একদিকে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে লিভারপুল। এক ডাগআউটে পেপ গার্দিওলা। অন্যটিতে ইয়ুর্গেন ক্লপ। কেমন হতে পারে ম্যাচটা?
সাবেক ইংলিশ মিডফিল্ডার পল ইনসের অনুমানটাই এ ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে যথার্থ। ইংলিশ দৈনিক ডেইলি এক্সপ্রেস-এ পল ইনসের ম্যাচ-পূর্ব বিশ্লেষণ, ‘এই ম্যাচে শুধু একটা ব্যাপারই নিশ্চিত—গোল!’
আক্রমণাত্মক ফুটবলকেই মন্ত্র করে খেলে দুটি দল, দুই দলেরই রক্ষণ আবার কিছুটা নড়বড়ে। গোল তো হওয়ারই কথা! রেকর্ডও তা-ই বলে। সব প্রতিযোগিতা মিলিয়েই সিটি-লিভারপুলের কোনো দ্বৈরথ গোলশূন্য থেকেছে, সেটিও সাত বছর আগের ঘটনা (২০১০ সালের ফেব্রুয়ারি, লিগে)। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সম্ভবত ইচ্ছে করেই আন্তর্জাতিক বিরতির পর লিগের শুরুতেই এই ম্যাচটা রেখেছে!
শুধু আন্তর্জাতিক বিরতি? দলবদল মৌসুম শেষ হওয়ার পর প্রথম ম্যাচও এটি। যাতে লিভারপুলের বড় স্বস্তি, বার্সেলোনার প্রলোভন উপেক্ষা করে ফিলিপে কুতিনহোকে ধরে রাখা। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিয়ে নাটক তো কম হয়নি। বার্সেলোনায় যেতে ক্লাবের কাছে দলবদলের অনুমতি চেয়েছিলেন কুতিনহো, সেটিও লিগ মৌসুম শুরুর আগের দিন! কিন্তু দলের অন্যতম সেরা প্রতিভাকে ছাড়তে নারাজ লিভারপুল বার্সেলোনার তিনটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। নাটক সেখানেই শেষ নয়। দলবদল শেষে বার্সেলোনার এক পরিচালক সংবাদ সম্মেলনে দাবি করেন, লিভারপুল নাকি দলবদলের শেষ দিনে এসে কুতিনহোর জন্য ২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল! লিভারপুল সঙ্গে সঙ্গেই বার্সেলোনা পরিচালকের মন্তব্যে প্রচণ্ড ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, দাবিটি ‘সম্পূর্ণ বানোয়াট’!
তা সব নাটক শেষে ব্রাজিলের হয়ে খেলার পর গত পরশুই আবার লিভারপুলের অনুশীলনে ফিরেছেন কুতিনহো। যদিও পুরো ফিট না থাকায় তাঁকে আজ স্কোয়াডেই রাখেননি ক্লপ। কিন্তু কুতিনহোর সঙ্গে ক্লপের সম্পর্কটা সহজ আছে তো? লিভারপুল কোচ পরশু সংবাদ সম্মেলনে এ নিয়ে সব সংশয়ই দূর করে দিয়েছেন, ‘অবশ্যই। সব ঠিক আছে। ও ফিরে এসেছে, আমাদের মধ্যে খুবই ইতিবাচক আলোচনাও হয়েছে। অন্যদের চেয়ে (ফিটনেস নিয়ে) ওকে একটু বেশি খাটতে হবে এখন, তবে ও খুব ভালো মানসিকতা নিয়েই এসেছে অনুশীলনে। চনমনে লাগছে ওকে।’
কুতিনহোকে ছাড়াই মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে লিভারপুল। তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে, যার মধ্যে সর্বশেষ ম্যাচে আর্সেনালকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। তিন ম্যাচে ৭ পয়েন্ট সিটিরও। জেসুস-আগুয়েরো-সিলভা-ডি ব্রুইনকে নিয়ে গড়া আক্রমণভাগে বিকল্প এত বেশি যে, গার্দিওলার উল্টো মাথাব্যথা ধরে যাওয়ার কথা, কাকে ছেড়ে কাকে খেলাবেন? তবে আজকের ম্যাচের আগে আরও বড় দুশ্চিন্তাও আছে সিটি কোচের। আন্তর্জাতিক বিরতিতে বেলজিয়ামের হয়ে খেলার সময় চোট পাওয়া ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে আজ না-ও পেতে পারেন গার্দিওলা।
ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা কি তাতে আরেকটু বাড়ল? রয়টার্স।
টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে লিভারপুলের বিপক্ষে খেলতে নামছে ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা-যুগে যা সিটির সর্বোচ্চ।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে লিভারপুল সর্বশেষ হেরেছে তিন বছর আগে (২০১৪ সালের আগস্টে)।
ইউরোপের বাইরের খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলের মালিক হতে আর মাত্র একটি গোল দরকার সার্জিও আগুয়েরোর। ১২৩ গোল নিয়ে এখন ত্রিনিদাদের ডুইট ইয়র্কের সঙ্গে যুগ্মভাবে শীর্ষ এই আর্জেন্টাইন।