গোলরক্ষক উলরাইখের অবিশ্বাস্য ভুলের শিকার বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বস্ত উলরিখ। অমন ভুলের পর আর কি-ই বা করবেন! ছবি: এএফপি
বিধ্বস্ত উলরিখ। অমন ভুলের পর আর কি-ই বা করবেন! ছবি: এএফপি
>

• দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২২ সেকেন্ডের ব্যবধানে অবিশ্বাস্য এক ভুল করেন বায়ার্ন গোলরক্ষক উলরাইখ
• বলে শট নেবেন, না হাত দিয়ে ধরবেন, এই দ্বিধায় ভুগে বলটাই আটকাতে পারেননি

ম্যাচে ১-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে গিয়েছিল দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর মাত্র ২২ সেকেন্ডের ব্যবধানে বায়ার্ন মিউনিখকে পিছিয়ে দেন তাঁদেরই গোলরক্ষক সভেন উলরাইখ!

খেলায় যে–কারোরই ভুল হয়। কিন্তু কিছু ভুল অবিশ্বাস্য, চোখ রগড়ে আবার দেখতে হয়। কাল রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে উলরাইখ যে ভুল করেছেন, সেটা চোখ রগড়ে বারবার দেখলেও বিশ্বাস করতে কষ্ট হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলেছে, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে বাজে ভুল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে বায়ার্ন গোলরক্ষক উলরাইখকে ব্যাক পাস দিয়েছিলেন দলটির মিডফিল্ডার কোরেনতিন তোলিসো। এরপর যা ঘটল, তা উলরাইখ নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন। পাসের গতি কম থাকায় রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা বলটার প্রায় পিছু পিছুই ছুটছিলেন। উল্টো দিক থেকে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক উলরাইখ। বলটা অনায়াসেই গ্লাভসবন্দী করতে পারতেন। কিন্তু শট নেবেন না ধরবেন, সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে এই দ্বিধাটুকুই তাঁর কাল হয়ে দাঁড়ায়।

দ্বিধায় ভোগায় ততক্ষণে দেরি হয়ে গেছে। বেনজেমাও বলের কাছাকাছি চলে আসায় উলরিখ হাঁটু গেড়ে বসে পড়া অবস্থায়ই শট নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বলে পা-ই ছোঁয়াতে পারলেন না! বলটা চলে গেল তাঁর বাঁ হাতের নিচ দিয়ে! এরপর আলতো টোকায় বেনজেমা শুধু গোলের আনুষ্ঠানিকতাটুকু সেরেছেন।

উলরাইখ এখন বায়ার্ন সমর্থকদের কাঠগড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বায়ার্নের অনেক সমর্থকেরই আফসোস, উলরাইখ ওই অবিশ্বাস্য ভুলটা না করলে ম্যাচটা ৩-৩ গোলের সমতায় গড়াত অতিরিক্ত সময়ে। সেখান থেকে হয়তো টাইব্রেকারে, যেখানে যেকোনো কিছুই ঘটতে পারত।

তবে ২৯ বছর বয়সী এই গোলরক্ষকের মনের কষ্টটা বুঝতে পারছেন জার্মানির ও বায়ার্নেরই কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান। খেলোয়াড়ি জীবনে কান নিজেও একবার এমন ভুল করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে উলরাইখের প্রতি কানের সমবেদনা, ‘এটা নিশ্চিত যে সে একই সময়ে দুটো ভাবনা ভেবেছে—হাত দিয়ে বলটা ধরতে চেয়েছে আবার শটও নিতে চেয়েছে। এমনটা ঘটে থাকে। আমার সঙ্গেও ঘটেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে রবার্তো কার্লোসের ফ্রি-কিকে। এটা এতটাই বাজে ছিল যে পরের দিনটা আর দেখতে ইচ্ছে হয়নি।’

উলরাইখেরও নিশ্চয়ই এমন মনে হচ্ছে!
উলরাইখের সেই অবিশ্বাস্য ভুলের ভিডিও লিংক: