গোল নিয়ে কত কিছু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদো পেয়ে গেছেন ক্যারিয়ারের ৫০০তম গোল। রবার্ট লেভানডফস্কি তো সবচেয়ে কম সময়ের মধ্যে পাঁচ গোল দেওয়ার বিস্ময়কর এক কীর্তিও গড়েছেন কিছুদিন আগেই। গোল নিয়েই ফুটবলে কত যে রেকর্ড আছে! বিবিসিকৃত সেগুলোরই একটি সংকলন—
আর্চি টম্পসন: এক ম্যাচে ১৩ গোল
আর্চি টম্পসন: এক ম্যাচে ১৩ গোল

এক ম্যাচে সবচেয়ে বেশি গোল
রোনালদো, লেভানডফস্কির এক ম্যাচে ৫ গোল করেছেন কদিন আগেই। তবে সংখ্যাটা দুই অঙ্কে নিয়ে যেতে চাইলে তাঁদের বোধ হয় ওশেনিয়ায় পাড়ি জমাতে হবে। গত জুলাইতে মাইক্রোনেশিয়ার বিপক্ষে ভানুয়াতুর স্ট্রাইকার জাঁ কাটলাক করেছিলেন ১৬ গোল! ভানুয়াতু ওই ম্যাচটা জিতেছিল ৪৬-০ গোলে। তবে অলিম্পিকের বাছাইপর্বের ম্যাচটা অনূর্ধ্ব-২৩ দলের হওয়ায় রেকর্ডবুকে ওটা লেখা থাকবে না।
কাগজে-কলমে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের আন্তর্জাতিক রেকর্ডটা অস্ট্রেলিয়ার আর্চি টম্পসনের। ২০০১ সালে আমেরিকান সামোয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩১-০ গোলের জয়ে টম্পসন একাই করেছিলেন ১৩ গোল। আর ক্লাব ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটা সাইপ্রাসের পানাগিওটিস পন্টিকসের। ২০০৭ সালে তৃতীয় বিভাগ গ্রিক লিগে সিএকে অ্যাথানাসিওসের হয়ে ১৬ গোল করেছিলেন পন্টিকস। ১৯৪২ সালে ফ্রান্সের রেসিং ক্লাবের হয়েও ওই ১৩ গোলই করেছিলেন স্টেফান স্তানিস। ইংলিশ ফুটবলে রেকর্ডটা জো পেইনের। ১৯৩৬ সালে দ্বিতীয় বিভাগে ব্রিস্টলের বিপক্ষে লুটনের ১২-০ গোলের জয়ে ১০টিই করেছিলেন পেইন।

নাওয়াফ আল আবেদ
নাওয়াফ আল আবেদ

সবচেয়ে দ্রুত
কিক-অফের পর সবচেয়ে দ্রুত গোলের রেকর্ডটি কার? ২০০৯ সালে সৌদি আরবের ক্লাব আল হিলালের নাওয়াফ আল আবেদ যখন গোল করেন, ম্যাচের মাত্র ২.৪ সেকেন্ড পার হয়েছে! কিক-অফ থেকে বল পেয়েই ৬০ গজি লবিতে বল জালে জড়িয়ে দিয়েছিলেন নাওয়াফ। ইংল্যান্ডে রেকর্ডটা অবশ্য আধাপেশাদার লিগে। ২০০৪ সালে কাওয়েস স্পোর্টসের হয়ে মাত্র আড়াই সেকেন্ডেই গোল করে বসেন মার্ক বারোস। আর বদলি হিসেবে প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড আর্সেনালের নিকোলাস বেন্ডনারের। ২০০৭ সালে টটেনহামের বিপক্ষে মাঠে নামার ৬ সেকেন্ডের মধ্যেই গোল করেছিলেন ডেনিশ স্ট্রাইকার।
দূর থেকে গোল
এই রেকর্ডটা অনেকেরই মনে থাকতে পারে। ২০১৩ সালে স্টোক সিটির আসমির বেগোভিচ সাউদাম্পটনের বিপক্ষে গোল করেছিলেন পাক্কা ৯১.৯ মিটার দূর থেকে। বসনিয়ান গোলরক্ষক ম্যাচের ১৩ সেকেন্ড পরই বল পেয়েছিলেন নিজের অর্ধে। লম্বা করে একটা কিক নিয়েছিলেন, ঝোড়ো হাওয়ায় বিভ্রান্ত সাউদাম্পটনের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে সেটি জড়িয়ে যায় জালে! আর হেড থেকে সবচেয়ে বেশি দূরত্বের গোল? সেটি নরওয়ের স্যামুয়েলসনের। ২০১১ সালে অড গ্রেনল্যান্ডের হয়ে নিজের অর্ধ থেকে গোল করেছিলেন। দূরত্বটা কত জানেন? ৫৮.১৩ মিটার!

রজারিও চেনি
রজারিও চেনি

গোলরক্ষকের কীর্তি
গোলরক্ষকদের গোলের কথা মনে হলেই প্যারাগুয়ের হোসে লুই চিলাভার্টের নাম চলে আসে। তবে পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের কীর্তি অন্য একজন গোলরক্ষকের। গত জুনেই ব্রাজিলের ৪২ বছর বয়সী রজারিও চেনি ক্যারিয়ারের ১২৮তম গোল করেছেন। নিজের ক্লাব সাও পাওলোর সেরা দশ গোলদাতার একজন তিনি! তবে চিলাভার্টের হ্যাটট্রিকের কৃতিত্বও আছে। ১৯৯৯ সালে আর্জেন্টিনার ভেলেজ সার্সফিল্ডের হয়ে ফেরো কারিল অয়েস্তের বিপক্ষে তিনটি পেনাল্টি থেকেই গোল করেছিলেন। দেশের হয়েও তাঁর গোল আছে ৮টি।
ভুল হ্যাটট্রিক
আত্মঘাতী গোল তো হয়ই, তাই বলে আত্মঘাতী গোলের হ্যাটট্রিক! ১৯৯৫ সালে জার্মিনাল একেরেনের হয়ে বেলজিয়ামের স্টান ফন ডেন বাইস তিনবার নিজেদের জালে বল ঢুকিয়েছিলেন। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের রেকর্ড মাদাগাস্কারের ক্লাব স্তাদে অলিম্পিকের। ২০০২ সালে এক ম্যাচেই ১৪৯টি আত্মঘাতী গোল করেছিলেন স্তাদের খেলোয়াড়েরা। রেফারির একটা সিদ্ধান্তের প্রতিবাদেই এই অবিশ্বাস্য কাণ্ড!
হ্যাটট্রিক
প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সাদিও মানের। গত মৌসুমে মাত্র ২ মিনিট ৫৬ সেকেন্ডে হ্যাটট্রিক করেছিলেন সাউদাম্পটন উইঙ্গার। অবশ্য সর্বকালের দ্রুততম হ্যাটট্রিকটা মানের নয়। ১৯৬৪ সালে রস কাউন্টির হয়ে মাত্র ৯০ সেকেন্ডে ৩ গোল করেছিলেন টমাস রস। হ্যাটট্রিক করার স্বীকৃতি পেয়েছেন অবশ্য প্রায় ৪০ বছর পর।
বুড়ো হাড়ের ভেলকি
১৯৯৪ বিশ্বকাপে যখন গোল করেছিলেন, ক্যামেরুনের রজার মিলার বয়স ছিল ৪২। তবে জাপানের কাজুয়োশি মিউরার তুলনায় মিলা ‘শিশুই’, ৪৮ বছর বয়সে এখনো জাপানের ইয়োকোহামার হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মিউরা। এখনকার খেলোয়াড়দের মধ্যে মিউরাই সবচেয়ে বয়স্ক। তাঁর সামনে হাতছানি ম্যানচেস্টার সিটির বিলি মেরেডিথকে পেরিয়ে যাওয়ার। ১৯২৪ সালে এফএ কাপে গোল করার সময় মেরেডিথের বয়স ছিল ৪৯ বছর ২০৮ দিন। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড তাঁরই, ১৯১৯ সালে গোল করেছিলেন ৪৫ বছর ৭৩ দিনে।