সানডে, লি টাকদের জন্য মধুর বিড়ম্বনা! ম্যাচ শেষে একটুখানি হাঁটতেই পথ আগলেছে ‘সেলফি-শিকারি’র দল। ড্রেসিংরুমে পৌঁছাতে আবাহনীর দুই স্ট্রাইকারকে নিতে হলো পুলিশি প্রহরা। থাইল্যান্ডের লিগে খেলার সময় এমন বিড়ম্বনা নিত্যই সইতে হতো লি টাককে। কিন্তু কয়েক মৌসুম ধরে বাংলাদেশে খেলা সানডের জন্য এ অভিজ্ঞতা নতুন।
ঘরোয়া ফুটবলে নাকি দর্শকের হাহাকার! গ্যালারি উন্মুক্ত করে, দর্শকের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেও কাজ হয় না! কিন্তু ঘরোয়া ফুটবলে দর্শকদের নতুন বিজ্ঞাপন হয়েই দেখা মিলল গোপালগঞ্জ। সপ্তাহজুড়েই মাঠে স্বতঃস্ফূর্তভাবে দর্শক এসেছে। কাল শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে তা রূপ নিল বাঁধভাঙা জোয়ারে। পাঁচ হাজার দর্শক ধারণক্ষম মাঠের দুই পাশের গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। মাঠের চারপাশের লোহার ফেঞ্চ ঘেঁষেই দাঁড়িয়ে অন্তত হাজার পাঁচেক দর্শক। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব আবাহনী-মোহামেডানের দ্বৈরথ দর্শকদের টেনে এনেছে মাঠে। কারও হাতে ভুভুজেলা। কারও হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা—‘উই আর ঢাকা আবাহনিয়ানস’, ‘গোপালগঞ্জকে আবাহনীর হোম ভেন্যু দেখতে চাই’। ভুভুজেলা আর বাঁশির শব্দে কান পাতা দায়। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহে প্রিমিয়ার লিগের ম্যাচ হলেও দর্শকদের এমন সাড়া দেখা গেল শুধু গোপালগঞ্জেই। যাতে যথেষ্ট অবদান ছিল স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের।
বঙ্গবন্ধুতনয় শেখ কামালের হাতে গড়া ক্লাব আবাহনীর খেলা দেখতেই দর্শকদের এমন উৎসাহ। তা দিন শেষে মোটেও হতাশ হয়ে ফেরেনি গোপালগঞ্জবাসী। মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের এক আনন্দ-সন্ধ্যা উপহার দিয়েছে আবাহনী। পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন আবাহনীর ইংলিশ স্ট্রাইকার লি টাক। অন্য গোলটি সানডে সিজোবার। ১৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এই নাইজেরিয়ানই। মোহামেডানের সান্ত্বনার গোলটি করেছেন পউমি লন্ড্রি।
প্রথম পর্বে মোহামেডানকে ৩-০ গোলে হারিয়েছিল আবাহনী। গতকালের জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগোল আরেক ধাপ। দুইয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে তারা। ১৭ পয়েন্ট নিয়ে দশে মোহামেডান।
শক্তিতে এই মোহামেডানের চেয়ে যোজন যোজন এগিয়ে লিগের চারবারের চ্যাম্পিয়নরা। তারপরও আবাহনীকে ৪৮ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় আটকে রাখে মোহামেডান। প্রতিপক্ষের দুই অস্ত্র লি টাক ও সানডেকে প্রথমার্ধে যেন বোতলবন্দী করে রাখার চেষ্টা ছিল দলটির। কিন্তু জুয়েল রানাকে সেভাবে আটকাতে পারেনি। ৪৯ মিনিটে বক্সের মধ্যে ঢুকে পড়া জুয়েলকে জড়িয়ে ধরেন মোহামেডানের গোলরক্ষক নেহাল। পেনাল্টি থেকে লি টাকের গোলে ১-০ তে এগিয়ে যায় আবাহনী।
৭৯ মিনিটে ওয়াহেদের বাড়িয়ে দেওয়া বলে শূন্য ডিগ্রি থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন সানডে। যোগ হওয়া সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে গোল করেন মোহামেডানের লন্ড্রি। এই ম্যাচ দিয়েই শেষ হলো প্রিমিয়ার ফুটবলের গোপালগঞ্জ পর্ব।