গোলবন্যার ম্যাচে জয়ের হাসি ম্যানচেস্টার সিটির
ম্যাচটা আকর্ষণীয় হবে, এটা আগেই বোঝা গিয়েছিল। ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে জার্মান লিগের রানার্সআপের খেলা, দুই দলই আবার আকর্ষণীয় আক্রমণাত্মক ফুটবল খেলে। তাই বলে এতটা আকর্ষণীয় হবে, সেটা হয়তো অনেকে কল্পনাও করেননি।
দুই দল মিলে গোল করল নয়টা। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন একজন। নয় গোলের মধ্যে হাফ ডজনই গেল ম্যানচেস্টার সিটির ভাগ্যে। বাকি তিন গোল করে লাইপজিগ বোঝাল, সিটির ভয়ে কুঁকড়ে থাকা দল নয় তারা। সব মিলিয়ে ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।
সিটির হয়ে একটি করে গোল করেছেন ডাচ্ ডিফেন্ডার নাথান আকে, আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ, ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ, পর্তুগিজ ফুলব্যাক জোয়াও ক্যানসেলো ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। বাকি গোলটা লাইপজিগের ফরাসি ডিফেন্ডার নর্ডি মুকিয়েলের আত্মঘাতী।
ওদিকে লাইপজিগের হয়ে হ্যাটট্রিক করেছেন ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুনকু। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সিটিরই সাবেক খেলোয়াড়, এখন লাইপজিগে খেলা স্প্যানিশ লেফটব্যাক আনহেলিনো। এক গোল ও দুই সহায়তায় ম্যাচসেরা হয়েছেন এই মৌসুমেই ১০ কোটি পাউন্ডের বিনিময়ে সিটিতে নাম লেখানো গ্রিলিশ। চ্যাম্পিয়নস লিগে এটাই তাঁর প্রথম ম্যাচ ছিল।
গ্রিলিশের প্রশংসায় মেতেছেন পেপ গার্দিওলা, ‘আশা করি, ও আমাদের জার্সি গায়ে এমন অনেক গোল করবে। আমার সব সময় মনে হয়, ও প্রতিনিয়ত উন্নতি করছে, প্রতিনিয়ত ভালো খেলছে। ওর খেলা দেখে আমি মুগ্ধ, জয়ে দুর্দান্ত ভূমিকা রেখেছে গ্রিলিশ।’ এই নিয়ে সিটির ম্যানেজার হিসেবে ৩০০ ম্যাচ পার করে ফেললেন পেপ গার্দিওলা। এর মধ্যে ২১৯ ম্যাচেই জিতেছে ইংলিশ লিগের চ্যাম্পিয়নরা।
গ্রিলিশ নিজেও চ্যাম্পিয়নস লিগ অভিষেকে গোল পেয়ে আপ্লুত, ‘খেলা যখন শুরু হলো, মনে মনে ভাবছিলাম, আমি অবশেষে আসলেই চ্যাম্পিয়নস লিগে খেলছি! গোল পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’
গ্রুপের আরেক ম্যাচে ক্লাব ব্রুজেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ফলে, এই জয় নিয়েই প্রথম রাউন্ড শেষে গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।