গোলে স্মরণীয় রোনালদোর রেকর্ড

কাতারের সঙ্গে প্রীতি ম্যাচে পর্তুগালকে এগিয়ে দেওয়া গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর উচ্ছ্বাসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড, রেকর্ড আর রেকর্ড। হোক ক্লাব ফুটবল অথবা আন্তর্জাতিক ফুটবল—রোনালদো মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন, এটা যেন নিয়তিই হয়ে গেছে! দুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি রেকর্ডে ওয়েইন রুনিকে ছুঁয়ে ফেলেছেন। তারও কিছুদিন আগে গত মাসে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়িকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন। আর এবার আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড বইয়ের একটি পাতা থেকে মুছে দিলেন সের্হিও রামোসের নাম।

ইউরোপের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: রয়টার্স

ঘরের মাঠ এস্তাদিও আলগার্ভেতে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে পর্তুগাল। ৩–০ গোলে জেতা সেই ম্যাচে শুরুর একাদশে থাকলেও প্রথমার্ধ শেষে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। তবে ম্যাচটি খেলতে নেমেই আন্তর্জাতিক ফুটবলে ইউরোপিয়ান একটি রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো।

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: রয়টার্স

কাতারের সঙ্গে প্রীতি ম্যাচটি ছিল রোনালদোর ক্যারিয়ারে পর্তুগালের হয়ে ১৮১তম ম্যাচ। ইউরোপের জাতীয় দলগুলোর কোনো খেলোয়াড় এর চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ইউরোপের দলগুলোর মধ্যে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এতদিন ছিল স্পেনের ডিফেন্ডার সের্হিও রামোসের। স্পেনের হয়ে ১৮০ ম্যাচ খেলেছেন এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে নাম লেখানো তারকা এ ডিফেন্ডার।

রেকর্ড গড়ার উপলক্ষটা গোল করে স্মরণীয় করে রেখেছেন রোনালদো। দলের ৩–০ গোলের জয়ে ৩৭ মিনিটে প্রথম গোলটিই করেছেন পর্তুগালের অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে নিজের সর্বোচ্চ গোলের রেকর্ডটা তিনি আরেকটু চওড়া করে নিলেন এই গোল দিয়ে। পর্তুগালের জার্সিতে এখন তাঁর গোলসংখ্যা ১১২টি।

আন্ততর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা আরও চওড়া করে নিয়েছেন রোনালতো
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ফুটবলে ইউরোপের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা আগামী পরশুই আবার বাড়িয়ে নিতে পারবেন রোনালদো। এদিন যে একই মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে নামবে তাঁর দল। কে জানে সেই ম্যাচেও আবার গোলের দেখা পাবেন কি না রোনালদো! ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সার্বিয়া অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।

ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে মোট ১৩টি দল। এর মধ্যে সরাসরি বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাবে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল। বাকি তিনটি জায়গার জন্য প্লে–অফে মুখোমুখি হবে দলগুলো।