গোল নেই, তবে উত্তেজনারও কমতি নেই এল ক্লাসিকোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব বেশি সুযোগ পাননি মেসি-রোনালদোরা। ছবি-রয়টার্স
খুব বেশি সুযোগ পাননি মেসি-রোনালদোরা। ছবি-রয়টার্স

কে ভালো খেলেছে প্রথমার্ধে? বার্সেলোনা, না রিয়াল মাদ্রিদ?

এভাবে না করে প্রশ্নটা বরং এভাবে করা যায়, কে বেশি ফাউল করেছে প্রথমার্ধে? মৌসুমের প্রথম এল ক্লাসিকোটা মেসি-রোনালদোদের স্নায়ুর বড় পরীক্ষাই নিচ্ছে বলে মনে হচ্ছে! এখনো কোনো গোল হয়নি ন্যু ক্যাম্পে। তবে যেটির কোনো কমতি ছিল না, তা হলো ফাউল। দুই দলের খেলোয়াড়েরা যেন নেমেছেন ফাউলের প্রতিযোগিতায়। একটু বেশি পিচ্ছিল ন্যু ক্যাম্পের পিচে কখনো মেসিকে ফাউল করেছেন রামোস, তো রোনালদোর ওপর হামলে পড়েছেন মাচেরানো।
বার্সেলোনাই এগিয়ে। সব মিলিয়ে প্রথমার্ধেই বার্সেলোনা ফাউল করেছে ১২টি, রিয়াল মাদ্রিদ ৬টি।
তা শুধু কি ফাউলই হয়েছে? ফুটবলের সৌন্দর্যও ছিল। বার্সেলোনার টিকি-টাকা যেমন ছিল, ছিল রিয়ালের প্রতিআক্রমণও। তবে পরিষ্কার সুযোগ বলতে গেলে রিয়ালই বেশি পেয়েছে। ম্যাচের দশ মিনিটে অবশ্য প্রথম সুযোগ পেয়েছিল বার্সেলোনা। বাঁ দিক থেকে নেইমারের ক্রসটা ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি সার্জি রবার্তো। তবে ৩৮ ও ৩৯ মিনিটে টানা দুটি সেভ করে বার্সেলোনাকে বাঁচিয়েছেন টের স্টেগেন। রিয়াল একটি পেনাল্টির দাবিও করতে পারে। লুকাস ভাসকেজকে বক্সে ফাউল করেছিলেন মাচেরানো, যদিও রেফারি তাতে সাড়া দেননি।
সব মিলিয়ে মেসি-রোনালদোরা খুব বেশি জায়গা পাননি। নেইমার তো সম্ভবত ভুল বুট পরে এসেছেন, বারবার পিছলে পড়ে যাচ্ছেন। এখন পর্যন্ত দুই দলের রক্ষণই ভালো খেলেছে।
দ্বিতীয়ার্ধে যদি অবস্থাটা বদলায়।