গোল ডটকমের সেরা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। তিন ম্যাচে করতে পেরেছেন মাত্র একটি গোল। তাঁর দলও বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। কিন্তু ইউরোপিয়ান ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গোল ডটকমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা ঠিকই জিতেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন রোনালদো।

ফিফা ব্যালন ডি’অর জিতে এ বছরের শুরুটা দারুণভাবে করেছিলেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই রিয়াল জিতেছিল কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের জার্সি গায়ে করেছিলেন ৫১টি গোল। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ ১৭টি গোল করার নতুন রেকর্ডও রোনালদো গড়েছিলেন গত মৌসুমে। গোল ডটকমের সেরা ফুটবলারের পুরস্কারটি হাতে নেওয়ার পর পর্তুগিজ এই তারকা বলেছেন, ‘সেরা ফুটবলার নির্বাচিত হওয়াটা আমার জন্য খুবই বড় সম্মান। রিয়াল মাদ্রিদে সবার সমর্থন না পেলে আমি হয়তো এটা জিততে পারতাম না।’

এ বছর রোনালদোর পর দ্বিতীয় স্থান দখল করেছেন আরিয়েন রোবেন। তৃতীয় স্থানে আছেন লিওনেল মেসি।

২০০৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করেছিল গোল ডটকম। তারপর সাতবারের মধ্যে ছয়বারই পুরস্কারটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন মেসি ও রোনালদো। দুজনেই এ পুরস্কারটি জিতেছেন তিনবার করে। ২০১০ সালে বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন ওয়েসলি স্নেইডার।