গোলেই জবাব রোনালদোর

রোমা কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি বেশ আক্ষেপ করেই বললেন কথাটা, ‘রোনালদোকে এক ইঞ্চি জমি ছাড়লে সে মাইল খানেক দখলে নিয়ে নেবে’—গতরাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে নিজের ৮৯তম গোলটি করার সময় রোমা অধিনায়ক ফ্লোরেন্তজির ক্ষণিকের ভুলই কাজে লাগিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর গোলেই এএস রোমাকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে এক পা দিয়ে রাখল জিনেদিন জিদানের শিষ্যরা। বার্নাব্যুর বাইরে এবং দলের একান্ত প্রয়োজনীয় সময়ে গোল পান না বলে রোনালদোকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। চারটি অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য থাকা রোনালদোর গতকালের গোলটি সেই সমালোচনারই জবাব। রোমার বিপক্ষে রিয়ালের অপর গোলটি এসেছে হেসের পা থেকে।
খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ২০১৪ সালে কার্লো আনচেলত্তির সহযোগী হিসেবে রিয়ালের লা ডেসিমা জয়ের উৎসবে অংশ নিয়েছিলেন। কিন্তু প্রধান কোচ হিসেবে কালই ইউরোপ-সেরার লড়াইয়ে অভিষেক হল জিনেদিন জিদানের। ফরাসি ফুটবল কিংবদন্তি অবশ্য নিজের অভিষেক ম্যাচ জিতে খুব একটা উচ্ছ্বাস দেখাননি। তবে তিনি তৃপ্ত বার্নাব্যুর বাইরে দলের সেরা খেলোয়াড় গোল পাওয়ায়, ‘সবাই রোনালদোর কাছে গোল প্রত্যাশা করেছিল। অবশেষে সে সবার প্রত্যাশা মিটিয়েছে।’
ম্যাচ হারলেও রোমা কিন্তু খুব একটা খারাপ খেলেনি। বরং প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে চাপে রেখে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু দুর্ভাগ্য বলুন কিংবা ফরোয়ার্ডদের ব্যর্থতা, প্রত্যাশিত গোল আর পাওয়া হয়নি ইতালীয় ক্লাবটির। ম্যাচ শেষে রোমা কোচ স্পাল্লেত্তির কণ্ঠে গোল না পাওয়ার আফসোস, ‘ম্যাচে আমরা সবই করলাম, কিন্তু গোলটা পেলাম না।’ কথাটা বলতে বলতে স্পাল্লেত্তির নিশ্চয়ই ২০০৮ সালের কথা মনে পড়ছিল। তাঁর অধীনেই তো সেবার রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালের দুই লেগেই নাকাল করে ছেড়েছিল রোমা। সেদিক দিয়ে গতরাতের জয় যেন রিয়ালের বুক থেকে বড় ধরনের একটা পাষাণ-ভার নেমে যাওয়া, মধুর এক প্রতিশোধও।
খেলার ৫৭ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর বাড়ানো একটি বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে রোমার অধিনায়ক ফ্লোরেন্তজিকে বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে নেন তিনি। গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ৬৬ মিনিটে ম্যাচে ফেরার একটা সুযোগ নষ্ট করে রোমা। মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ রিয়ালের বক্সের মধ্যে শট নিলে তা প্রতিহত করেন কেইলর নাভাস।
খেলার শেষ হওয়ার মিনিটে চারেক আগেই ম্যাচটা শেষ করে দেন হামেস রদ্রিগেজের বদলি হিসেবে মাঠে নামা হেসে। স্প্যানিশ এই স্ট্রাইকার প্রায় একক প্রচেষ্টায় রোমার বক্সে ঢুকে দারুণ এক গোল করে দলের জয় মোটামুটি নিশ্চিত করে দেন। সূত্র: এএফপি।