গোল পেলেন আলকাসার
অ্যালেক্স ভিদালের গোলের পরই মেসি, সুয়ারেজদের হাসি ছিল দেখার মতো। এই রাইটব্যাকের গোলের পর হাসি আটকাতে পারছিল না বার্সেলোনার ডাগ আউটের কেউই। এই গোলেই যে নিশ্চিত হলো বার্সেলোনার জয়। কাল ন্যু ক্যাম্পে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা।
ভিদালের গোল দিয়ে শেষ হলেও কাল বার্সার জন্য সবচেয়ে খুশির সংবাদ ছিল পাকো আলকাসারের গোল। কোপা ডেল রেতে একটা গোল করলেও মৌসুমের অর্ধেক কেটে যাওয়ার পরও লিগে গোল পাচ্ছিলেন না এই স্ট্রাইকার। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপার দ্বিতীয় লেগের জন্য লুইস সুয়ারেজকে বিশ্রাম দেওয়ায় সুযোগ মিলেছিল স্প্যানিশ স্ট্রাইকারের। তাতেই খরা কাটল, ম্যাচের ১৮ মিনিটে। নেইমারের পাস থেকে নিখুঁত শটে বার্সার জার্সিতে আলকাসারের প্রথম লিগ গোল!
ব্যবধানটা দ্বিগুণ হলো প্রথমার্ধেই। ৪০ মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিকটা একদমই বুঝতে পারলেন না বিলবাও গোলকিপার ইরাইজজ। দুরূহ কোণ থেকে নেওয়া ফ্রি-কিকটা জালে জড়িয়ে গেলে হাসিমুখেই প্রথমার্ধটা শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত খেলেছে বার্সেলোনা। প্রতি আক্রমণে উঠে খুব একটা সুবিধা করতে পারেনি বিলবাও। ৬৪ মিনিটে মাদ্রিদের সঙ্গে ম্যাচের কথা মনে করেই মাঠ থেকে তুলে আনা হয় মেসিকে। কোচ লুইস এনরিকে হয়তো ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতেন। কিন্তু ৬৭ মিনিটে সবাইকে চমকে দিয়ে বাঁ পায়ের দারুণ এক শটে জয় নিশ্চিত করেছেন ভিদাল। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১-এ কমিয়ে এনেছে বার্সেলোনা। দুই ম্যাচ হাতে থাকলেও ব্যবধান বাড়ানোর সুযোগ হয়তো আজ পাচ্ছে না রিয়াল। ঝড়ের কারণে সেল্টা ভিগোর স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় ম্যাচটা না হওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলের ব্যস্ত সূচিও ঝামেলাটা বাড়িয়ে দিচ্ছে। সনি সিক্স।