গোল করেছিলেন হোলস, ক্ষমা চেয়েছিলেন তাঁর আত্মীয়স্বজন

নেদারল্যান্ডসের বিপক্ষে গোলের পর টমাস হোলস।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিলের কথা। ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। নির্ধারিত সময় পর্যন্তও ১–০ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। যোগ করা সময়ে গোল করে স্লাভিয়া প্রাহাকে সমতায় ফেরান টমাস হোলস। তখন তাঁকে কেউ সেভাবে চিনত?

ফুটবলের পাঁড় ভক্ত না হলে না চেনাই স্বাভাবিক। কিন্তু এখন? কাল রাতে নেদারল্যান্ডস–চেক প্রজাতন্ত্র ম্যাচ শেষে?

নিজে একটি গোল করে এবং অন্যটি এক সতীর্থকে দিয়ে করিয়ে স্লাভিয়া প্রাহা ফরোয়ার্ড এখন ডাচদের ‘চেকমেট’ করার নায়ক।

কিন্তু সেই এপ্রিলে হোলসের সমতাসূচক গোলটির পর বড় বিপদে পড়েছিলেন তাঁর আত্মীয়স্বজন। অমন এক মুহূর্তে গোল করলে কে শান্ত থাকবে!

হই–হুল্লোড় করে এলাকা গরম করে তুলেছিলেন। পরে ক্ষমাও চান তাঁরা। প্রতিবেশীদের দরজায় গিয়ে হোলসের ভাই জিরি হোলস ক্ষমাপ্রার্থনাসূচক বার্তা রেখে আসেন, ‘রাত ১১টা নাগাদ কোলাহল করায় আমরা ক্ষমা চাচ্ছি। কারণটা ব্যাখ্যার খাতিরে জানাচ্ছি, আমার ভাই ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে ৯০ মিনিটে (যোগ করা সময়ে) গোল করেছে।’

গোলের পর সতীর্থের সঙ্গে উদযাপন হোলসের।
ছবি: এএফপি

সেই ঘটনা মনে রেখেছিলেন কাল নেদারল্যান্ডস–চেক প্রজাতন্ত্র ম্যাচের ধারাভাষ্যকার। শেষ ষোলোয় তিনি চেকদের এগিয়ে দেওয়ার পর টিভি ধারাভাষ্যকার বলছিলেন, ‘তাঁর পরিবার যে কী করছে কে জানে!’ ডাচদের ২–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।

প্যাট্রিক শিকের করা দ্বিতীয় গোলটিরও উৎস ছিলেন হোলস। গোটা ম্যাচে তাঁর খেলাকে এক বাক্যে বর্ণনা করেছেন চেকদের সাবেক ফরোয়ার্ড গুন্টার বিটিনগেল।

দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘তাঁর খেলা দেখে মনে হয়েছে রেলগাড়ির ছুটে যাওয়া কামরা।’ চেক প্রজাতন্ত্রের রাদেক ক্রালাভ শহরে বেড়ে উঠেছেন হোলস। সেখান থেকে নাম লেখান জাবলোনেক ক্লাবে। ২০১৯ সালে এই রাইটব্যাককে দলে টানে প্রাহা।

স্লাভিয়া কোচ জিন্দরিচ ট্রিপিস্কভস্কি জার্মানির সাবেক অধিনায়ক ফিলিপ লামের পথ অনুসরণ করে তাঁকে রাইটব্যাক থেকে ডিফেন্সিভ মিডফিল্ডারে পরিণত করেন, ‘আমি তাকে বলেছিলাম, চিন্তা কোরো না। ফিলিপ লাম ২৮ বছর বয়সে পজিশন পাল্টে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হতে পারলে তুমি কেন পারবে না?’

স্লাভিয়ায় শুরুতে দলে সেভাবে সুযোগ না পেলেও ইউরোপা লিগের সেই কোয়ার্টার ফাইনালে নিজের জাত চেনান হোলস। আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে হেরে স্লাভিয়া বিদায় নিলেও পরে ধীরে ধীরে নিজেকে চেকদের মাঝমাঠে প্রতিষ্ঠিত করেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করছেন হোলস।
ছবি: এএফপি

হোলসের পরিবার গিটারপ্রেমী। শান্তশিষ্ট এই খেলোয়াড়ের ভূয়সী প্রশংসা করলেন তাঁর সাবেক ক্লাব জাবলোনেকের কোচ পিওতর রাদা, ‘তার মধ্যে দেখনদারি নেই। দামি গাড়ি কিংবা বিলাসী পোশাকের প্রতিও ঝোঁক নেই। কিন্তু কী করতে চায় সেটা জানে।’

হোলস নিশ্চিতভাবেই, চেকদের সেমিফাইনালে তুলতে চান।