গোলক্ষুধা কমে গেছে রোনালদোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬ ম্যাচে ২৬ গোল। খুব কি কম মনে হচ্ছে? বেশির ভাগ মানুষের কাছে এটা যথেষ্টই ভালো মনে হওয়ার কথা। কিন্তু যখন জানবেন এই পরিসংখ্যান ক্রিস্টিয়ানো রোনালদোর, মনে হতে বাধ্য—গোল একটু কম হয়ে গেল না! রোনালদোকে যে মাপা হয় তাঁর নিজের ঠিক করে দেওয়া মানদণ্ড অনুযায়ীই। যে কারণে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় আর কোচ বার্নড সুস্টারের মনে হচ্ছে, গোলক্ষুধা হারিয়ে ফেলেছেন পর্তুগিজ এই তারকা!
এক দশক ধরে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড রোনালদো। পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ২০০৩-০৪ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর পর এক মৌসুমে প্রথম বিশের বেশি গোল করেন ২০০৬-০৭ মৌসুমে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রতি মৌসুমেই ছাড়িয়ে গেছেন নিজেকে।
২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়ালে নাম লেখানোর পর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছেন। বইয়ে দিয়েছেন গোলের বন্যাই। রিয়ালে এটি তাঁর অষ্টম মৌসুম চলছে। প্রথম মৌসুমে ৩৩ গোল করেছিলেন। এরপর ছয় মৌসুমের প্রতিটিতেই ৫০টির বেশি করে গোল। রিয়ালের হয়ে এখন পর্যন্ত খেলা ৩৮৪ ম্যাচে ৩৯০ গোল তাঁর। এ মৌসুমেও দেশ আর ক্লাবের হয়ে করেছেন সব মিলিয়ে ৩৫ গোল (রিয়ালের হয়ে ২৬টি)।
তবে ক্লাবের হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন মাত্র একবার। রোনালদোর সঙ্গে যা একেবারেই যায় না। সুস্টার তাই বলছেন, ‘আমি তার মধ্যে সেই ক্ষুধাটা আর দেখতে পাচ্ছি না। একটা সময় ছিল, যখন তার দল ৪-০-তে এগিয়ে থাকলেও সে আরও দুটি গোল করতে চাইত। যেভাবেই হোক আরেকটি গোল করতে চাইত, সেটা পেনাল্টি থেকে হলেও। কিন্তু এখন এটা আর নেই।’
সুস্টারের কথা রোনালদোর কানে নিশ্চয়ই পৌঁছে গিয়ে থাকবে। চ্যাম্পিয়নের অহমেও তা লাগার কথা। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে রোনালদোর দিকে তাই বাড়তি নজর থাকবে সবারই। জবাবটা নিশ্চয়ই গোল দিয়েই দিতে চাইবেন সিআর সেভেন। গোলডটকম।