গোলের হ্যাটট্রিক করা গোলরক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক করা সেই ম্যাচে পেনাল্টি শট নিচ্ছেন চিলাভার্ট। ছবি: রয়টার্স
হ্যাটট্রিক করা সেই ম্যাচে পেনাল্টি শট নিচ্ছেন চিলাভার্ট। ছবি: রয়টার্স

ইউরোপা লিগে গত ২৩ অক্টোবর টটেনহাম-অ্যাস্তেরাস ত্রিপোলিস ম্যাচে ঘটনাটা ঘটল। ম্যাচের ৮৭ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়লেন টটেনহামের গোলরক্ষক হুগো লরিস। তিনজনের কোটা পূরণ হওয়ায় নতুন করে বদলি খেলোয়াড় নামানোর উপায়ও ছিল না। অগত্যা গোলরক্ষকের গ্লাভস হাতে তুলে নিলেন মিডফিল্ডার হ্যারি ক্যান! ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ক্যান। সেই হিসাবে হ্যাটট্রিক করা গোলরক্ষকের তালিকায় নাম উঠে গেছে টটেনহাম মিডফিল্ডারের।
ক্যান দায়িত্ব পালন করেছেন আপৎকালীন গোলরক্ষক হিসেবে। ফুটবল ইতিহাসে গোলরক্ষকদের হ্যাটট্রিকের রেকর্ড আছে বেশ কয়েকটি। ইংলিশ লিগে আছেন তিন গোলরক্ষক, যাঁদের নামের পাশে লেখা হ্যাটট্রিকের রেকর্ড।
১৯৬৫ সালের ২০ নভেম্বর ইংলিশ ফুটবলের চতুর্থ বিভাগে নটস কাউন্টির বিপক্ষে হ্যাটট্রিক করেন লুটন টাউনের গোলরক্ষক টনি রিড। প্রথম গোলটি করেছিলেন ডান পায়ে নেওয়া ফ্রি-কিক শটে, দ্বিতীয় গোলটি প্রতিপক্ষের ডিফেন্ডারকে ড্রিবলিং করে আর তৃতীয়টি শূন্যে ভেসে হেড করে! ম্যাচটি লুটন টাউন জিতেছিল ৫-১ গোলে।
এর বছর তিনেক পর, ১১ সেপ্টেম্বর ১৯৬৮, নর্দান প্রিমিয়ার লিগে গুল টাউনের বিপক্ষে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে বোস্টন ইউনাইটেড। একপর্যায়ে মাঠে নামানো হয় বোস্টন ইউনাইটেডের বদলি গোলরক্ষক কিন সিম্পকিনসকে। সিম্পকিনসন দলের প্রয়োজনে কখনো-সখনো স্ট্রাইকার হিসেবেও খেলতেন। মাঠে নেমে মাত্র ২০ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে দলকে জেতালেন ৪-২ ব্যবধানে।
তৃতীয় নামটি জিম প্লাট। উত্তর আয়ারল্যান্ডের এ গোলরক্ষক খেলেছেন ১৯৮২ বিশ্বকাপও। ১৯৭১-৮৩—এক যুগ খেলেছেন মিডলসবরোর হয়ে। তাঁর হ্যাটট্রিক করার ঘটনাটাও বেশ নাটকীয়। ১৯৭১ সালের সেপ্টেম্বরে সান্ডারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, সেটা খেলারই কথা ছিল না তাঁর। শুরুর দিকে মিডলসবরোতে জায়গা পেতেন না। সে ম্যাচে কীভাবে সুযোগ পেয়েিছলেন, বরো কিংবদন্তি স্মরণ করলেন এভাবে, ‘তখনকার দিনে মাত্র একজন বদলি নামানো যেত। আমি ছিলাম ত্রয়োদশ খেলোয়াড়। ম্যাচের দিন এক খেলোয়াড় বাসে অসুস্থ হয়ে পড়ল। তখন আমি দ্বাদশ খেলোয়াড়ে পরিণত হলাম।’ এরপর হ্যাটট্রিক করা সেই ম্যাচের ১৫ মিনিটে এক খেলোয়াড় হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হলেন। তখনই সুযোগটা পেলেন প্লাট। তারপর? ‘প্লাট-ট্রিক’!
গোলরক্ষকদের হ্যাটট্রিকের রেকর্ডের তালিকায় বেশ ওপরেই হোসে লুই চিলাভার্টের নাম। প্যারাগুয়ের বিখ্যাত এ গোলরক্ষক পরিচিতি মূলত ‘খ্যাপাটে’ আচরণের কারণে। তবে ফ্রি-কিক কিংবা পেনাল্টিতে গোল করতেও ছিলেন সিদ্ধহস্ত। ১৯৯৯ সালের ২৮ নভেম্বর মুখোমুখি আর্জেন্টিনার দুই ক্লাব—ভেলেজ সার্সফিল্ড-ফেরো কারিল ওয়েস্তো। স্থানীয় ভাষায় যেটা ‘ক্লাসিকো দেল ওয়েস্তে’ অর্থাৎ ‘পশ্চিমের ধ্রুপদি লড়াই’। চিলাভার্ট তখন সার্সফিল্ডের গোলরক্ষক। ম্যাচের ৪৫, ৭৫ ও ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন চিলাভার্ট। দল জিতল ৬-১ ব্যবধানে। খেলোয়াড়ি জীবনে চিলাভার্টের মোট গোলসংখ্যা ৬২টি!
চিলাভার্টের চেয়ে বেশি গোল করা গোলরক্ষকও আছেন—সাও পাওলোর রোজেরিও সেনি। খেলোয়াড়ি জীবনে সেনির গোলসংখ্যা ১২৩টি! একজন গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড এটিই। ৪১ বছর বয়সী সেনি কেবল গোলরক্ষক নন, দলের অন্যতম সেট-পিস বিশেষজ্ঞও। পেনাল্টি যেমন সেভ করতে পারেন, তেমনি পেনাল্টি থেকে গোল আদায়েও দারুণ পারঙ্গম। তবে দুর্ভাগ্য, হ্যাটট্রিকটা করা হলো না! গার্ডিয়ান অবলম্বনে।