গোলকিপার কিনে ‘অবনমন’ নিশ্চিত করল আর্সেনাল?
‘আশা করি, দর্শকে পরিপূর্ণ এমিরেটস স্টেডিয়ামে খেলতে পারব, ভালো খেলব। আমি হাসি থামাতে পারছি না। এটা এমনই এক দিন।’
হাসি থামাতে না পারা মানুষটি অ্যারন র্যামসডেল। হাসি থামাতে না পারাই স্বাভাবিক। আজীবন নিচু সারির ক্লাবে থাকার পর ইংলিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনালে নাম লিখিয়েছেন, হাসি থামে কী করে? কিন্তু আর্সেনালের সমর্থকদের মুখে হাসি ফুটেছে কি না, সেটাও দেখার বিষয়!
কারণ? র্যামসডেলের অতীত রেকর্ড যে মোটেই ভালো নয়! ফুটবল মাঠে র্যামসডেলের পারফরম্যান্স বেশ ধারাবাহিক, সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তাঁর মতো ‘অপয়া’ ফুটবলার যে সাম্প্রতিক কালে কমই আছেন! যে ক্লাবেই যান, সেই ক্লাবই অবনমিত হয়। সেই কথা মনে করে কোনো আর্সেনাল–সমর্থক যদি নিজের ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ে যান, দোষ দেওয়া যায় না মোটেও!
একটু ব্যাখ্যা করা যাক। দুই দফায় শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন এই ইংলিশ গোলকিপার। প্রথম দফায় শেফিল্ডের হয়ে ক্যারিয়ার শুরু করলেও দলটার হয়ে সেবার লিগ ম্যাচ খেলা হয়নি র্যামসডেলের। র্যামসডেলের প্রতিভার কদর না বুঝেই বোর্নমাউথের কাছে বিক্রি করে দেওয়া হয়।
প্রথমে বোর্নমাউথও র্যামসডেলের ওপর সেভাবে ভরসা রাখেনি। ভেবেছে, আগে অন্যান্য ক্লাবে ধারে খেলে র্যামসডেলের হাত পাকানো যাক। ২০১৭-১৮ মৌসুমে র্যামসডেলকে পাঠানো হলো চতুর্থ বিভাগের ক্লাব চেস্টারফিল্ডে। ব্যস, র্যামসডেলের ‘অপয়া-কাহিনি’র শুরু সেখান থেকেই।
গোটা মৌসুমে চেস্টারফিল্ডের হয়ে ১৯টা ম্যাচ খেললেন। নিজে খেলেছিলেন বেশ ভালো, কিন্তু সতীর্থদেরও তো ভালো খেলতে হবে! ফলাফল, তৃতীয় বিভাগে চেস্টারফিল্ডের অবনমন।
চেস্টারফিল্ড নেমে গেলেও র্যামসডেলের পারফরম্যান্স নজর এড়াল না। ফলে, এবার তৃতীয় বিভাগের দল এএফসি উইম্বলডন তাঁকে ধারে নিয়ে এল। এখানেও র্যামসডেল খেললেন ২০টির মতো ম্যাচ। মৌসুম শেষে জিতে নিলেন ক্লাবের যুব বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। কিন্তু তাতে কী? উইম্বলডন যে ধুঁকছিল! অবনমনের শঙ্কা ঘিরে ধরেছিল তাদেরও। শেষমেশ কোনো রকমে গোল ব্যবধানে তৃতীয় বিভাগেই টিকে যায় ক্লাবটা।
চেস্টারফিল্ড আর উইম্বলডনের হয়ে র্যামসডেলের পারফরম্যান্স মুগ্ধ করল বোর্নমাউথকে। তারা ভাবল, এবার ঘরের ছেলেকে ঘরে ফেরানো যাক। ২০১৯-২০ মৌসুমে বোর্নমাউথে গেলেন র্যামসডেল।
গোটা মৌসুমে দুর্দান্ত খেললেন র্যামসডেল, কিন্তু ওই যে কুফা পিছু ছাড়েনি! শেষে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যায় বোর্নমাউথ। মৌসুম শেষে এবারও যথারীতি আরেকটা ব্যক্তিগত পুরস্কার ঘরে তুললেন, এবার ক্লাব–সমর্থকদের ভোটে হলেন বর্ষসেরা খেলোয়াড়।
র্যামসডেলের ধারাবাহিক পারফরম্যান্স তত দিনে আলোড়ন তুলে দিয়েছে। এবার শেফিল্ডের নজরে আসলেন তিনি। হ্যাঁ, সেই শেফিল্ড, যে শেফিল্ড কোনো লিগ ম্যাচ না খেলিয়েই বছর তিনেক আগে বোর্নমাউথের কাছে বেচে দিয়েছিল তাঁকে। যাঁকে বেচে ১০ লাখ পাউন্ড পেয়েছিল সেবার, সেই র্যামসডেলকে কিনতেই এবার ১ কোটি ৮৫ লাখ পাউন্ড খসাতে হলো শেফিল্ডকে। তাঁকে কেন শেফিল্ড এত দাম দিয়ে কিনেছে, র্যামসডেল বোঝালেন প্রায় প্রতি ম্যাচেই।
লাভ হলো না। এবার অবনমনের খড়্গ পড়ল শেফিল্ডের ঘাড়ে। ওদিকে যথারীতি র্যামসডেল বাগিয়ে নিলেন ক্লাব বর্ষসেরার খেতাব। শুধু ক্লাব বর্ষসেরাই নয়, শেফিল্ডের যুব বর্ষসেরা খেলোয়াড়ও হলেন তিনি। সেই র্যামসডেলের পেছনেই কয়েক মাস ধরে ঘুরছিল আর্সেনাল।
গত মৌসুমে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে বিক্রি করে দেওয়ার পর থেকে গোলবারের নিচে আস্থাহীনতায় ভুগছে ক্লাবটা। জার্মান গোলকিপার বার্নড লেনো ভরসা দিতে পারছেন না, অস্ট্রেলিয়ান গোলকিপার ম্যাট রায়ান কিংবা আইসল্যান্ডের রুনার রুনারসনকে আনা হলেও কেউ আর্সেনালের মন ভরাতে পারেননি সেভাবে। ফলাফল? র্যামসডেলের দিকে নজর পড়ে আর্সেনালের।
সে দলবদলই চূড়ান্ত হলো গতকাল। আনুষ্ঠানিকভাবে আর্সেনাল জানিয়ে দিল, ২ কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে দলে আনা হয়েছে ২৩ বছর বয়সী এই গোলকিপারকে। আর আর্সেনালের যদি কোনো কুসংস্কারপ্রিয় ভক্ত থেকে থাকেন, তাঁদের মনের ধুকপুকানিও বেড়ে গেল এ ঘোষণার সঙ্গে যেন! যদি আর্সেনাল এবার প্রথম বিভাগ থেকে অবনমিত হয়ে যায়!
লিগে নিজেদের প্রথম ম্যাচে এবার প্রথম ম্যাচেই প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল।