গোলের বন্যা বইয়ে দিলেন রোনালদো-বেলরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক পূরণের পর রোনালদো। ছবি: রয়টার্স
হ্যাটট্রিক পূরণের পর রোনালদো। ছবি: রয়টার্স

এবার লা লিগায় শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। প্রথম তিন ম্যাচের দুটিতেই হার! এমন বাজে শুরুতে হকচকিয়ে গিয়েছিলেন রিয়াল সমর্থকেরা। নাহ, এভাবে চলতে পারে না-হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠল কার্লো আনচেলত্তির দল। কদিন আগে চ্যাম্পিয়নস লিগে বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি নিয়ে আজ ডিপর্তিভো লা করুনার মুখোমুখি। রিয়াল যেন ক্ষুধার্ত বাঘ! কোনো ‘করুণা’ না দেখিয়ে সর্বশক্তিতে হামলে পড়ল করুনার ওপর!ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক, গ্যারেথ বেল ও হাভিয়ের হার্নান্দেজের জোড়া গোলে ৮-২ গোলে উড়ে গেল করুনা।
২৯ মিনিটে দারুণ এক হেডে রোনালদোর গোল উৎসব শুরু। এরপর ৩৬ মিনিটে হামেস রদ্রিগেজের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪১ মিনিটে করুনার গোলরক্ষক জার্মান লাক্সের এক শিশুতোষ ভুলের সুযোগে বিরতির আগেই জোড়া গোল রোনালদোর। বিরতির পর অবশ্য পেনাল্টিতে এক গোল শোধ করেন করুনার হারিস। কিন্তু এ গোল যেন আরও তাতিয়ে দেয় রিয়ালকে। শুরু হয় আনচেলত্তির ছাত্রদের গোল-মচ্ছব! ৬৬ ও ৭৪ মিনিটে বেল, ৭৮ মিনিটে বুলেত গতির শটে রোনালদোর হ্যাটট্রিক পূরণ, অতঃপর ৮৮ ও অতিরিক্ত সময়ে হার্নান্দেজের জোড়া গোল-করুনাকে দুই হালি গোল দিয়ে তবেই ক্ষান্ত দেয় রিয়াল! অবশ্য ৮৪ মিনিটে হোসে তচের গোলে ব্যবধান কিছুটা কমায় করুনা।
বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ রিয়ালের। অথচ প্রথম তিন ম্যাচে সেই ধারালো আক্রমণভাগ ভালো ফল এনে দিতে পারল না! সমর্থকদের সব হতাশা আজ ভালোই পুষিয়ে দিয়েছেন রোনালদো-বেলরা! এ হ্যাটট্রিকে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক লাফে শীর্ষে উঠে এসেছেন সিআর সেভেন। রিয়াল তারকার ক্যারিয়ারে এটি ২৭তম হ্যাটট্রিক।
সূত্র: রয়টার্স ও এএফপি।