গ্যাবিগোল আর জোনাস জেতালেন ব্রাজিলকে

২০০৪ সালে মাত্র ৮ বছর বয়সে যোগ দিয়েছিলেন সান্তোসের একাডেমিতে। পরের কয়েক বছরে নিজের প্রতিভা দিয়ে গ্যাব্রিয়েল আলমেইদা সবাইকে এতটাই মুগ্ধ করেছেন যে ২০১২ সালে সান্তোসের সঙ্গে যখন তাঁর পেশাদার চুক্তি হয়, সেখানে বাইআউট ক্লজ জুড়ে দেওয়া হয় ৫০ মিলিয়ন ইউরোর! গ্যাব্রিয়েলকে এতটাই সম্ভাবনাময় মনে করে সান্তোস।
আস্থাটা যে অকারণ নয়, সেটির প্রমাণ ২০১৩ সালে সান্তোসের মূল দলের হয়ে অভিষেকের পর থেকেই দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ভালোবেসে সান্তোস সমর্থকেরা তাঁকে ‘গ্যাবিগোল’ নামে ডাকতে শুরু করেছে। গ্যাব্রিয়েল এবার সেই ভালোবাসার প্রতিদান দিলেন ব্রাজিলের হয়েও। অভিষেক ম্যাচেই গোল করে জেতালেন সেলেসাওদের। ১৯ বছর বয়সী এই সান্তোস ফরোয়ার্ডের গোলের পাশাপাশি জোনাসের আরও এক গোল মিলিয়ে কাল লস অ্যাঞ্জেলেসে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের জয় ২-০ ব্যবধানে।
বেনফিকার স্ট্রাইকার জোনাসও জাতীয় দলের জার্সিতে গোল করলেন প্রায় সাড়ে চার বছর পর। ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল ২০১১ সালের মার্চে। প্রথম গোলটা পান ওই বছরেই। নভেম্বরে তাঁর জোড়া গোলে মিসরকে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। কিন্তু সেই জোনাস হঠাৎ হারিয়ে গেলেন জাতীয় দল থেকে। অবশেষে এ বছরের মার্চে আবার কার্লোস দুঙ্গার দলে ডাক পান ৩২ বছর বয়সী এ স্ট্রাইকার। ফিরেই কোচের আস্থার প্রতিদানও দিলেন কাল।
অভিষেকে গোল পাওয়া গ্যাব্রিয়েলের উচ্ছ্বাসটাই বেশি ছিল। ম্যাচের পর ব্রাজিলিয়ান একটি টেলিভিশনকে বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। কাকা ও দানি আলভেজের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারা আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’
জোড়া গোলের জয়ে কোপা আমেরিকার প্রস্তুতিটাও দারুণভাবে সেরে নিল ব্রাজিল। ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা অভিযান। ‘বি’ গ্রুপে এই দুটি দলের সঙ্গী পেরু ও হাইতি। গোলডটকম।