নাবিব নেওয়াজ জীবন-০।
রাশেদ তূর্য-০।
জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলা দুই স্ট্রাইকারই ফেডারেশন কাপে গোলহীন। এর আগে স্বাধীনতা কাপে আবাহনী সাত ম্যাচ খেললেও জীবন গোলের খাতা খুলতে পারেননি। তবে তূর্য রহমতগঞ্জের জার্সি গায়ে স্বাধীনতা কাপে একটি গোল করেছেন। দুজনই কখনো একাদশে, কখনো বদলি হিসেবে খেলেন। ফেডারেশন কাপে জীবন পেয়েছেন পাঁচ ম্যাচ, তূর্য তিন।
জাতীয় দলের নতুন কোচ টম সেইন্টফিট তাই সমস্যায়ই পড়তে যাচ্ছেন। তাঁর কপালে এখনই পড়তে শুরু করেছে চিন্তার ভাঁজ। ক্লাব কোচেরা অবশ্য এই ‘সংকট’ থেকে মুক্ত। ঘরোয়া ফুটবলে ক্লাবগুলো বিদেশিদের কাঁধে চড়ে পার পায়, কিন্তু জাতীয় দলে সেই সুযোগ নেই। লাল-সবুজ জার্সি গায়ে ভরসার নাম ঘরের ছেলে জীবন, তূর্যরাই। অথচ ঘরোয়া ফুটবলে বিদেশিদের প্রাধান্যে এই খেলোয়াড়েরা থেকে যান আড়ালে।
সংকট বাড়িয়ে তুলছে বছর দশেক টানা জাতীয় দলে খেলা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকায়। আরেক স্ট্রাইকার শাখাওয়াত রনিরও চোট। এঁরা দুজন না থাকায় অনভিজ্ঞ জীবন-তূর্যদের হাতেই এখন জাতীয় দলের পতাকা।
কিন্তু ঘরোয়া ফুটবলে তাঁরা গোল না পেলে সেটার প্রভাব জাতীয় দলে পড়তে পারে বলেই যত শঙ্কা। ভুটানের সঙ্গে সেপ্টেম্বর-অক্টোবরের অগ্নিপরীক্ষার ম্যাচ দুটিতে ভরসা জোগাবেন কে, সেই প্রশ্নও তাই আসছে। উত্তরটা জানাই আছে শেখ রাসেলের কোচ মারুফুল হকের, ‘রাতারাতি এই খেলোয়াড়দের কাছ থেকে ভরসা আপনি পাবেন না। কারণ, ওদের তো আমরা সেভাবে গড়ে তুলতে পারিনি। তূর্য নিয়মিত সুযোগও পায় না ওর দলে। স্ট্রাইকার তৈরিতে নিচের দিকে কাজ না হলে এ রকমই চলতে থাকবে।’
কিন্তু নিচ থেকে স্ট্রাইকার তুলে আনা সময়সাপেক্ষ ব্যাপার। যা আছে তা নিয়েই তাই চলতে হবে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে তূর্যর খেলায় সম্ভাবনার বীজ দেখেছেন বিদায়ী কোচ লোডভিক ডি ক্রুইফ। ঢাকায় তাজিকিস্তানের সঙ্গে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে তাঁর অভিষেকও হয়েছে। মূলত তূর্যর শারীরিক সক্ষমতাই প্রভাবিত করেছে ডি ক্রুইফকে। তবে জাতীয় দলে নির্ভরতা দেওয়ার মতো পারফরম্যান্স ফেডারেশন কাপে দেখাতে পারেননি লাল-সবুজের এই নবাগত স্ট্রাইকার। রহমতগঞ্জের কোচ কামাল বাবু অবশ্য এখনই হতাশ হচ্ছেন না, ‘ওকে সময় দিতে হবে। আস্তে আস্তে হয়তো পরিণত হয়ে উঠবে।’
উইঙ্গারদের মধ্যে আবাহনীর জুয়েল রানা ফেডারেশন কাপে একটি গোল করলেও তাঁর মধ্যে পরিপক্বতার অভাব দেখছেন অনেকেই। ফাঁকা পোস্টেও বাইরে মারেন প্রায়ই। অনেক ভুল পাস দেন। একই দলের উইঙ্গার ফয়সাল মাহমুদ পরিশ্রম করছেন, তবে তাঁর ক্যারিয়ার এখন শেষের দিকে। আরেক উইঙ্গার জাহিদ বাবার অসুস্থতায় ফেডারেশন কাপে মাঠেই নামেননি।
জাতীয় দলের বেশির ভাগ ফুটবলারের ফিটনেস ও পারফরম্যান্স চরম হতাশাজনক। মামুনুলসহ একঝাঁক তারকার দল চট্টগ্রাম আবাহনী তো ফেডারেশন কাপের গ্রুপ থেকেই বিদায় নিয়েছে। কয়েক বছর ধরে জাতীয় দলে বেশির ভাগ খেলোয়াড় খেলে আসছেন শুধু নামের ভারে। কোচ ডি ক্রুইফ ঢাকায় থাকতেন না। স্থানীয় কোচদের কথা শুনেই খেলোয়াড় নিতেন দলে। তবে নতুন কোচ সেইন্টফিট নাম নয়, পারফরম্যান্স দেখেই দল গড়ার কথা বলছেন। সেদিক দিয়ে শেখ রাসেলের নবীন স্ট্রাইকার রুম্মান নজর কাড়তে পারেন।
পরশু শেষ হওয়া ২৭তম ফেডারেশন কাপে মোট ৪৬টি গোলের অর্ধেকেরও কম স্থানীয়দের (১৯টি)। স্থানীয় খেলোয়াড়দের তালিকায় টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি গোল আছে বিজেএমসির জার্সিতে খেলা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মেহেদি হাসান তপুর। স্থানীয় আর কারও দুটি গোলও নেই। কয়েক বছর ধরে চলে আসা ঘরের ছেলেদের গোল-খরার ধারাটা তাই চলছেই।