গোলে অভিষেক এমবাপ্পের

আগের চার ম্যাচে একটা পয়েন্টও পায়নি মেৎজ, অন্যদিকে পিএসজি প্রতিটি ম্যাচেই জিতেছে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে। এই ম্যাচে আর দেখার কী থাকে?
থাকে। যদি সেটি হয় কিলিয়ান এমবাপ্পের পিএসজিতে অভিষেক ম্যাচ। গত মৌসুমে মোনাকোতে নিজেকে ইউরোপের অন্যতম সেরা তরুণ প্রতিভা বলে চিনিয়েছেন, আর এই মৌসুমেই এসেছেন পিএসজিতে। এসেছেন ধারে, তবে আগামী মৌসুমেই যে চুক্তির শর্ত মেনে তাঁকে পাকাপাকিভাবে কিনে নেবে পিএসজি, কে না জানে! ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকারের শুরুটা কেমন হয়, সেটি দেখার আগ্রহ ছিল। আরও বড় আকর্ষণ তো ছিলই—নেইমারের সঙ্গে এমবাপ্পের যুগলবন্দী প্রথমবারের মতো চোখে দেখা!
সেই উদ্দেশ্য নিয়ে পরশু ম্যাচটা যাঁরা দেখতে বসেছিলেন, তৃপ্তই হয়েছেন। আগের চার ম্যাচের ‘নিয়ম’ মেনে মেৎজের মাঠেও গোল-উৎসব করেছে পিএসজি, জিতেছে ৫-১ গোলে। এমবাপ্পে অভিষেক রাঙিয়েছেন গোল করে। নেইমার তো আরও উজ্জ্বল, গোল করেছেন একটি, করিয়েছেন দুটি। পিএসজি-ভক্তদের এখন পোয়াবারো।
নেইমার-এমবাপ্পের পাশাপাশি এডিনসন কাভানি ও ইউলিয়ান ড্রাক্সলারকে জায়গা করে দিতে ছক বদলেছেন পিএসজি কোচ উনাই এমেরি। ৪-৩-৩ বদলে যান ৪-২-৩-১-এ। নতুন ছক বলেই কিনা, প্রথম ৩০ মিনিটে কিছুটা আড়ষ্ট লাগছিল পিএসজিকে। সেটি কাটল নেইমারের ছোঁয়ায়। ৩১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ডিফেন্সচেরা থ্রু ধরেই পিএসজিকে এগিয়ে দেন কাভানি। ছয় মিনিট পরই অবশ্য মেৎজকে সমতায় ফেরান ইমানুয়েল রিভিয়ের। কিন্তু ৫৬ মিনিটে গড়বড় করে ফেলেন মেৎজ লেফটব্যাক বেনোয়া আসু-একোতো। এমবাপ্পেকে দুই পায়ে ট্যাকল করে দেখেন লাল কার্ড।
১১ জনেই মুশকিল, ১০ জন নিয়ে কি আর নেইমার-এমবাপ্পেদের সঙ্গে পারে মেৎজ? তিন মিনিট পরই গোলের শুরু করেন এমবাপ্পেই। পিএসজির জার্সিতে তাঁর প্রথম গোলটা হলো দুর্দান্ত, বক্সের বাইরে থেকে জোরালো শটে। ১০ মিনিট পর নেইমারের পালা। তাঁর গোলটিও বক্সের বাইরে থেকে, বাঁকানো শটে। শেষ দিকে গোল-উৎসবটা পূর্ণ করেন কাভানি ও বদলি নামা লুকাস মউরা।
অভিষেকেই গোল পাওয়া এমবাপ্পের অনুভূতিটা কেমন? কদিন আগে হল্যান্ডের বিপক্ষে গোল করে সর্বশেষ ৫৪ বছরে ফ্রান্সের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন। এবার পিএসজিতে অভিষেকেও গোল। এমবাপ্পের খুশি না হওয়ার কারণ আছে? ম্যাচ শেষে বললেনও, ‘জয় পেলাম, গোল পেলাম, ভালো একটা ম্যাচও খেলেছি—সন্তুষ্ট হওয়ার সবকিছুই তো আছে।’ আর নেইমারের সঙ্গে খেলার অভিজ্ঞতা? পিএসজিতে এসেই বলেছিলেন, তিনি নিজে যখন ব্যালন ডি’অর জেতার তখন জিতবেন, আপাতত নেইমারকে সেটি জিততে সাহায্য করতে চান। পরশু গোল করার পর এমবাপ্পে নিজেই নেইমারকে কোলে তুলে ধরেছেন দুবার। ম্যাচ শেষেও ব্রাজিলিয়ান সতীর্থর প্রশংসায় পঞ্চমুখ ফ্রেঞ্চ তরুণ, ‘সব সময়ই সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চেয়েছি। এখানে আমার সুযোগ হয়েছে ফ্রেঞ্চ লিগের এবং সম্ভবত ইউরোপেরও সেরা ফুটবলারের সঙ্গে খেলার।’
প্রথম ম্যাচ আর ম্যাচের পরের কথা যদি আভাস হয়, তাহলে পিএসজিতে নেইমার-এমবাপ্পে জুটিটা দুর্দান্তই হতে যাচ্ছে! এএফপি, টেলিগ্রাফ।