গোলদাতার খোঁজে সেন্টফিট

ফুটবলারদের নিয়ে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত কোচ টম সেন্টফিট। হঠাৎ জাতীয় দলের অনুশীলন দেখতে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢুকলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে কাছে ডেকে নিয়ে বসলেন ভিআইপি গ্যালারির দর্শকসারিতে। প্রায় ঘণ্টা খানেক গভীর মনোযোগে দেখলেন মামুনুলদের অনুশীলন।
কাল সকালে এক দফা অনুশীলন করেছে জাতীয় দল। সকালের মতো বিকেলেও কোচ অনুশীলনে সবচেয়ে বেশি জোর দিলেন পোস্টে বল পাঠানোর দিকে। অন্য সবকিছু বাদ দিয়ে অন্তত ঘণ্টা খানেক শুধু গোল স্কোরিংয়ের অনুশীলনই করিয়ে গেলেন! ওই সময় মাঝমাঠ থেকে লম্বা করে বক্সের আশপাশে বল ফেলছিলেন কয়েকজন ফুটবলার। দুই প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা আরেক দল তাঁদের বাড়িয়ে দেওয়া বল রিসিভ করে গোলের চেষ্টা করে গেলেন। কিন্তু শাখাওয়াত রনি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা ও সারোয়ার জামান নিপু ছাড়া বেশির ভাগ ফুটবলারই উড়িয়ে মারলেন!
৬ সেপ্টেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের হোম ম্যাচ শেষে সেন্টফিটের কণ্ঠে ছিল একটাই আকুতি, ‘আমাকে তোমরা একটা স্কোরার দাও, যে গোল করতে পারবে।’ কিন্তু গোল করার মতো ফুটবলারেরই যে বড্ড অভাব দলে! ঢাকায় ভুটানের সঙ্গে ওই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় দুই দলই রয়েছে সাম্যাবস্থায়। বাংলাদেশ কোনো গোল না খেয়ে অন্তত একটা গোল করলেই জিতবে। অথবা ১-১, ২-২...এমন গোল করে ড্র করলেও অ্যাওয়ে ম্যাচে গোলের সুবাদে বাছাইপর্ব উতরে যাবে বাংলাদেশ। আর যদি ৯০ মিনিটও ম্যাচ গোলশূন্য থাকে, তবে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। এরপরও গোলশূন্য থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে ম্যাচ। গোল পেতে যেন জান বাজি রেখে খেলে বাংলাদেশ, সেটাই চাওয়া সেন্টফিটের, ‘আমরা ভুটানের সঙ্গে দশ গোল করতে চাই না। প্রথমার্ধে হয়তো গোল না-ও পেতে পারি, তবে আমাদের গোছানো ফুটবল খেলতে হবে। আমাদের একটা দল হয়ে খেলতে হবে, অন্তত একটি গোল করতেই হবে।’ কিন্তু সেই গোলটা কে করবেন, তা নিয়েই যেন বেশি চিন্তিত কোচ!
১০ অক্টোবর ভুটানের সঙ্গে ফিরতি ম্যাচ। থিম্পু রওয়ানা হওয়ার আগে আজই শেষ অনুশীলন। সকালের ওই অনুশীলনে দুই দলে ভাগ হয়ে খেলবে সেন্টফিটের দল। ৩১ সদস্যের দল থেকে ২৩ জনের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ। তবে আজকের ম্যাচের পরই দল ঘোষণা করবেন।
অনুশীলনে সেভাবে ফুটবলাররা জালে বল না পাঠাতে পারলেও ভুটানে গোলের ব্যাপারে আশাবাদী সেন্টফিট, ‘আজ অনুশীলনে শুরুতে ভালো কিছু গোল করেছে ছেলেরা। তবে ক্লান্ত থাকায় শেষ দিকে গোল তেমন হয়নি। আমাদের দরকার গোেল শট করা। আমি আত্মবিশ্বাসী যে ভুটানে সুযোগ পাব এবং গোলও করব।’