
মোহামেডান নিজেরাই হয়তো এতটা আশা করেনি। প্রথম পর্ব শেষ হতে তাদের বাকি মাত্র এক ম্যাচ। অথচ তারকাহীন এই দলটিই কিনা পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এল! লিগে শুধু শেখ রাসেল ও ব্রাদার্সের সঙ্গে হার। বাকি সাত ম্যাচ অপরাজিত! ইসমাইল বাঙ্গুরার হ্যাটট্রিকে কাল দুর্বল রহমতগঞ্জকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সাদা-কালোরা। এই জয়ে ৯ ম্যাচে আবাহনী ও ব্রাদার্সের সঙ্গে সমান ১৭ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে মোহামেডান। লিগে ৮ গোল হয়ে গেল গিনিয়ান ফরোয়ার্ডের।
বৃষ্টিভেজা মাঠে পরশু খেলা হয়েছিল মাত্র ৭ মিনিট। পরে ভারী বৃষ্টি আর বজ্রপাতে পরিত্যক্ত হওয়া ম্যাচটি কাল শুরু হয় নতুন করে। কিন্তু ম্যাচটি ৯০ মিনিট নাকি ৮৩ মিনিটের হবে, এ নিয়ে শুরু থেকেই অন্ধকারে ছিল রহমতগঞ্জ। ম্যাচটি শুরু হচ্ছে নতুন করে, অথচ ম্যাচ কমিশনার রফিকুল আলমের অদ্ভুত নির্দেশনা, আগের দিনের একাদশ অপরিবর্তিত রাখতে হবে! ধন্ধে পড়ে যায় রহমতগঞ্জ। এ নিয়ে তর্কে জড়ানোয় কোচ কামাল বাবুকে ডাগ-আউট ছেড়ে গ্যালারিতে পাঠিয়ে দেন রেফারি।
পরশুর বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমতগঞ্জের পাঁচ ফুটবলার। তার ওপর গিনিয়ান মিডফিল্ডার মোহাম্মদ কন্টে ক্লাবকে না জানিয়ে ফিরে গেছেন দেশে—রহমতগঞ্জ দুর্বল হয়ে পড়ে আরও। আর তাদের পেয়েই কাল গোল-উৎসব করল মোহামেডান।
পুরো ম্যাচে মিডফিল্ডার জুয়েল রানার সঙ্গে ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার বোঝাপড়া ছিল চমৎকার। জুয়েল একটি গোল করেছেন, একটি করিয়েছেন বাঙ্গুরাকে দিয়ে। ২৩ মিনিটে জুয়েলের ক্রস বুকে নামিয়ে প্রথম গোলটি করেন বাঙ্গুরা। ২৮ মিনিটে ফয়সালের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন বাঙ্গুরাই। এর দুই মিনিট পর বাঁ পায়ের অসাধারণ শটে জুয়েল স্কোর বানিয়ে দেন ৩-০। ৭ মিনিটের মধ্যে ৩ গোল হজম! ম্যাচ থেকে ততক্ষণে একেবারে ছিটকে পড়েছে রহমতগঞ্জ। এরপর ৭৬ মিনিটে হেডে ৪-০ করেন তৌহিদুল, ৮৭ মিনিটে হয়েছে বাঙ্গুরার হ্যাটট্রিক (লিগে এটি দ্বিতীয়, প্রথম হ্যাটট্রিক ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসনের)।
মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসি ম্যাচের আগে এমন ফলই আশা করেছিলেন, ‘এই জয়টা মোটেও অপ্রত্যাশিত নয়। ওরা অনেক দুর্বল দল। আমরা সুযোগটা কাজে লাগিয়েছি।’ সাফল্যের সব কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের, ‘আমার দলে তারকা নেই। কিন্তু দল হিসেবে ওরা খেলার চেষ্টা করেছে।’ হেরে বিষণ্ন রহমতগঞ্জ কোচ কামাল বাবু ম্যাচ কমিশনার রফিকুল আলমের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুললেন, ‘যেহেতু একাদশ থেকে শুরু করে আগের দিনের সবকিছু অপরিবর্তিত রাখার নিয়ম তাহলে রেফারি কেন বদলি করা হলো? এই ম্যাচে আমাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।’
ফেনী সকারকে হারাল ব্রাদার্স: হ্যাটট্রিক করে লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা। কিন্তু ঘণ্টা দুয়েক পরই মুকুটটি হাতবদল হলো। ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসন তাঁর কাছ থেকে কেড়ে নিলেন সর্বোচ্চ গোলদাতার আসন। ৯ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা এই হাইতিয়ান ফরোয়ার্ড। ওয়ালসনের জোড়া গোলের সুবাদেই ব্রাদার্স কাল ৩-১ ব্যবধানে হারিয়েছে ফেনী সকারকে।
২৯ মিনিটে ওয়ালসনের গোলে প্রথমে এগিয়ে যায় ব্রাদার্স। কিন্তু দুই মিনিট পরই গোলটি শোধ করেন ফেনী সকারের আজমল হোসেন। ৬২ মিনিটে আরও আক্রমণাত্মক ব্রাদার্সকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার আকন। আর ম্যাচের যোগ হওয়া সময়ে জয় নিশ্চিত গোল করেন ওয়ালসন। এই জয়ে ৯ ম্যাচে আবাহনীর সমান ১৭ পয়েন্ট নিয়েও ব্রাদার্স চারে। সমান ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া ফেনী সকারের স্থান আটেই।