গোলবন্যা নয়, ভালোবাসাতেই ভাসাল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোথায় তুমি বন্ধু?
কোথায় তুমি বন্ধু?

প্রায় এক ডজন ব্রাজিলিয়ান খেলতে এলেন ক্যাম্প ন্যুতে। খেলতে এসেছিল ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নেওয়া এক দল। বিমান দুর্ঘটনার ভয়াবহতা, একসঙ্গে ১৯ ফুটবলারের মৃত্যুও যাদের দমাতে পারেনি। ফুটবলের সঞ্জীবনী সুধায় নতুন চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল শাপেকোয়েন্স। এত এত ব্রাজিলিয়ানের মাঝে অনুচ্চারিত শব্দের মতো উপস্থিত ছিলেন নেইমার। ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে কদিন আগেই বার্সা ছেড়েছেন ব্রাজিল অধিনায়ক।

গতকাল সোমবার রাতে গ্যাম্পার ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও শাপেকোয়েন্স। ফল নয়, গুরুত্বপূর্ণ ছিল বার্সার খেলায় নেইমারের শূন্যতা অনুধাবন। আগামী রোববার সুপারকোপার দুই লেগের ক্ল্যাসিকো ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল এই ম্যাচ। প্রস্তুতিটা মন্দ হয়নি, ৫-০ ব্যবধানে ব্রাজিলিয়ান অতিথিদের হারিয়ে শিরোপা জিতেছে বার্সা।

শাপেকোয়েন্স অধিনায়ক রাসেলকেও দেওয়া হলো ট্রফি। ছবি: এএফপি
শাপেকোয়েন্স অধিনায়ক রাসেলকেও দেওয়া হলো ট্রফি। ছবি: এএফপি

তবে গোলবন্যা নয়, শাপেকোয়েন্সকে আসলে ভালোবাসায় ভাসিয়েছে বার্সেলোনা। প্রতিটা মুহূর্তে দিয়েছে সম্মান আর শ্রদ্ধা। মাঠের খেলায় ছাড় দিতে চায়নি তা সত্যি। কিন্তু ওই ৯০ মিনিটই তো জীবনের সব নয়।

সজল চোখে সম্মানসূচক কিক অফ করেছেন নিয়েতো ও ফোলমান, যিনি পা ভেঙেছেন সেই বিমান দুর্ঘটনায়। শাপেকোয়েন্সের অধিনায়কের বন্ধনী ছিল বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরেক ফুটবলার অ্যালান রাসেলের হাতে। ‌‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন, কারণ আমি অবিশ্বাস্য জীবন পার করছি। স্পেনে এসে, বার্সার বিপক্ষে খেলতে পেরে আমি ভাগ্যবান। কখনো ভাবিনি এখানে (ক্যাম্প ন্যু) খেলতে পারব,’ মার্কাকে বলেছেন তিনি।

মেসির গোল মিসের হতাশা। ছবি: এএফপি
মেসির গোল মিসের হতাশা। ছবি: এএফপি

নেইমারের জায়গায় ম্যাচ শুরু করেছিলেন এভারটন থেকে এই মৌসুমে বার্সায় ফেরত আসা জেরার্ড ডেলোফু। সেই পরীক্ষায় ‘এ’ প্লাস পেয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড। গোল করেছেন একটি, আরও দুটি করিয়েছেন মেসি আর বুসকেটসকে দিয়ে। প্রথমার্ধ শেষে চোট নিয়ে উঠে গেছেন, রিয়ালের ম্যাচের আগে জানা যাবে ইনজুরি আপডেট।

গোল পেয়েছেন দুই সুয়ারেজ—লুইস ও ডেনিস। বার্সার ৯ নম্বর জার্সিধারীকে ধারালো মনে হয়েছে। গোলকিপারকে একা পেয়েছেন পাঁচ-ছয়বার, প্রতিবারই বাধ্য করেছেন সেভ করতে। অন্যদিকে, ডেনিসের গোলটি ছিল নিখুঁত বার্সা আক্রমণ। শুরুতে ডেনিস, তারপর মেসির পায়ের ছোঁয়া নিয়ে ফিনিশিং করেছেন নিজেই।

তবে পেনাল্টি মিস করেছেন পাকো আলকাসের। দুই দলই বেশ কিছু বদলি খেলোয়াড় নামিয়েছে। নেইমারের শূন্যস্থানে ডেলোফু আর মুনির এল হাদ্দাদি নজর কেড়েছেন। প্রীতি ম্যাচে এর চেয়ে ভালো প্রস্তুতি আর হয় না।

কাকে খুঁজছে এম-এস? ছবি: এএফপি
কাকে খুঁজছে এম-এস? ছবি: এএফপি

ম্যাচ শেষে শাপেকোয়েন্সকে অভিনন্দন জানিয়েছেন কাতালান অধিনায়ক আন্দ্রেস ‘ডন’ ইনিয়েস্তা। আর কোচ আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‌‘‌শাপেকোয়েন্সকে স্বাগত জানানো আমাদের জন্য সম্মানের।’