গোল করার সবচেয়ে খারাপ জুটি রোনালদো-বেনজেমা!

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সেরা আক্রমণ-জুটি কোনটি? এই প্রশ্নের উত্তরে মেসি-সুয়ারেজ, আগুয়েরো-জেসুস, রোনালদো-বেনজেমা কিংবা লেভানডোফস্কি-মুলারের নামই উঠে আসবে। ইউরোপের নামকরা এসব আক্রমণ-জুটির প্রতিটিই দুর্দান্ত। তবে এই পরিসংখ্যান যা বলছে, তা দেখে যে কেউ চোখ কপালে তুলতে বাধ্য! রিয়ালের ইতিহাসে তো বটেই, এই মৌসুমে ইউরোপের লিগগুলোর মধ্যে সবচেয়ে বাজে আক্রমণ জুটি ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার।
ইতালিয়ান সিরি ‘আ’র তলানিতে থাকা দল বেনেভেন্তোর আক্রমণ জুটিটিই সবচেয়ে খারাপ। এদের ঠিক পরেই আছেন রোনালদো-বেনজেমা। সবচেয়ে খারাপ বলাটা হয়তো ঠিক হলো না। কিন্তু পাঁচবার বর্ষসেরা খেতাব জেতা ফুটবলারকে নিয়ে গড়া এই জুটি ৯৮টি ক্লাবের মধ্যে ৯৭তম হলে সেটাকে ‘সবচেয়ে খারাপ’ বলার চেয়ে ‘সবচেয়ে লজ্জাজনক’ বললেই বোধ হয় ঠিক হয়।
স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি ‘আ’ আর ফ্রান্সের লিগ ওয়ান—এই পাঁচটি লিগের মোট ৯৮টি ক্লাবের গোল করার জুটি নিয়ে এই হিসাব। লিগে একেকটি দলের কমবেশি ১২টি করে খেলা শেষে রোনালদো-বেনজেমা জুটির গোলের সংখ্যা মাত্র দুই! দুটি গোলই আবার এসেছে একই ম্যাচে, গেটাফের বিপক্ষে। এই সময়ে মেসি-সুয়ারেজ জুটির গোল ১৭টি। ইউরোপজুড়ে সর্বোচ্চ ২২ গোল করেছেন পিএসজির নেইমার-কাভানি জুটি। এই মৌসুমেই রিয়াল ছেড়ে চেলসিতে যাওয়া আলভারো মোরাতাও ৮ গোল করেছেন। এমনকি বার্সা মিডফিল্ডার পাউলিনহো (৪) কিংবা চেলসি ডিফেন্ডার মার্কাস অলনসোর (৩) গোলসংখ্যাও এই জুটির চেয়ে বেশি।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে প্রথম ১২ ম্যাচ শেষে কখনো কোনো আক্রমণ-জুটির গোলসংখ্যা ২-এ আটকে থাকেনি। মজার ব্যাপার হলো সমানসংখ্যক ম্যাচে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও এই দুজনেরই। ২০১৪-১৫ মৌসুমে প্রথম ১২ ম্যাচ শেষে ২৭ গোল করেছিলেন এই দুজন। বাজে পারফরম্যান্সের এই মৌসুমের মতোই খরা চলেছিল ১৯৪২-৪৩ ও ১৯৮৪-৮৫ মৌসুমে। রিয়ালের আক্রমণ জুটি সেবার গোল করেছিল ৩টি। রোনালদো-বেনজেমার অবস্থা সে সময়ের চেয়েও খারাপ।
গত মৌসুমে এই সময়টায় এই জুটি ১২ গোল করে ফেলেছিলেন। সর্বমোট ৩৪ গোল করেছিল রিয়াল, এই মৌসুমে সেটি নেমে এসেছে ২২ গোলে। রোনালদো অবশ্য চ্যাম্পিয়নস লিগে ফর্মে আছেন। ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ অধিনায়কই। এই ফর্মটাই লিগে ধরে রাখলে জিদানের উদ্বেগ-উৎকণ্ঠা কিছুটা হলেও কমত। সূত্র : মার্কা।