গোল করানোতেও মেসি সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগায় ৫০০তম গোলের সঙ্গে সরাসরি যুক্ত হলো মেসির নাম। ছবি: রয়টার্স
লা লিগায় ৫০০তম গোলের সঙ্গে সরাসরি যুক্ত হলো মেসির নাম। ছবি: রয়টার্স

লিওনেল মেসি মানেই তো গোলের নিশ্চয়তা। গত এক দশকে ফুটবল তো এটাই দেখে আসছে। কিন্তু মেসি শুধু গোল করেই নিজের দায়িত্ব সারেন না। সঙ্গীদের দিয়ে গোল করিয়েও তৃপ্তি খুঁজে নেন বার্সা ফরোয়ার্ড। গত চার মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি অ্যাসিস্টের পরিসংখ্যান সেটাই বলছে। 

মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মেসি। অন্য ফরোয়ার্ডদের নিষ্প্রভ পারফরম্যান্সের পরও বার্সেলোনার লিগ শীর্ষে আছে মেসির সুবাদেই। লা লিগায় প্রথম ৭ ম্যাচেই ১১ গোল করে ফেলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগে টানা দুই ম্যাচে গোল না পেলেও কাল ঠিকই আন্দ্রেস ইনিয়েস্তাকে দিয়ে গোল করিয়েছেন মেসি।
২০১৪-১৫ মৌসুম থেকে গতকাল পর্যন্ত বার্সা সতীর্থদের দিয়ে ৭০ গোল করিয়েছেন মেসি। এত দিন গোল করানোতে তাঁর সঙ্গে পাল্লা দিচ্ছিলেন কেভিন ডি ব্রুইন। ম্যানচেস্টার সিটি ও ভলফ্‌সবুর্গের হয়ে গত চার মৌসুমে সতীর্থদের ৬৯টি গোলে সহায়তা করেছেন বেলজিয়ান মিডফিল্ডার। গতকাল মালাগার বিপক্ষে তাঁকে ছাড়িয়ে গেছেন মেসি।
ম্যাচের ৫৬ মিনিটে ডি বক্সের সামনে থেকে এক ক্রসে বল পাঠান ফাঁকায় দাঁড়ানো ইনিয়েস্তাকে। মৌসুমে নিজের প্রথম গোল করতে কোনো ভুল করেননি ইনিয়েস্তা। এতেই কাল রাতে ৬৯তম অ্যাসিস্ট করা ডি ব্রুইনকে টপকে গেলেন মেসি। কাল আরও দুটি অসাধারণ থ্রু বল বানিয়ে দিয়েছিলেন। জাদুকরী থ্রু বল দুটি কাজে লাগাতে পারেননি সতীর্থরা।
তবে যে একটা অ্যাসিস্ট কাজে লেগেছে, তা দিয়েই আরেকটি কীর্তি হয়ে গেল মেসির। লা লিগায় এ নিয়ে ৫০০ গোলের সঙ্গে যুক্ত হলো বার্সার সর্বকালের সেরা গোলদাতার নাম। ৩৯১ লিগ ম্যাচে ৩৬০টি গোলের সঙ্গে ১৪০টি গোলও করিয়েছেন মেসি। এর মধ্যে তাঁর সেরা সময় ছিল ২০১১-১২ মৌসুম। সেবার লিগে ৫০ গোলের পাশাপাশি ১৬টি গোলও করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। আর গোল করানোতে মেসির সেরা রূপ দেখা গেছে ২০১৪-১৫ মৌসুমে। ট্রেবল জেতানোর পথে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি গোলে সহায়তা ছিল মেসির।