গোয়ায় রোনালদোর ভাস্কর্য, সেখানেও বিতর্ক

ভারতের গোয়ায় রোনালদোর একটি ভাষ্কর্য উন্মোচিত হয়েছেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর ভাস্কর্য বানানো হবে আর তা নিয়ে বিতর্ক হবে না? সাম্প্রতিক ‘রীতি’ মানলে সেটি যেন অভাবনীয়।

এর আগে ২০১৭ সালে নিজ শহর মাদেইরার বিমানবন্দরে পর্তুগিজ ফরোয়ার্ডের এক আবক্ষ ভাস্কর্য বানানো হয়েছিল। কিন্তু ভাস্কর্যটি দেখতে এতটাই বীভৎস ছিল যে রোনালদোর সঙ্গে সেটির চেহারায়-অবয়বে কোনো মিলই পাওয়া যাচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে হাসি-তামাশা হয়েছে বিস্তর।

এবার আবার বিতর্কে রোনালদোর ভাস্কর্য। এবার ভাস্কর্যটি বানানো হয়েছে ভারতের গোয়ায়। একসময়ের পর্তুগিজ কলোনি গোয়া পর্তুগালের শাসন থেকে স্বাধীন হওয়ার ৬০ বছর পূর্তি উপলক্ষে রোনালদোর ভাস্কর্য গড়া হয়। এটিও যথারীতি বিতর্কে।

এবার অবশ্য ভাস্কর্যটা দেখতে একেবারে খারাপ হয়নি, বিতর্ক সেটির অবয়ব নিয়েও নয়। বিতর্ক ছড়াচ্ছে ভাস্কর্যটির উদ্দেশ্য নিয়ে।

আয়োজকদের ভাষ্য, পর্তুগিজ শাসন থেকে মুক্তির ৬০ বছরে তরুণদের ফুটবলে-খেলাধুলায় উৎসাহী করতেই রোনালদোর ভাস্কর্য বেছে নেওয়া। কিন্তু স্থানীয়দের যুক্তি, তরুণদের অনুপ্রাণিত করতে ভারতের জাতীয় পর্যায়ে খেলা স্থানীয় তারকার কী অভাব পড়েছে!

গোয়ার কালানগুতের অঞ্চলে স্থাপিত হয়েছে রোনালদোর নতুন এই ভাস্কর্য। প্রায় ৪১০ কেজি ওজনের এই ভাস্কর্য গড়তে সময় লেগেছে তিন বছর। অর্থ খরচ হয়েছে ১২ লাখ রুপির মতো। বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকারও বেশি। আরও আগেই ভাস্কর্যটি উন্মোচিত হওয়ার কথা ছিল, হয়নি করোনার কারণে।

ইউনাইটেডে ভালো-মন্দ মিলিয়েই কাটছে রোনালদোর দিন
ছবি: এএফপি

ভারতে ক্রিকেটই সবচেয়ে জনপ্রিয় খেলা, তবে ফুটবলের জনপ্রিয়তাও কম নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ আর স্প্যানিশ লা লিগার জনপ্রিয়তা তো সব সময়ই বেশি, ২০১৭ সালে নেইমার পিএসজিতে যাওয়ায় গত কয়েক বছরে ফরাসি লিগ আঁ-র জনপ্রিয়তাও জ্যামিতিক হারে বাড়ছে।

এবার লিওনেল মেসিও পিএসজিতে যোগ দেওয়ার পর লিগ আঁ এখন জনপ্রিয়তায় লা লিগাকেও ছাড়িয়ে গেছে। তবে প্রিমিয়ার লিগ এখনো জনপ্রিয়তম। আর রোনালদো গত আগস্টে পুরোনো ‘ঘর’ ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরায় নতুন উদ্যমে প্রিমিয়ার লিগ নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের।

সেই আগ্রহ আরও বাড়বে রোনালদোর ভাস্কর্য তৈরির পর, এমনই আশা আয়োজকদের। গোয়ার মন্ত্রী মাইকেল লোবো ভারতের সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, ‘ভারতে এই প্রথম ক্রিস্টিয়ানো রোনালদোর ভাস্কর্য তৈরি হলো। এখানে একমাত্র উদ্দেশ্যই তরুণদের অনুপ্রাণিত করা। যদি ফুটবলকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে হয়, সে ক্ষেত্রে তরুণ-তরুণীদের এদিকেই তাকালেই চলবে। এখানে এসে সেলফি তুললে, ভাস্কর্যের দিকে তাকালেই খেলায় ওদের অনুপ্রেরণা বেড়ে যাবে।’

তবে ভাস্কর্যটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন গোয়ার স্থানীয় লোকজনই। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম লিখেছে, অনেকে ভাস্কর্যের সামনে এসে কালো পতাকা দুলিয়ে নিজেদের ক্ষোভ জানাচ্ছেন।

কালানগুতের নির্বাচনী ফোরামের সভাপতি প্রেমানন্দ দিবাকরও এভাবে রোনালদোর ভাস্কর্য স্থাপনের উদ্দেশ্যের সঙ্গে একমত নন, ‘কালানগুতেতে ব্রুনো কুতিনিও, ইয়োলান্দ ডি’সুজার মতো কত অসাধারণ ফুটবলার ছিলেন, যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলে ভারতকে সাফল্য এনে দিয়েছেন। তাঁদের ভাস্কর্য কেন বানানো হলো না? তাঁরা তো কালানগুতেরই মানুষ। সে জায়গায় এই পর্তুগিজ ফুটবলারের ভাস্কর্য বানানোর মানে কী!’

একসময়ের পর্তুগিজ কলোনি গোয়া ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পায়।