প্রিমিয়ার হকি লিগে আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করার মহড়া চলছে। গোলমাল আর মারামারিতে খেলার সৌন্দর্য নষ্ট হওয়াও তাই নিয়মিত দৃশ্য। মাঠে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার প্রযুক্তির আশ্রয় নিল হকি ফেডারেশন। গতকালই প্রথম চালু হলো ক্রিকেটের মতো ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার নিয়ম। প্রথম দিনেই মোহামেডান-মেরিনার্সের মতো বিস্ফোরক ম্যাচ এটির সুফলও পেয়েছে।
মেরিনার্স ১-০ গোলে পিছিয়ে থাকার সময় তাদের একটি গোল দেননি ওমানের ফিল্ড আম্পায়ার। মেরিনার্স রিভিউ চাইলে সিদ্ধান্ত গেছে তাদেরই পক্ষে। অন্য সময় হলে এটিকে কেন্দ্র করে খেলাই হয়তোবা পণ্ড হয়ে যেত!
পেনাল্টি কর্নারের দাবিতে একবার রিভিউ চেয়েও সফল মেরিনার্স। তবে মোহামেডান একবার পেনাল্টি কর্নার দাবি করে রিভিউ চাইলেও তা খারিজ হয়। ম্যাচের ফলও গেছে অহেতুক মেজাজ হারিয়ে খেলা মোহামেডানের খেলোয়াড়দের বিপক্ষে। মেরিনার্স ৩-১ গোলে জিতে লিগ দৌড়ে কিছুটা পেছনেই ঠেলে দিয়েছে মোহামেডানকে।
১২ দলের লিগের প্রথম পর্বে মোহামেডান ১০ ম্যাচে ৭ জয়, দুই ড্র, এক হারে ২৩ পয়েন্ট নিয়ে চারে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা। ২৬ পয়েন্ট পাওয়া আবাহনী দুইয়ে। মেরিনার্সের পয়েন্ট ২৫।
২০ জুন শুরু সুপার লিগে ঊষা ও আবাহনীকে পেছনে ঠেলে মোহামেডানের পক্ষে লিগ জেতাটা এখন খুবই কঠিন। ফুটবল মৌসুমে প্রথম দুটি টুর্নামেন্টের গ্রুপ থেকেই বিদায় নিয়েছে সাদা-কালো দল।
ফুটবলের চেয়ে মোহামেডানের হকি দল ঢের শক্তিশালী। তবে হকি মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে শৃঙ্খলা ভাঙায় মোহামেডানই যেন সবচেয়ে এগিয়ে! কাল তো দলটির অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে সবুজ কার্ড দেখিয়ে দুই মিনিটের জন্য মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দিয়ে ওমানের আম্পায়ার পড়েন মহাবিপদে। ‘মাথা গরম’ জিমি আম্পায়ারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জেরে ১২ মিনিট খেলা বন্ধ থাকে অবিশ্বাস্যভাবে!
তবে বেশ কয়েকবার উত্তেজনা ছড়ালেও গতিময় ম্যাচটা উপভোগ্যই ছিল। ৮ মিনিটে পাকিস্তানি খেলোয়াড় তাসওয়ার আব্বাস পেনাল্টি কর্নারে এগিয়ে নেন মোহামেডানকে। ১৫ ও ৪৯ মিনিটে মেরিনার্সের পাকিস্তানি ওয়াকাস শরিফের ২ গোল। ৫৯ মিনিটে ৩-১ করেন আরশাদ। ক্লাব কাপে হারের বদলা হিসেবে পিটার গেরহার্ডের ছাত্ররা ম্যাচটা জিতল যোগ্যতর দল হিসেবেই। দারুণ খেললেন মেরিনার্সের অধিনায়ক ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন।