গোলটাই করতে পারল না বাংলাদেশ

দল ঘোষণার সময়ই কোচ টম সেন্টফিট বলেছিলেন, বাংলাদেশের ফুটবলের মূল সমস্যা গোল করতে না পারা। সমস্যাটা অবশ্য অনেক পুরোনো। কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র প্রমাণ করল গোল করতে না পারার সমস্যা কতটা ভয়াবহ হয়ে উঠেছে।
বাংলাদেশে স্ট্রাইকাররা গোল করতে পারেন না। পারবেন কী করে, গোল করার যে অভ্যাসই নেই তাঁদের। ঘরোয়া ফুটবলে প্রায় প্রতিটি ক্লাবেই মূল স্ট্রাইকার হিসেবে খেলে বিদেশি ফুটবলাররা। স্থানীয় খেলোয়াড়দের গোল করার অভ্যাস গড়ে তোলার সুযোগ কই! শাখাওয়াত রনি, নাবিব নেওয়াজ জীবনরা যখন জাতীয় দলের হয়ে মাঠে নামেন, তখন দর্শকেরা মনে করতে পারেন না শেষ গোলটি তাঁরা কবে কোন ম্যাচে করেছেন। যে দেশের ফুটবলের এমন অবস্থা—ভুটানের বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র-ই তো তাঁদের ললাট লিখন।
শাখাওয়াত রনি আজ রাতে আয়নার সামনে নিজেকে দাঁড় করাতে পারেন। ভেবে দেখতে পারেন তাঁর গোল নষ্ট করার দৃশ্যগুলো। অন্তত দুটি সুযোগের জন্য তিনি আক্ষেপে পুড়বেন সারাটা জীবন। ভুটানের গোলকিপার হরি গুরুং দারুণ খেলেছেন, কিন্তু বাংলাদেশ দলে একজন খেলোয়াড়কেও খুঁজে পাওয়া গেল না, যিনি যেকোনোভাবে একটি গোল বের করে নিতে পারেন।
পুরো ম্যাচে দারুণ খেলেছেন রুবেল মিয়া। ডান প্রান্ত দিয়ে তিনি পুরো ম্যাচেই ব্যতিব্যস্ত রাখেন ভুটানের রক্ষণভাগকে। কিন্তু তাঁর কোনো যোগ্য সঙ্গীই খুঁজে পাওয়া গেল না। মামুনুলের জায়গায় সুযোগ পাওয়া মোহাম্মদ আবদুল্লাহকে পুরো ম্যাচে নিষ্প্রভ দেখা গেছে। জাফর ইকবালেরও একই অবস্থা। সোহেল রানাকে আজ দ্বিতীয়ার্ধের অর্ধেক সময় পর্যন্ত কোচ কেন মাঠে রাখলেন, সেটাও ঠিক বোঝা গেল না।
ম্যাচের শুরুতে কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল ভুটানই। ৩ মিনিটে মামুন মিয়ার ভুলে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন দলের সেরা খেলোয়াড় চেন চো। কিন্তু বাংলাদেশের সৌভাগ্য, তিনি গোল করতে পারেননি। প্রথমার্ধে ভুটান একটু চাপে রাখলেও দ্বিতীয়ার্ধের পুরো সময়টায় বাংলাদেশের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ করেও গোল পায়নি বাংলাদেশ। এ সময় ভুটানের হয়ে একাই লড়েছেন যেন গোলকিপার গুরুং। একেকবার বাংলাদেশের ছয়-সাতজন খেলোয়াড় মিলেও আক্রমণগুলোকে পরিণতি দিতে পারেননি। খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তপু বর্মণের হেড খুব কাছ থেকে জাল খুঁজে নিতে পারেনি।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ‘লাইফ লাইন’ হয়ে দেখা দেওয়া ভুটানের বিপক্ষে প্লে-অফের প্রথম লেগের এই ড্রয়ে পরের লেগটা অনেক কঠিনই হয়ে উঠল। অক্টোবরে ভুটানের তীব্র শীতে থিম্পুর ম্যাচটি এখন যেন বাঁচা-মরারই। ওই ম্যাচে উতরে যেতে না পারলে আন্তর্জাতিক ফুটবল থেকে বেশ কয়েক বছরের নির্বাসনই মেনে নিতে হবে বাংলাদেশ দলকে।