গোলের নেশায় শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন গোলের নেশায় পেয়ে বসেছে শেখ জামাল ধানমন্ডিকে। দ্বিতীয় পর্বে এ পর্যন্ত হওয়া চারটি ম্যাচে প্রতিপক্ষের জালে গুনে গুনে দিয়েছে ২২ গোল! অথচ প্রথম পর্বে ১০ ম্যাচে সাকল্যে ১৮ গোল করেছে তারা।

ফরাশগঞ্জ, ফেনী সকারের পর কাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ৫-১ গোলে। দুটি করে গোল করেছেন ওয়েডসন আনসেলমে ও এমেকা ডার্লিংটন। অন্যটি করেছেন ইয়ামিন মুন্না।

১৫ গোল করে ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসনকে (১৪টি) টপকে কাল লিগের সর্বোচ্চ গোলদাতার মুকুটটিও মাথায় পরেছেন ওয়েডসন। এমেকার গোল ১১টি।

এই জয়ে শিরোপার পথে অনেকটা এগিয়ে গেল শেখ জামাল। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই তারা। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই মোহামেডান। 

দুই দিনের টানা বৃষ্টিভেজা মাঠেও দাপুটে শেখ জামাল ৯ মিনিটে এগিয়ে যায় মুন্নার গোলে। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডার্লিংটন। ৪১ ও ৫১ মিনিটে পরপর দুটি গোল করেছেন ওয়েডসন। ৮৯ মিনিটে চট্টগ্রাম আবাহনীর সান্ত্বনার গোলটি করেছেন হানিফ। যোগ হওয়া সময়ে আরেকটি গোল ডার্লিংটনের।

যুবলীগ কর্মীর মাস্তানি!

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল রহমতগঞ্জের বিপক্ষে মাত্র ৪৬ সেকেন্ডে গোল করেছিলেন আকিনইয়েলে পিটার। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পাশবন মোল্লা লিগে ফরাশগঞ্জকে প্রথম জয়ের স্বপ্নও দেখাচ্ছিলেন। কিন্তু ৭৮ মিনিটে ২-১ হয়ে যায় ফরাশগঞ্জেরই ডেভিড ব্রাইটের আত্মঘাতী গোলে! যোগ হওয়া সময়ে ফরাশগঞ্জের হৃদয় ভেঙে দেন রহমতগঞ্জের হেলাল। মাত্র কয়েক সেকেন্ডের জন্য জয়বঞ্চিত হয় ফরাশগঞ্জ। ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে, অবনমনের শঙ্কাতেই আছে তারা। ১১ পয়েন্ট নিয়ে আটে রহমতগঞ্জ। 

ম্যাচ শেষে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক এবং ফরাশগঞ্জের ফুটবল সমন্বয়কারী গাজী সারোয়ার হোসেন বাবু মাঠে ঢুকে ম্যাচ কমিশনার ইব্রাহিম নেসারকে হুমকি দেন। এর আগে মাঠে ঢুকতে বাধা দেওয়ায় তিনি নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করেন। এমনকি পুলিশ সদস্যদের গালাগালি করেন! কিন্তু কর্তব্যরত কর্মকর্তার নির্দেশ না পেয়ে পুলিশের কনস্টেবলরা শুধু দর্শকের মতো চেয়ে দেখেছেন ওই ঘটনা। পরে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসে মাঠে অনেক খোঁজাখুঁজি করেও পাননি ওই যুবলীগ নেতাকে। ম্যাচ শেষে এভাবে মাঠের মধ্যে অযাচিতভাবে কর্মকর্তাদের ঢুকে পড়ায় খেলোয়াড়দের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন অনেকে।