গোল করার লোকই তো নেই

গোল দেখতেই মাঠে আসেন দর্শকেরা। কিন্তু বাংলাদেশের ফুটবলে গোল যেন সোনার হরিণ! বাংলাদেশের স্ট্রাইকার পরিচয় যাঁদের, অনেকে ফাঁকা পোস্টেও হাস্যকর শট নেন। জাতীয় দল ভুগছে গোলের তীব্র রক্তস্বল্পতায়। গোল করার লোকের এতটাই অভাব, কিছুদিন আগে আফ্রিকান ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে গোলখরা কাটাতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন!
রুবেল মিয়া কিংবা সাদউদ্দিনের মতো খেলোয়াড়দের পা থেকে কিছু নজরকাড়া গোল এলেও ধারাবাহিকতার অভাব। শেখ মোহাম্মদ আসলাম কিংবা ইমতিয়াজ আহমেদ নকীবের মতো টানা গোল করে যাওয়ার মতো স্ট্রাইকার হন্যে হয়ে খুঁজছে বাংলাদেশের ফুটবলে।
আবাহনী লিমিটেড, ঢাকা: ২২/৩০ |
চ্যাম্পিয়নদের দলে আছেন নাবিব নেওয়াজ জীবন ও সাদউদ্দিন। দুজনেই গোল করতে পারেন। নতুন মৌসুমে শেখ জামাল থেকে দলে নেওয়া হয়েছে নাইজেরিয়ান এমেকা ডার্লিংটনকে। ‘নাম্বার নাইন’ এমেকাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। গত মৌসুমে জামালের জার্সিতে লিগে ৯ গোল করেছিলেন। আর চলতি লিগের প্রথম ম্যাচেই সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জোড়া গোল করে খাতা খুলেছেন তিনি। ৩০-এ ২২ পাচ্ছে আবাহনী। |
মোহামেডান স্পোর্টিং লিমিটেড: ২০/৩০ |
মোহামেডানে আছেন জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, তকলিচ আহমেদ। তারকাখ্যাতি আছে সবারই। কিন্তু সত্য কথাটা হলো, এঁরা সবাই এখন পড়তি ফর্মওয়ালাদের তালিকায়। তবে আশার কথা হলো মোহামেডানে এবার স্ট্রাইকার নাইজেরিয়ান এনকোচা কিংসলে আছেন। শেষ লিগে ১৪ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ব্রাদার্স থেকেই মোহামেডানে নাম লেখানো কিংসলের ওপরই ভরসা সাদা-কালো সমর্থকদের। কিংসলের কারণেই মোহামেডান পাচ্ছে ২০। |

আরও পড়ুন: কার হৃৎপিণ্ডে কত জোর?
চট্টগ্রাম আবাহনী: ২০/৩০ |
সাখাওয়াত রনি, তৌহিদুল আলম সবুজ ও চমরিন রাখাইন। ‘পরীক্ষিত’ দেশের এই তিন স্ট্রাইকারই। এ ছাড়া আছেন নাইজেরিয়ান ওলাদিপো। প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করার মতোই আক্রমণভাগ। কিন্তু সমস্যাটা হলো বর্তমানে ৬ ম্যাচ নিষিদ্ধ আছেন ওলাদিপো। কোচ সাইফুল বারী টিটুর জন্য যা বিরাট সমস্যা। তবুও চট্টলার আক্রমণভাগ পাচ্ছে ২০ নম্বর। |
শেখ জামাল ধানমন্ডি: ১৮/৩০ |
বাংলাদেশের ফুটবলে নতুন নাম মোমুদু ও রাফায়েল। গাম্বিয়া ও নাইজেরিয়ার এই স্ট্রাইকিং যুগলের ওপর ভর করেই লিগে সুন্দর সূচনা করেছে শেখ জামাল। মোমুদু তো প্রতিপক্ষের রক্ষণকে নাচিয়ে ছাড়ছেন। এ ছাড়া রহমতগঞ্জ থেকে ভেড়ানো হয়েছে শেষ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ সোহেল ও আফসারকে। ফিলিস্তিনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব ২৩ বাছাইপর্বের তিন ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি এসেছে এই সোহেলের পা থেকে। এই আক্রমণভাগ নিয়ে বাজি ধরা যায়, তবে হিসেবি ক্যালকুলেটর ৩০-এ দিচ্ছে ১৮ নম্বর। |
আরও পড়ুন: রক্ষণে জিপিএ ৫ পাচ্ছে কারা?