গোল খাওয়ার কাঁচা নাটক করে নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার হতে গেলে ফুটবলের পাশাপাশি একটু-আধটু অভিনয় দক্ষতাও নাকি থাকতে হয়। অভিনয়ের মাধ্যমে রেফারির চোখে ধুলো দিয়ে যদি একটু সুবিধা আদায় করা যায়, তবে তা-ই সই! কিন্তু সেখানে গোলমালও আছে, অভিনয়টা কাঁচা হয়ে গেলে যে উল্টো ধরাও খেতে হয়। এই যেমন কাঁচা নাটক করে ধরা খেলেন উত্তর কোরিয়ার অনূর্ধ্ব-১৬ দলের গোলকিপার জ্যাং পেক-হো। 

তা কী করেছেন জ্যাং? ইচ্ছে করে খেয়েছেন গোল। এবং তা করতে গিয়ে এমন কাঁচা নাটক করেছেন, এখন উল্টো নিজে তো এএফসির কাছ থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেনই, উত্তর কোরিয়ার কোচও হয়েছেন নিষিদ্ধ।
ঘটনাটা ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর, এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তান ম্যাচে। উজবেক গোলকিপারের হাতে ছিল বল, সেটিকে লম্বা কিক করে পাঠিয়ে দেন উত্তর কোরিয়ার বক্সের একটু সামনে। কোরিয়ান রক্ষণ-রেখা পার হয়ে বলটা পড়তে যাচ্ছিল উত্তর কোরিয়ার বক্সের সামনে, যেখানে ছিল শুধু জ্যাং। কিন্তু তিনি ততক্ষণে বল ধরতে বক্সের বাইরে বেরিয়ে এসেছেন!
কিন্তু বক্সের বাইরে যেহেতু, তার হাত তো ‘অকার্যকর’! লাফাতে থাকা বলটি তাই হেড করে দূরে পাঠিয়ে দিতে চাইলেন জ্যাং। পারেননি, বল চলে যায় তার মাথার ওপর দিয়ে। তবু সমস্যা ছিল না, উজবেক কোনো খেলোয়াড়ই যে বলের পেছনে ধাওয়া করছিলেন না তখন। ‘নাটক’ও হলো তখনই। বলের একটু পেছনে থাকা উত্তর কোরিয়ান গোলকিপার দৌড় শুরু করলেন গোল বাঁচাতে। খুব একটা কঠিনও হতো না কাজটা, যদি তিনি সত্যিই চেষ্টা করতেন। তখনো যে বল আর গোলপোস্টের মধ্যে ‘আলোকবর্ষ’ দূরত্ব।
কিন্তু জ্যাং কি করলেন? দৌড়াতে গিয়ে প্রথমে একটু থমকে দাঁড়ালেন, তারপর আবার দৌড়াতে গিয়ে ইচ্ছে করেই খেলেন হোঁচট। উঠে দাঁড়িয়ে আবার ছোটা শুরু করতে করতে বল ততক্ষণে পোস্টে। এই গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এএফসি ব্যাপারটি নিয়ে তদন্ত করেছে। যাতে সিদ্ধান্ত হলো, উত্তর কোরিয়ার গোলকিপার গোলটি ইচ্ছা করেই খেয়েছে। তাই তাকে এবং দলের কোচ—দুজনকেই এক বছরের জন্য নিষিদ্ধ করেছে এএফসি। জ্যাং পেক-হো খেলতে পারবে না আগামী বছরের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে।

কী কাঁচা নাটক! ছবি ভিডিও থেকে নেওয়া
কী কাঁচা নাটক! ছবি ভিডিও থেকে নেওয়া

ঘটনাটা অবশ্য তিনি করেছেন দলের প্রয়োজনেই। উত্তর কোরিয়ার জন্য ওই সময় সমীকরণটা ছিল এমন, গোল না খেলে তারা চলে যাবে গ্রুপের শীর্ষে। তাতে বিপদ, পরের পর্ব, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হতো শেষ পর্যন্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া দল ইরাকের সঙ্গে। ওই গোল খেয়ে তাই দলকে ‘উদ্ধার’ করল জ্যাং পেক-হো। ওই গোল খাওয়ায় উত্তর কোরিয়া গ্রুপে হয়েছে দ্বিতীয়, পরের পর্বে তাই পেয়েছে পুঁচকে ওমানকে।
যদিও এত নাটক করেও শেষ পর্যন্ত সেমিফাইনালে ইরানের কাছে হেরে গেছে উত্তর কোরিয়া। গোলডটকম।