গোলের জন্য হন্যে ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌশল ঠিক করার দায়িত্ব ফন গাল-গিগসের, আর মাঠে ভরসা ডি গিয়া-মার্শিয়াল। চ্যাম্পিয়নস লিগে ভলফ্‌সবুর্গের সঙ্গে ইউনাইটেডের বাঁচা-মরার লড়াই আজ। কাল জার্মানির ব্রাউনশোয়াইগ বিমানবন্দরে তোলা ছবি l মেইল অনলাইন

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ রাউন্ড, জয়-পরাজয়-ড্র হলে কী হবে—কত সমীকরণ! তবে প্রায় সব বড় দলই অবশ্য মোটামুটি নির্ভার আজ। নকআউট পর্ব তাদের নিশ্চিত হয়ে গেছে আগেই। শুধু অস্বস্তির গুমোট বাতাস একটু জমাট বেঁধে আছে ইংল্যান্ডে। একমাত্র ম্যানচেস্টার সিটিরই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। বাকি তিন ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসির ভাগ্য এখনো ঝুলে আছে। সুতরাং গ্রুপ পর্বের শেষ রাউন্ডটা ইংল্যান্ডের ভাগ্যনির্ধারণী রাউন্ডও বটে!
আজ সেটি শুরু হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়েই। এক বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে আবারও বাদ পড়ার শঙ্কা এখন ইউনাইটেডের সামনে। আজ ভলফ্সবুর্গের মাঠে গিয়ে শুধু জয় পেলেই নিশ্চিত হবে নকআউট, অন্য কিছু হলে এসে পড়বে ‘যদি’, ‘কিন্তু’। ইউনাইটেড কোচ লুই ফন গাল সরাসরিই বলে দিলেন, ‘পিএসভির সঙ্গে হতাশাজনক ফলের পর এখন আমাদের কী করতে হবে সেটা আমরা ভালোমতোই জানি—জয়।’
কিন্তু জয়ের জন্য যে গোল দরকার, সেটি আসবে কোত্থেকে? কে করবেন? গত নয় ম্যাচে যে মাত্র ছয়টি গোল করতে পেরেছেন রুনিরা, সর্বশেষ তিনটি ম্যাচের দুটিই গেছে গোলশূন্য। ফন গালের ইউনাইটেড ‘একঘেয়ে’, ‘বিরক্তিকর’—ক্লাবের সাবেকেরা পর্যন্ত এমন সমালোচনায় মুখর।

কৌশল ঠিক করার দায়িত্ব ফন গাল-গিগসের, আর মাঠে ভরসা ডি গিয়া-মার্শিয়াল। চ্যাম্পিয়নস লিগে ভলফ্‌সবুর্গের সঙ্গে ইউনাইটেডের বাঁচা-মরার লড়াই আজ। কাল জার্মানির ব্রাউনশোয়াইগ বিমানবন্দরে তোলা ছবি l মেইল অনলাইন
কৌশল ঠিক করার দায়িত্ব ফন গাল-গিগসের, আর মাঠে ভরসা ডি গিয়া-মার্শিয়াল। চ্যাম্পিয়নস লিগে ভলফ্‌সবুর্গের সঙ্গে ইউনাইটেডের বাঁচা-মরার লড়াই আজ। কাল জার্মানির ব্রাউনশোয়াইগ বিমানবন্দরে তোলা ছবি l মেইল অনলাইন

সেই উত্তর খুঁজে পাওয়ার জন্য দুটি দিনও সময় পাচ্ছেন না ফন গাল। সেভাবেই আসুক, আজ গোল পেতেই হবে। রুনি, মার্শিয়ালরা গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। মাতা, মেম্ফিসরাও গোলের রাস্তা ভুলে গেছেন। আজ তো চোটের জন্য রুনি খেলতেই পারবেন না। গোল করার লোক যে ইউনাইটেডের নেই তা নয়। জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার ইউনাইটেড স্ট্রাইকারদের মধ্যে দেখছেন খুনে মানসিকতার অভাব, ‘খেলোয়াড়েরা গোলের সামনে গিয়ে ভয় পাচ্ছে, ব্যাপারটা তেমন নয়। কিন্তু খুনে মানসিকতার অভাব আছে আমাদের। আমাদের খেলোয়াড়দের সামর্থ্য আছে, কিন্তু সেটা তারা দেখাতে পারছে না।’ শোয়েনস্টাইগার এমন স্ট্রাইকার চান যার থাকবে তীব্র গোলক্ষুধা, ‘আমাদের আসলে মেসি, রোনালদো বা মুলারের মতো কাউকে দরকার। ওরা গোল করতে চায়। ওদের সামর্থ্য আছে, কিন্তু তারা সেটা চায়ও। আপনার তো গোল করার মানসিকতা আগে থাকতে হবে।’
ফন গাল কপট আশায় বাস্তবতাকে এড়িয়ে যেতে চান না। এই দল নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতাটা খুবই কঠিন! ইউনাইটেড কোচের মনের কথাটাই যেন উঠে এল মুখে, ‘আমার মনে হয় না আমাদের এখন চ্যাম্পিয়নস লিগ জেতার সামর্থ্য আছে। হয়তো পরের বছর সেটা হতে পারে।’
তবে ইতিহাস আজ অনুপ্রেরণা হতে পারে ইউনাইটেডের। ভলফ্সবুর্গের মাঠে ২০০৯ সালের আগের দেখায় ইউনাইটেডই জিতেছিল ৩-১ গোলে। ওই ম্যাচের পর প্রিমিয়ার লিগের দলগুলোর কাছে টানা সাত ম্যাচ হেরেছে জার্মান ক্লাবটি। কিন্তু ইউনাইটেডের বর্তমান অবস্থায় ইতিহাসের পুনরাবৃত্তি কি হবে? এএফপি, ইএসপিএন।
ইউনাইটেডের গ্রুপে ত্রিমুখী লড়াই
* ভলফ্সবুর্গ ড্র হলেই চলে যাবে, জিতলে প্রথম হবে।
* ইউনাইটেড জিতলে গ্রুপে শীর্ষে থেকেই চলে যাবে।
* পিএসভি জিতলে চলে যাবে। ইউনাইটেড হেরে গেলে ড্র করলেও চলে যেতে পারে (গোল ব্যবধানে পিএসভি ইউনাইটেডের চেয়ে এগিয়ে)। পিএসভি জিতলে আর অন্য ম্যাচ ড্র হলে পিএসভি-ভলফ্সবুর্গের গোল ব্যবধান গ্রুপের শীর্ষস্থান ঠিক করে দেবে।
* সিএসকেএ জিতলে পিএসভির ওপরে থেকে গ্রুপে তৃতীয় হবে।