গোলমুখে এ কোন জার্মানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে পরশু কত গোলে জেতা উচিত ছিল জার্মানির? ৫ গোল? ৬ গোল? আরও বেশি?

কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটা জিতেছে ১-০ গোলে। এই জয়ে গ্রুপ শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডেও উঠে গেছে। টুর্নামেন্টের প্রথম ধাপ পেরোনোর স্বস্তিই সঙ্গী হওয়ার কথা জোয়াকিম লোর দলের। কিন্তু দলটা জার্মানি বলেই ম্যাচের পর উল্টো শুরু হয়ে গেছে আত্মবিশ্লেষণ। তাতে দুটি শব্দই আক্ষেপ হয়ে ঘুরল, ফিনিশিংয়ে দুর্বলতা!
পরশু ম্যাচে মোট ২৬টি শট নিয়েছেন গোমেজ-গোটশেরা, গোলমুখেই ৯টি। বলের দখলও ছিল ৭১ শতাংশ। কিন্তু সবেধন নীলমণি গোলটা ম্যাচের ৩০ মিনিটে মারিও গোমেজের শট থেকে। উত্তর আয়ারল্যান্ডের গোলকিপার মাইকেল ম্যাকগভার্ন ৮-৯টি সেভ করেছেন। সেটিও কি জার্মানদের গোলমুখে ব্যর্থতাটা ঢাকতে পারছে?

>দলটা জার্মানি বলেই ম্যাচের পর উল্টো শুরু হয়ে গেছে আত্মবিশ্লেষণ। তাতে দুটি শব্দই আক্ষেপ হয়ে ঘুরল, ফিনিশিংয়ে দুর্বলতা!

ম্যাচের পর কোচ জোয়াকিম লোর কণ্ঠেও দাপটটাকে গোলে পরিণত করতে না-পারার আক্ষেপ, ‘বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছি। কিন্তু কয়েকটি গোল হাতছাড়াও করেছি। ওরা কোনো সুযোগ পায়নি ঠিকই। তবে আমাদেরও গোলের সামনে আরও ধারাবাহিক থাকা উচিত ছিল।’ ডিফেন্ডার ম্যাটস হামেলসও সুর মেলালেন কোচের সঙ্গে, ‘নিজেদের মান অনুযায়ীই খেলেছি আমরা, ভালোও খেলেছি। কিন্তু সেভাবে গোল করতে পারলাম না। একমাত্র এ ব্যাপারটিরই অভাব ছিল আজ।’
দৈন্য সবচেয়ে ভালো ফুটে উঠছে সম্ভবত টমাস মুলারের পায়ে। বিশ্বকাপে টানা দুবার জার্মানদের সর্বোচ্চ গোলদাতা (মোট ১০ গোল) এখনো ইউরোতে নিজের গোলের খাতা খুলতে পারলেন না। এ ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে পারলে ৪-৫ গোল পেতে পারতেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। হতাশাটা গোপনও করেননি মুলার, ‘গোলই আসছিল না। আমি একাই তো আজ (পরশু) সেরা গোলদাতা তালিকায় এসে যেতে পারতাম। আমাদের খেলায় উন্নতি এসেছে, কিন্তু আমরা শতভাগ খুশি নই। সর্বশেষ আট ম্যাচের চেয়েও বেশি সুযোগ পেয়েছি আজ (পরশু)।’
সুযোগ পেয়েও জার্মানদের গোল করার ব্যর্থতা এবারের ইউরোতে বেশ পরিচিত দৃশ্য। তিন ম্যাচে জার্মানির গোল মাত্র ৩টি! ওজিল-মুলার-গোটশেদের মানের সঙ্গে একেবারেই বেমানান পরিসংখ্যান। শেষ ষোলোয় জার্মানদের সম্ভাব্য প্রতিপক্ষ আলবেনিয়া, অস্ট্রিয়া অথবা হাঙ্গেরি (হতে পারে পর্তুগালও)। সামনে এগোলে পড়তে হতে পারে ইংল্যান্ড-ফ্রান্স কিংবা স্পেন-ইতালির মতো দলের সামনে। স্বাভাবিকভাবেই জার্মানির উদ্বেগ বাড়ছে।
তবে এই জার্মানিই আবার অন্য রকম হয়ে উঠতে পারে। একটু ভাগ্যের পরশ, গোলমুখে বাড়তি তৎপরতা...যেদিন সব মিলে যাবে, জার্মানিকে দেখা যাবে ‘খুনে’ রূপে। আপাতত মুলারের কথাটাই হতে পারে জার্মানদের প্রেরণা, ‘আমরা “ডাই মানশাফট”, এ কারণেই আমাদের ওপর বাড়তি প্রত্যাশা থাকে। এটা স্বাভাবিক।’ এএফপি।