গোল নিয়ে পিকের কৌতুককে 'মিথ্যা' বললেন মেসি

>চ্যাম্পিয়নস লিগে কাল পিএসভির বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এ ম্যাচে জেরার্ড পিকের করা বার্সার দ্বিতীয় গোলটি ছিল অদ্ভুতুড়ে। ম্যাচ শেষে পিকে এ নিয়ে কৌতুক করলেও মেসি সত্যটা খুলে বললেন
গ্রুপের শীর্ষস্থান নিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। কাল রাতে পিএসভি আইন্দহোফেনকে ২-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। এ ম্যাচের ৭০ মিনিটে বেশ অদ্ভুতুড়ে এক গোল করেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। গোলটি দেখে মনে হবে, ঝড়ে বক মরেছে! অর্থাৎ হুট করেই হয়ে গেছে। কিন্তু ম্যাচ শেষে জেরার্ড পিকের কৌতুক সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন তুলেছে বার্সার অনুশীলনে সত্যিই এমন গোলের চেষ্টা চলে!
ডাচ ক্লাবটির মাঠে ম্যাচের তখন ৭০ মিনিট। বক্সের বাইরে বাঁ দিকে ফ্রি কিক পেয়েছিল বার্সা। আর পিকে দাঁড়িয়ে ছিলেন পিএসভি বক্সের মধ্যে জটলার ভেতর। মেসির নিচু শটে পা ছুঁইয়ে বলের দিক পাল্টে গোল করেন পিকে। এই গোলে অবাক হয়েছেন অনেকেই। কারণ, বার্সা যে দূরত্বে ফ্রি কিক পেয়েছিল, সেখান থেকে গোল করা কঠিন। মেসি কি তাহলে জেনেবুঝেই পিকে বরাবর শট নিয়েছেন?
ম্যাচ শেষে এই প্রশ্নের জবাবে কৌতুকের লোভ সামলাতে পারেননি পিকে, ‘ওটা রিহার্সেলের ফল। এ নিয়ে অনেক অনুশীলন করেছি আর গোলটাও হয়েছে নিখুঁত। আমরা সবাই জানি মেসি কেমন, তাঁর অস্ত্রভান্ডার সমৃদ্ধ আর প্রতি ম্যাচেই কিছু না কিছু দেখাবেই।’ পিকে যে কৌতুক করেছেন, তা বুঝিয়ে দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। কারণ, মেসি যে তাঁর সতীর্থের সুরে সুর মেলাননি। বার্সার এই আর্জেন্টাইন তারকা ম্যাচ শেষে সত্যটাই বলেছেন, ‘এসব অনুশীলন করা হয় না। কথাটা মিথ্যা। ফ্রি কিকটা খুব বাজে হয়েছে। পিকে ওখানে ছিল আর গোলটা হয়েছে সৌভাগ্যবশত।’
জেরার্ড পিকের সেই গোলের ভিডিও লিংক: