মাইল দূরে বসে একজন কোচ খেলোয়াড় নির্বাচন করতে পারেন না।’
ডি ক্রুইফের এই দলের একেকজন চার-পাঁচ ছোঁয়ার পর বল ছাড়েন। খেলাটা স্বাভাবিকভাবে ধীর হয়ে যায়। ডিফেন্ডারদের কেমন বিভ্রান্ত লাগে, মাঝমাঠেও প্রায় একই অবস্থা। ওপরে জুয়েল রানার গতি থাকলেও অপরিণত। আক্রমণে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণও সামগ্রিকভাবে কম।
ডি ক্রুইফ অবশ্য দলের পারফরম্যান্সে অখুশি নন, ‘আমি সন্তুষ্ট নই, হতাশও নই। শেষ ১৫ মিনিট দল যেন চাপে না ভাঙে সেটা দেখতে চেয়েছিলাম। ওরা তাতে সফল। প্রতিপক্ষ সুযোগ পায়নি। বরং আমরাই দু-একটি পেয়েছি।’ তবে ঘটনা হলো, এমিলি, মিঠুন, ফিকরুদের ছাড়াই দ্বিতীয় দল নিয়েও শেখ রাসেল তিন-চারটি ভালো সুযোগ পেয়েছে। জাতীয় দল সেভাবে পায়নি। গোল করা নিয়ে তাই জাতীয় দলের চিন্তাটা থেকেই যাচ্ছে।