গোল্ডেন বল মেসিকে দেওয়া ভুল সিদ্ধান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর হাতে ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বল অনেককেই অবাক করেছিল। লিওনেল মেসির বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়া নিয়ে এর আগেও কানাঘুষা কম হয়নি। এবার সরাসরি এটিকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।
নিজে চার গোল করেছেন, একটি করিয়েছেন—কিন্তু বিশ্বকাপে মেসিকে মোটেই তাঁর সেরা রূপে দেখা যায়নি। তার পরও ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের চোখে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় ছিল, আর্জেন্টিনার প্রথম চারটি ম্যাচে তাঁর নির্ধারক ভূমিকা। মস্কোতে রাশিয়া বিশ্বকাপের লোগো উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন ব্ল্যাটার। সেখানেই গত পরশু বলেছেন, ‘আমি মনে করি সিদ্ধান্তটি ভুল ছিল। আমি কমিটির সিদ্ধান্ত দেখে খুবই অবাক হয়েছিলাম। তাঁরা আমাকে বলেছিলেন, ফাইনালের দুই দল থেকে শুধু ১০ জনকে তাঁরা বিবেচনায় নিয়েছেন।’ ব্ল্যাটারের মতে, মেসির পরিবর্তে ‘গোল্ডেন বল’ পাওয়া উচিত ছিল জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। গোলডটকম।