গোল চাইলেই পান ভার্ডি

রেকর্ড হয় দুভাবে। কিছু হয় হুট করে, আবার কিছু হয় বলেকয়ে। দ্বিতীয় রাস্তাটির জন্য মঞ্চ সাজানো থাকে। তবে সাজানো মঞ্চে রেকর্ড করা যে কঠিন, সেটি না বললেও চলে। জেমি ভার্ডি কঠিন পথেই রেকর্ডটি করলেন। টানা দু–তিন ম্যাচ নয়, টানা ১০ ম্যাচ গোল করেছিলেন। ১১তম ম্যাচে গোল করলেই যখন রেকর্ড হবে, তখন সবার চোখ তো তাঁর দিকেই থাকবে! তা ভার্ডি নিরাশ করেননি, পরশু লেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ডটা নিজের করে নিলেন।
খেলাধুলায় ‘রূপকথা’ শব্দটা খুব চলে। ভার্ডির ক্ষেত্রে সেটা ব্যবহার করলে অপপ্রয়োগ হয় না। তিন বছর আগেও যিনি আধা পেশাদার একটা লিগে খেলতেন, তিনিই কিনা বিশ্বের অন্যতম সেরা লিগে টানা ১১ ম্যাচে গোল করলেন। খর্বাকৃতি বলে ১৬ বছর বয়সে শেফিল্ড ওয়েনসডে একরকম তাড়িয়েই দিয়েছিল তাঁকে। এরপর স্থানীয় একটা কারখানায় দিনে ১২ ঘণ্টা করে খাটতেন। সেই ভার্ডিই এবার লিগে ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা? বিশ্বাস হয়?
এখানেই শেষ নয়। চার মৌসুম আগেই যখন পঞ্চম বিভাগের ক্লাব ফ্লিটউডে নাম লেখান; অনেকেই ভুরু কুঁচকে প্রশ্ন করেছিল, ‘এই ভার্ডিটা আবার কে?’ অষ্টম বিভাগ থেকে এসেছিলেন, সামর্থ্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিল অনেকেই। সেখান থেকে শুধু সিঁড়ি বেয়ে নয়, বাকি গল্পটা লিফটে চড়ে ওপরে ওঠার। এক মৌসুম পরেই লেস্টারের হয়ে নাম লেখান দ্বিতীয় বিভাগে। গত মৌসুমে ইংলিশ লিগে নিজের প্রথম গোলটা পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। কী অদ্ভুত, পরশু সেই ইউনাইটেডের সঙ্গেই গড়লেন ইতিহাস! দুই দলের ম্যাচটা অবশ্য শেষমেশ ১-১ গোলে ড্র হয়েছে। ভার্ডির ২৪ মিনিটের গোলের পর শোয়েনস্টাইগার সমতায় ফিরিয়েছেন ইউনাইটেডের হয়ে।
তার চেয়েও বড় কাকতাল, যাঁর রেকর্ড ভার্ডি ভেঙেছেন, সেই রুড ফন নিস্টলরয় কীর্তিটা গড়েছিলেন ইউনাইটেডের হয়েই। পুরোনো ক্লাবকে ভার্ডির শিকার হতে দেখে একটু মন খারাপ হলেও হতে পারে সাবেক ডাচ স্ট্রাইকারের। কিন্তু দুর্দান্ত এই কীর্তিকে টুইট করে অভিনন্দন জানাতে দেরি করেননি নিস্টলরয়। শুধু নিস্টলরয় কেন, ফুটবল জগতের অনেকেই টুইটারে শুভেচ্ছা জানাতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারের টুইটটা তো বিশেষভাবে উল্লেখ করা উচিত, ‘ভার্ডি যখন চায় তখনই গোল করতে পারে।’
কিন্তু যাঁকে নিয়ে এত কথা, সেই ভার্ডির প্রতিক্রিয়া কী? ভার্ডির কথা শুনলে মনে হবে তেমন কিছু তিনি করেননি, ‘এটা তো আর দশটা ম্যাচের মতোই। রেকর্ডটা আমার মাথায় একদম ছিল না। আমি তো শুধু তিনটি পয়েন্ট পেতে চেয়েছিলাম। ভেবেছিলাম, রেকর্ডটা আমার পারফরম্যান্সে ছাপ ফেলতে পারে। সে জন্যই ওটা নিয়ে বেশি মাথা ঘামাইনি।’ ম্যাচ শেষে দলের ড্রেসিংরুমে গিয়ে একটা জার্সি উপহার পেয়েছেন সতীর্থদের কাছ থেকে। সেটি নিয়েও ২৮ বছর বয়সী স্ট্রাইকার একটু নির্লিপ্ত, ‘আমি জানি না তারা ওটার (জার্সির) ওপর কী লিখে রেখেছে। যদি সেটা মনমতো না হয়, তাহলে ওয়ার্ডরোবে তুলে রাখব। আর মনমতো হলে সেটা বাঁধাই করে রাখব।’ জীবনের দুটি পিঠকে এখনো সযতনে রাখতে পারছেন বলেই হয়তো এতটা ভাবলেশহীন!
ভার্ডির সামনে অবশ্য আরেকটা ‘ছোট্ট’ কাজ আছে। প্রিমিয়ার লিগের রেকর্ড হলেও ইংলিশ লিগের রেকর্ডটা এখনো হয়নি। শেফিল্ড ইউনাইটেডের জিমি ডানের ১২ গোলের রেকর্ডটা ভাঙতে হলে সামনের দুই ম্যাচই গোল করতে হবে। ভার্ডি সেটা পারবেন না, এমন বাজি ধরার লোক এখন কমই আছে! এএফপি।