আফগানিস্তানের বিপক্ষে আজ গোল করবেন কে?
গোল করবেন কে? সাম্প্রতিক সময়ে জাতীয় ফুটবল দল মাঠে নামার আগে অবধারিতভাবেই আসে প্রশ্নটি। উত্তরটাও জানা, গোল করার মতো ফরোয়ার্ডের যে বড় অভাব বাংলাদেশ দলে! দোহায় আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগেও বড় হয়ে উঠেছে এ প্রশ্নই।
নাবিব নেওয়াজ, সাদ উদ্দিন ও মাহবুবুর রহমান—আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের পায়ে গোলের সুরভি না থাকলেও বাংলাদেশের আক্রমণভাগে তাঁদের অনুপস্থিতি দুশ্চিন্তারই। বাছাইপর্বে বাংলাদেশের দুটি গোলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি সাদের। চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েছেন কলকাতায় ভারতের বিপক্ষে গোল করা এই ফরোয়ার্ড। আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলা নাবিব তো চোটের কারণে ছিটকে গেছেন আগেই। নাবিবের বিকল্প হিসেবে ভাবা যেতে পারত মাহবুবুরকে। করোনায় আক্রান্ত হওয়ায় দোহায় দলের সঙ্গে যেতে পারেননি তিনিও। দলের সঙ্গে থাকা ফরোয়ার্ডদের মধ্যেও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম আজ খেলার মতো ফিট নন। করোনা থেকে সুস্থ হয়ে কাল কেবলই দ্বিতীয় সেশন অনুশীলন করেছেন তিনি।
বাধ্য হয়েই তাই তরুণ ও অনভিজ্ঞ ফরোয়ার্ডদের ওপর ভরসা রাখতে হচ্ছে কোচ জেমি ডেকে। দল সূত্রে জানা গেছে, আফগানিস্তানের তিন মিডফিল্ডার দলটির মেরুদণ্ড হওয়ায় মাঝমাঠে শক্তি বাড়াতে প্রথম পর্বের মতো ৪-২-৩-১ ছকে দল সাজানোর পরিকল্পনা বাংলাদেশ কোচের। দুশানবেতে প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে হারা ম্যাচেও এই ছকেই খেলেছিল বাংলাদেশ। আজ ‘নাম্বার নাইন’ হিসেবে যিনি প্রথম পছন্দ, সেই মতিন মিয়ার নেই চলতি প্রিমিয়ার লিগে কোনো গোল। প্রিমিয়ার লিগে পাঁচ গোল করা সুমন রেজার কথাও অবশ্য ভাবা হচ্ছে। ডান প্রান্তে থাকবেন বিপলু আহমেদ ও বাঁ প্রান্তে লিগে স্থানীয়দের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ৬ গোল করা রাকিব হোসেন।
জাতীয় দলের হয়ে এই চারজনের মোট ম্যাচ ৪২টি। সর্বোচ্চ ২২ ম্যাচ খেলে ৩ গোল উইঙ্গার বিপলুর। বাছাইপর্বে ওমানের বিপক্ষে গোল আছে তাঁর। ৮ ম্যাচ খেলে মতিনের গোল ২টি। ৬টি করে ম্যাচ খেলে এখনো গোলের খাতা খুলতে পারেননি সুমন ও রাকিব। দলের সঙ্গে থাকা অন্য দুই ফরোয়ার্ডের মধ্যে মোহাম্মদ জুয়েলের এখনো জাতীয় দলে অভিষেকই হয়নি। মেহেদী হাসান গত মার্চে নেপালে তিন জাতি টুর্নামেন্টে অভিষেক ম্যাচ খেললেও তিন ম্যাচে গোল পাননি।
কাল মুঠোফোনে বলা জেমি ডের কথায় তাই ফুটে উঠল বাস্তবতা, ‘গুরুত্বপূর্ণ চার খেলোয়াড়কে হারানোটা আমাদের জন্য বড় ধাক্কা। তবু নিজেদের সেরাটা দিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমাদের আক্রমণভাগটা তরুণ। তাদের অভিজ্ঞতাও কম, তবে তারা উদ্যমী।’ এই আক্রমণভাগের কাছ থেকে গোল পাবেন কি না, সে ব্যাপারে অনিশ্চিত জেমিও। তবে তাঁর আশা, ‘তারা নিজেদের সেরাটা দেবে, এটা বলতে পারি।’