
কাকে দায়ী করবেন লুইস এনরিকে? ক্লান্তি? নাকি খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাস? নাকি কৃতিত্ব দেবেন গেটাফের রক্ষণকে? যে কারণেই হোক, গেটাফের সঙ্গে গোলশূন্য ড্রটা বার্সেলোনা কোচের খুশিমনে মেনে নেওয়ার কোনো কারণ নেই।
তাহলে কি পিএসজির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর অবসাদ জেঁকে ধরেছিল বার্সা খেলোয়াড়দের? সার্জিও বুসকেটস সে রকমই দাবি করলেন, ‘আমরা সম্ভাব্য সব উপায়ে সুযোগ সৃষ্টির চেষ্টা করেছি, কিন্তু আমাদের বিফল হয়েই ফিরে যেতে হচ্ছে। সম্ভবত বুধবারের ম্যাচের পর আমরা খানিকটা ক্লান্ত ছিলাম।’
লিওনেল মেসি অবশ্য দায়ী করতে পারেন দুর্ভাগ্যকে। ৫১ মিনিটে তাঁর দুর্দান্ত ফ্রি-কিকটা ক্রসবারে লেগে ফিরে না এলে তখনই বার্সেলোনা এগিয়ে যায়! এই মৌসুমে সব মিলিয়ে আটটি শট পোস্টে লেগেছে মেসির, এত বেশিবার আর কোনো খেলোয়াড়কে বঞ্চিত করেনি পোস্ট। কাছাকাছি থাকা করিম বেনজেমা পোস্টে লাগিয়েছেন চারবার। বার্সেলোনাকেও সব মিলিয়ে ১৩ বার এই ভাগ্য বরণ করতে হয়েছে, ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে তাদেরই সবচেয়ে বেশি গোলপ্রচেষ্টা প্রতিহত হয়েছে পোস্টে। ১২ বার পোস্টে লাগিয়েছে বেয়ার লেভারকুসেন।
তবে এটাও ঠিক, গেটাফের বৃষ্টিভেজা মাঠে বার্সার আক্রমণ ধারালো হতে পারেনি। চোটের কারণে নেইমার ছিলেন দলের বাইরে, সুয়ারেজ-মেসি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। পুরো ম্যাচে ২৩টি শট নিয়েছে বার্সা, এর মাত্র দুটি ছিল গোলে। ৭৬ শতাংশ বল দখল বলে দিচ্ছে খেলাটা তাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু গেটাফে রক্ষণের কাছে সব আক্রমণ মাথা কুটে মরেছে। পাল্টা-আক্রমণে বরং গেটাফে বেশ কয়েকবার ত্রাস ছড়িয়েছে, লাফিতার শটটা ক্লদিও ব্রাভো দুর্দান্তভাবে ফিরিয়ে না দিলে এগিয়েই যেতে পারত স্বাগতিকেরাই।
বার্সেলোনার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতার কথাটা অবশ্য অজুহাতের মতোই শোনাবে, ‘খেলা শুরুর সময় ও মাঠের অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে আমাদের কষ্ট হয়েছে। মাঠ বেশি পিচ্ছিল ছিল, আমাদের জন্য সেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।’ জাভির কণ্ঠে অবশ্য নিখাদ হতাশা, ‘আজ আমরা অনেকগুলো আক্রমণের সুযোগ পেয়েছিলাম, কিন্তু বলটা যেন ঢুকতেই চাইছিল না।’
এই ড্রয়ের পর শীর্ষে থাকা রিয়ালের (৩৯) চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা। জাভি স্বীকার করলেন, ড্রটা ভালো একটা ধাক্কাই, ‘লিগের আরও অনেক বাকি, তবে এটা আমাদের একধাপ হলেও পিছিয়ে দিয়েছে।’ এএফপি, গোলডটকম, মার্কা।