গোলের মতোই সুন্দর ইলিয়াসের গুরুভক্তি

গোল করার পর কোচকে সম্মান জানাতে খেলোয়াড়েরা কত কিছুই না করেন। কেউ দৌড়ে এসে গুরুকে বুকে জড়িয়ে ধরেন, কেউ ছুটে আসেন ‘হাই ফাইভ’ দিতে। আজ প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির উইঙ্গার ইলিয়াস যা করলেন, তা দেশের ফুটবলে কমই দেখা যায়।
গোল করেই দৌড়ে এসে ডাগআউটে দাঁড়িয়ে থাকা কোচ কামাল বাবুর পা ছুঁয়ে সালাম করেন ইলিয়াস। শিষ্যের এই গুরুভক্তিতে কোচ স্বাভাবিকভাবেই আপ্লুত। ইলিয়াসের একমাত্র গোলেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। ম্যাচ শেষে জয় ছাপিয়ে গুরুভক্তির দৃশ্যটাই হয়ে রইল ম্যাচের বিজ্ঞাপন। ম্যাচ শেষে ইলিয়াসকে বলতে হলো ব্যতিক্রমী গোল উদ্যাপন নিয়ে, ‘আজই প্রিমিয়ার লিগে প্রথম মাঠে নেমেছিলাম। কোচ আমার ওপর আস্থা রাখায় তাঁর প্রতি কৃতজ্ঞ। তাই গোল করেই কোচকে সালাম করতে ছুটে আসি।’
গত মৌসুমে কাওরান বাজারের হয়ে চ্যাম্পিয়নশিপ লিগ খেলেছেন ইলিয়াস। সেখানে ১৪ ম্যাচ খেলে গোল করেছিলেন মাত্র ১টি। আর দেশের সর্বোচ্চ ফুটবলে ১৯ বছর বয়সী টাঙ্গাইলের ছেলের শুরুই হলো গোলের খাতা খুলে।
প্রিমিয়ার লিগের দৃশ্যটা এবার অন্য রকম। প্রায় প্রতিটি ম্যাচেই পাল্লা দিয়ে গোল করে যাচ্ছেন দেশি ফুটবলাররা। গোলগুলো দেখতেও যেমন দৃষ্টিগ্রাহী, তেমনি থাকছে নিখুঁত ফিনিশিংয়ের ছাপ। ইলিয়াসের গোলটির কথাই ধরুন, আক্রমণভাগের তৃতীয়ার্ধ থেকে শারহান হালদারের রক্ষণ চেরা থ্রু ডান প্রান্ত দিয়ে দৌড়ে এসে প্রথমে নিয়ন্ত্রণে নিলেন। দ্বিতীয় ছোঁয়ায় পোস্ট ছেড়ে বের হয়ে আসা গোলরক্ষক কামাল হোসেনের পাশ দিয়ে ঠান্ডা মাথায় গড়িয়ে প্লেসিং। বদলি হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ মাঠে ছিলেন ইলিয়াস, গতির সঙ্গে বল নিয়ন্ত্রণে বুঝিয়ে দিয়েছেন, তাঁকে আর বেঞ্চে বসিয়ে রাখা যাবে না!
রহমতগঞ্জের দ্বিতীয় জয়ের দিনে এখনো জয়হীন ব্রাদার্স ইউনিয়ন। শেষ দুটি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল তারা। আজ কমলা জার্সিধারীদের ইতালিয়ান কোচ জিওভান্নি মাঠেই ছিলেন না। মায়ের অসুস্থতার জন্য দেশে গেছেন তিনি।