গোলকিপারের ভুলের খেসারত দিল পুলিশ

জয়ের পর শেখ জামালের চার বিদেশি খেলোয়াড়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া বসুন্ধরা কিংস যখন মালদ্বীপে এএফসি কাপের অভিযানে ব্যস্ত, ঢাকায় তখন রানার্সআপ হওয়ার জোর লড়াই চলছে আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এ পর্যায়ে পয়েন্ট হারানো মানেই রানার্সআপের লড়াইয়ে পিছিয়ে পড়া। আজ পুলিশকে ২–১ গোলে হারিয়ে রানার্সআপের দৌড়ে ভালোভাবেই টিকে রইল শেখ জামাল। যদিও পুলিশকে হারাতে ভালোই বেগ পেতে হয়েছে শেখ জামালকে।

১টি গোল করেছেন সোলেমান সিল্লাহ, অন্যটি আত্মঘাতী। আর পুলিশের একমাত্র গোলটি মুরোলিমজন আকমেদভের। হাস্যকরভাবে দুটি গোল খেয়েছেন পুলিশের গোলকিপার আরিফুজ্জামান হিমেল।

প্রধান কোচ শফিকুল ইসলামকে গত সপ্তাহে বরখাস্ত করেছে শেখ জামাল। তবে ভারপ্রাপ্ত কোচ মোশারফ বাদল শেষ দুটি ম্যাচেই জেতালেন দলকে।

যে দলে আছেন সলোমন কিং, সলোমন সিল্লাহ ও ওমর জোবের মতো তিন ফরোয়ার্ড, মাঝমাঠে আছেন ভালিজনভ ওতাবেক, রক্ষণে রেজাউল করিম, সেই দলের জয়টা সহজেই আসবে ভেবেছিলেন কোচ। কিন্তু সেটি হয়নি। উল্টো ম্যাচের ১৮ মিনিটে গোল খেয়ে প্রথমে পিছিয়ে পড়ে শেখ জামাল। বক্সের মধ্যে মোহাম্মদ জুয়েলের বাড়িয়ে দেওয়া বল থেকে আকমেদভের জোরালো শটে এগিয়ে যায় পুলিশ (১-০)।

শেখ জামালের হয়ে গোল করেন সোলেমান সিল্লাহ
ছবি: প্রথম আলো

শেখ জামালের সমতায় ফেরায় যতটা না কৃতিত্ব পান ওমর জোবের, এর চেয়ে বেশি দায় পুলিশ গোলকিপার আরিফুজ্জামান হিমেলের। তাঁর ভুলেই তো জোবের আক্রমণ থেকে আত্মঘাতী গোল খেয়ে বসে পুলিশ! ম্যাচের তখন ২২ মিনিট। আরিফুজ্জামান হিমেল নিজের জায়গা ছেড়ে অনেকখানি এগিয়ে এসে দাঁড়িয়ে ছিলেন। মাঝমাঠ থেকে ওতাবেকের দেওয়া দূরপাল্লার শট থেকে জোবে বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেন।

কিন্তু জোবের কাছ থেকে বল কেড়ে পুলিশের ডিফেন্ডার জাহাঙ্গীর ব্যাকপাস করেন। কিন্তু পুলিশ গোলরক্ষক হিমেল জায়গামতো না থাকায় বলটা ধরতে পারেননি। শেষ পর্যন্ত বোকার মতো দাঁড়িয়ে গোল হজমের দৃশ্য দেখলেন।

সমতায় ফেরার পর ডান প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ করেছেন সলোমন কিং। কিন্তু কিং নয়, শেষ পর্যন্ত ম্যাচের রাজা হলেন সিল্লাহ।

৩৭ মিনিটে মাঝমাঠ থেকে লং বল বাড়িয়ে দেন ওতাবেক। বলটি সিল্লাহ রিসিভ করেই আলতো টোকায় বাড়িয়ে দেন গোলপোস্টের দিকে। এবারও হিমেল জায়গামতো না থাকায় বলটা সহজেই গড়িয়ে ঢোকে জালে। বিরতির ঠিক আগে পুলিশের জুয়েল বাঁ প্রান্ত ধরে শেখ জামালের বক্সে ঢোকার চেষ্টা করেন।

ওই সময় ডিফেন্ডারদের কেউ কাছাকাছি ছিলেন না। শেষ পর্যন্ত শেখ জামালের গোলকিপার সামিউল ইসলাম বক্স ছেড়ে বেরিয়ে এসে জার্সি টেনে ধরেন জুয়েলের। হলুদ কার্ডে সে যাত্রায় রক্ষা পান সামিউল! তবে ঠিকই গোলটা বাঁচিয়ে দেন। অবশ্য কর্নার থেকেও পরে গোল পায়নি পুলিশ।

শেখ জামালকে আটকাতে পারেনি পুলিশ
ছবি: প্রথম আলো

দ্বিতীয়ার্ধে পুলিশ কোচ পাকির আলী আরও আক্রমণাত্মক খেলিয়েছেন। কিন্তু গোল পাননি। অবশ্য সেই তুলনায় গোলের দেখা আরও পেতে পারত শেখ জামাল। ৫৪ মিনিটে সুলেমান সিল্লাহর বাড়িয়ে দেওয়া বলে ফাঁকা পোস্টে পা ছোঁয়ালেই চলত জোবের। কিন্তু পারেননি জোবে। অবশ্য ৮৬ মিনিটে পুলিশের ফরোয়ার্ড জমির উদ্দিনের বদলে মহিদুল ইসলামকে মাঠে নামান কোচ পাকির আলী। কিন্তু তারপরও ভাগ্য বদলায়নি পুলিশের।

এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়েই শেখ জামাল। তিনে থাকা আবাহনীর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে তারা। আর ২১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আটেই রইল পুলিশ।