গ্যালারি ফাঁকা? দাও জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মৌসুম থেকে স্পেনে এমন দৃশ্য না-ও দেখা যেতে পারে। ফাইল ছবি।
আগামী মৌসুম থেকে স্পেনে এমন দৃশ্য না-ও দেখা যেতে পারে। ফাইল ছবি।

সময়ের সেরা খেলোয়াড়ের তালিকায় ওপরের দিকে যাঁদের নাম, সেই মেসি-রোনালদো-নেইমার-বেল-সুয়ারেজরা সবাই আছেন সেখানে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব আছে লিগটিতে। তবু স্প্যানিশ লিগের ‘দুর্নাম’, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো অত প্রতিযোগিতামূলক নয় লিগটি। দুর্নাম ঘোচাতে এবার মজার এক উদ্যোগ নিয়েছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ, খেলা দেখানোর সময় স্টেডিয়ামে ফাঁকা গ্যালারির অংশ টিভিতে দেখানো যাবে না। ফাঁকা গ্যালারি টিভিতে দেখা গেলেই জরিমানা দিতে হবে প্রথম স্তরের ক্লাবগুলোকে।

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস এই নতুন নিয়মের কথা জানিয়েছেন। এই নিয়ম মেনে চলার উপায়ও বলে দিয়েছেন ক্লাবগুলোকে। সেটি হলো, স্টেডিয়ামে ক্যামেরা তো আগেই বসানো থাকে। তাই ক্যামেরার ‘অ্যাঙ্গেল’ হিসেব করে গ্যালারির যে অংশগুলো টিভিতে দেখানো হবে, সেগুলো আগে দর্শক দিয়ে ভরাতে হবে। যাতে দর্শক তুলনামূলক কম থাকলেও, টিভিতে দেখে মনে হয়, গ্যালারি গমগম করছে।
এমন উদ্যোগের কারণ কী? প্রিমিয়ার লিগের সঙ্গে টিভিস্বত্ত্বের যুদ্ধে টিকে থাকা। বিশ্বজুড়ে টিভিতে সবচেয়ে বেশি দর্শক ইংলিশ লিগেরই। স্প্যানিশ কর্তৃপক্ষ তাই টিভি দর্শকদের সামনে ম্যাচগুলোকে আরও ভালোভাবে উপস্থাপন করতে এই অভিনব উদ্যোগ নিয়েছে। তেবাসের আশা, জরিমানা থেকে বাঁচতে এখন ক্লাবগুলো নির্দিষ্ট কৌশল মেনে গ্যালারির আসন পরিকল্পনা করবে। সঙ্গে গ্যালারিতে দর্শক বাড়ানোর চেষ্টাও করবে।
শুধু ফুটবলই নয়, প্রতিযোগিতায় জিততে এখন আরও অনেক দিকেই নজর দিতে হচ্ছে স্প্যানিশ লিগকে। সূত্র: ইএসপিএন।