যে সময়ে হওয়ার কথা, করোনা সেই সময়ে ইউরো হতে দেয়নি। এক বছর পিছিয়ে যখন শেষ পর্যন্ত হতে যাচ্ছে, করোনা তখনো বিদায় নেয়নি পৃথিবী থেকে। তাতে কী! করোনার ভয়ে তো সব বন্ধ করে বসে থাকলে চলবে না। ১১ জুন থেকে তাই মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলে জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদার আসর। তবে আনুষ্ঠানিক নামটা থাকছে আগের মতোই—ইউরো ২০২০। আরও একবার ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার আগে স্মৃতির ভেলা ভাসিয়ে ফিরে দেখা যাক আগের আসরগুলো।
সেরা খেলোয়াড় ছাড়াই সেরা দল
সুইডেনে যেদিন ১৯৯২ ইউরোর চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে, এর সপ্তাহখানেক আগে উয়েফার কাছ থেকে ড্যানিশ ফুটবল ফেডারেশনে একটা চিঠি গেল। সেই চিঠির সারমর্ম হচ্ছে, ‘ইউরোতে খেলার জন্য আপনাদের দল গঠন করে ঘোষণা করে দেওয়ার অনুরোধ করছি।’
কিছুটা বিস্মিত হয়েছিল ডেনমার্ক। কারণ, ওরা বাদ পড়ে গিয়েছিল বাছাইপর্ব থেকেই। তখনো সাত গ্রুপের সাত চ্যাম্পিয়ন দল বাছাইপর্ব থেকে সুযোগ পায় চূড়ান্ত পর্বে। সঙ্গে থাকে স্বাগতিক দল। ৪ নম্বর গ্রুপ থেকে সেরা হয়ে সেবার চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল যুগোস্লাভিয়া।
কিন্তু বাছাই শেষ করে ইউরোর মূল পর্ব শুরুর আগেই গৃহযুদ্ধে ভেঙে যায় যুগোস্লাভিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপিত হয় যুগোস্লাভিয়ার ওপর। ফলে ফিফা ও উয়েফাও সব টুর্নামেন্টে নিষিদ্ধ করে যুগোস্লাভিয়াকে।
উয়েফার নিয়মানুযায়ী, বাছাইপর্বে গ্রুপের সেরা দল কোনো কারণে মূল পর্বে খেলতে না পারলে সুযোগ পাওয়ার কথা গ্রুপে দ্বিতীয় হওয়া দলের। যুগোস্লাভিয়ার গ্রুপে দ্বিতীয় হয়েছিল ডেনমার্ক। সে কারণেই টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে উয়েফার কাছ থেকে ওই চিঠি পাঠানো হয় ডেনমার্ক ফুটবল ফেডারেশনকে।
দর্শক হিসেবে যারা ইউরো দেখার প্রস্তুতি নিয়েছিল, তারাই ব্যাগ গুছিয়ে রওনা দিল প্রতিবেশী দেশ সুইডেনে। কে জানত, এর এক মাস পর ইউরোর ইতিহাসে অসাধারণ এক রূপকথার গল্প লিখে দেশে ফিরবে ড্যানিশরা।
ওই ইউরো জয়ে ডেনমার্কের অন্যতম নায়ক কিম ভিলফোর্ট পরে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের দলটা মূল পর্বে খেলার জন্য মানসিকভাবে তৈরি ছিল না। তারপরও উয়েফার সেই চিঠিতে আমরা ‘‘না’’ বলতে পারিনি। কারণ, তাহলে উয়েফার সঙ্গে ডেনমার্ক ফুটবল ফেডারেশনের সম্পর্ক খারাপ হয়ে যেত।’
যে দলটা একেবারেই তৈরি ছিল না, এত বড় টুর্নামেন্টে খেলতে তারাই পরে কী করে চ্যাম্পিয়ন হয়ে গেল? ভিলফোর্টের কথা, ‘আমরা নিজেদের উজাড় করে খেলেছি। কারণ, আমাদের কাছে কারও কোনো প্রত্যাশা ছিল না। আমরা যদি সব ম্যাচে ৫-০ গোলেও হারতাম, তাহলেও কেউ কিছু বলত না। প্রত্যাশার কোনো চাপ না থাকায় আমরা খুবই স্বচ্ছন্দে খেলেছি।’
ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ডেনমার্কের পথচলা শুরু মূল পর্বে। গ্যারি লিনেকার-অ্যালান শিয়ারার-মার্ক রাইটদের সেই দলের বিপক্ষে ড্র করাটাই ছিল ডেনমার্কের জন্য দারুণ ফল। কে জানত, এর চেয়েও বড় চমক নিয়ে অপেক্ষা করছে ড্যানিশরা।
পরের ম্যাচে স্বাগতিক সুইডেনের কাছে ১-০ গোলে হারলেও ড্যানিশরা গ্রুপের শেষ ম্যাচে অবিশ্বাস্যভাবে ২-১ গোলে জিতে গেল ক্যান্টোনা-পাপাঁ-দেশমের ফ্রান্সের বিপক্ষে।
গ্রুপে দ্বিতীয় হওয়ায় সেমিফাইনালে ডেনমার্কের খেলা পড়ল ইউরোপের তখনকার চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিপক্ষে। ২-২ সমতার ম্যাচ গড়াল টাইব্রেকারে। আগের ইউরোতে যিনি সেরা খেলোয়াড় হয়েছিলেন, সেই ডাচ তারকা মার্কো ফন বাস্তেনের পেনাল্টি শট ফিরিয়ে দিলেন পিটার স্মাইকেল। ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে উঠে গেল ড্যানিশরা। এবার প্রতিপক্ষ তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
সুইডেনের গোথেনবার্গের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের পিটার স্মাইকেল আরও একবার দেয়াল হয়ে দাঁড়ালেন জার্মান আক্রমণভাগের সামনে। প্রতি আক্রমণে জার্মানিকে অস্থির করে ফেলল ড্যানিশরা। ১৮ মিনিটে জন ইয়েনসেনের গোলের পর ৭৮ মিনিটে কিম ভিলফোর্টের গোল নিশ্চিত করে দিল ড্যানিশদের ২-০ ব্যবধানের জয়।
ইতিহাসে প্রথমবারের মতো কোনো বড় আসরের ট্রফি জিতল ডেনমার্ক, সেটাও দারুণ রোমাঞ্চকর ফুটবল খেলে।
কিম ভিলফোর্ট পরে বলেছিলেন, ‘আমাদের দলে সেরা খেলোয়াড় ছিল না। কিন্তু দল হিসেবে আমরাই সেরা ছিলাম।’
একনজরে ইউরো ১৯৯২
স্বাগতিক: সুইডেন
ফাইনালের ভেন্যু: গোথেনবার্গ
চ্যাম্পিয়ন: ডেনমার্ক
রানার্সআপ: জার্মানি
সর্বোচ্চ গোলদাতা: ৩ গোল—হেনরিক লারসেন (ডেনমার্ক), ড্যানিশ বার্গক্যাম্প (নেদারল্যান্ডস), কার্ল-হেইঞ্জ রিডল (জার্মানি), টমাস ব্রলিন (সুইডেন)।
মূল পর্বে দুই গ্রুপে ছিল চারটি করে দল। সুইডেন ও ডেনমার্ক সেমিফাইনালে সুযোগ পেয়েছিল ফ্রান্স ও ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে। অন্য গ্রুপ থেকে অবশ্য নেদারল্যান্ডস ও জার্মানিই ফেবারিট হিসেবে শেষ জায়গা করে নেয়। বাদ পরে স্কটল্যান্ড ও সিআইএস।
আরও যত গল্প
যৌথ প্রচেষ্টা
বাছাইপর্ব সোভিয়েত ইউনিয়ন নামে খেললেও মূল পর্বে ওই টুর্নামেন্টে দলটা খেলেছিল কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেট (সিআইএস) নামে। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, মলদোভা ও তাজিকিস্তানের খেলোয়াড় ছিলেন সিআইএস দলে। সিআইএসের সদস্য হলেও খেলোয়াড় দেয়নি এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। আবার জর্জিয়া সিআইএসের সদস্য না হলেও জর্জিয়ান খেলোয়াড় কাখবার তাসখাদাজে খেলেছিলেন সিআইএস দলে।
কন্যার মৃত্যুশোক
সেমিফাইনাল ও ফাইনালে ডেনমার্কের জয়ের নায়ক কিম ভিলফোর্টের ৭ বছরের কন্যা লিনে ভিলফোর্ট তখন লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। টুর্নামেন্টের মধ্যেই দুবার ভিলফোর্ট দেশে ফিরে গিয়েছিলেন কন্যার পাশে থাকতে। এ কারণে গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলা হয়নি তাঁর। দুবারই ভিলফোর্টের পরিবার তাঁকে ফেরত পাঠিয়েছিল দেশের হয়ে খেলতে। কন্যার জন্য ইউরোর ট্রফি নিয়েই বাড়ি ফিরেছিলেন ভিলফোর্ট। কিন্তু বাঁচাতে পারেননি ৭ বছরের লিনেকে। ইউরো জয়ের কয়েক দিন পরই মারা যায় লিনে।