গ্যালারিতে 'খেলেন' তাঁরাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দুই দেশের মানুষই ফুটবল বলতে পাগল। নিজেদের দলের প্রতি আবেগও বাঁধনছাড়া। এটা মিল। তবে অমিলও কি কম! ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের সেই মিল-অমিলের গল্প

১. দলেরপ্রতিআবেগ

সত্যি বলতে, ব্রাজিলিয়ানরা তাঁদের খেলোয়াড়দের জ্বালিয়ে মারেন। পারফরম্যান্সে একটু এদিক-ওদিক হলেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাঁদের। আর্জেন্টিনায় সমর্থকেরা যেখানে ৯০ মিনিটজুড়েই গান গেয়ে যান দলকে নিয়ে। তবে হ্যাঁ, মাঝেমধ্যে যে খেলোয়াড়দের ওপর একটু-আধটু আক্রমণও আসে না, তা নয়।

.
.

২. গানেওতাঁরা, দাঙ্গায়ও

এদিকটায় আর্জেন্টাইনদের হার মানানো কঠিন। এমনও বলা হয়, আর্জেন্টিনার ফুটবলের সমর্থক গোষ্ঠী ‘বারাস বারাসে’র সামনে ব্রাজিলের ‘অরগানিজাদাস’ রীতিমতো পিতামহী-তুল্য। আর্জেন্টিনায় ফুটবল নিয়ে মারামারিগুলোয় বেশির ভাগ সময়ই রাজনীতি জড়িয়ে গিয়ে ব্যাপারটা কুৎসিত রূপ নিয়ে ফেলে।

৩. স্টেডিয়ামেরউৎসবে

এখানে দুই দলের সমর্থকদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। পতাকা-ব্যানার বলুন বা নিজেদের দলকে নিয়ে গর্ব—স্টেডিয়ামে তা প্রকাশে কেউই পিছিয়ে নেই। তবে আর্জেন্টাইনরাই একটু বেশি ‘জঞ্জালপ্রিয়’। হাতের পতাকা বা কাগজের ছেঁড়া টুকরোগুলো মাঠে ফেলা তাঁদের বড়ই পছন্দ। আর্জেন্টাইন লিগের ম্যাচে প্রায়ই দেখা যায়, মাঠের চারপাশ সমর্থকদের ছুড়ে ফেলা ফেস্টুন-কাগজে ভরা।

৪. আমরাইসেরা

নিজেদের ফুটবল ঐতিহ্য নিয়ে ব্রাজিলিয়ানদের গর্বের শেষ নেই। তাঁদের ফুটবলের ‘ট্রেডমার্ক’ জোগো বোনিতো তো আছেই, সুযোগ পেলেই প্রতিপক্ষ সমর্থকদের শুনিয়েও দেয়, ‘আগে আমাদের মতো পাঁচবার বিশ্বকাপ জিতে দেখাও!’ তা বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল নিয়ে এমন গর্ব তো ব্রাজিলিয়ানদেরই করার কথা। তবে ব্রাজিলের তুলনায় ৩টি বিশ্বকাপ কম জিতলেও আর্জেন্টাইনরা একটুও কম আত্মগর্বী নয়।

৫. অতীতেরতারা

দুটি নাম—পেলে, ম্যারাডোনা। পেলেকে নিয়ে ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাসকে যদি বাঁধভাঙা মনে হয়, তাহলে ম্যারাডোনাকে আর্জেন্টাইনরা যেভাবে মাথায় তুলে নাচেন সেটিকে কী বলবেন? রীতিমতো যুক্তি-অযুক্তির সীমা ছাড়িয়ে যাওয়া। বুয়েনস এইরেসে একটা চার্চ আছে ১৯৮৬ বিশ্বকাপের নায়কের নামে, এরপর আর কিছু বলার থাকে! জাতি হিসেবে আর্জেন্টাইনরা এমনিতেই একটু পাগলাটে, আর ম্যারাডোনা সম্ভবত তাঁদের জাতীয় চেতনার প্রতীক। মাঠে বীরোচিত কীর্তি যেমন আছে, তেমন মাঠের বাইরে ‘দুষ্টুমি’ও তো কম নয়। তুলনায় পেলে একটু ‘নিরীহ’। মাঠে একের পর এক অবিশ্বাসের জন্ম দেওয়া লোকটিই মাঠের বাইরে ‘বাড়ির পাশের ছেলেটি’র মতো।

৬. বর্তমানেরনায়ক

ব্রাজিলে হিসাবটা সহজ—‘বিশ্বকাপ জেতো, নতুবা তোমাকে আমরা চিনি না।’ সেটি যত দিন না হচ্ছে, জাতীয় দলে যতই ভালো খেলুন, গোল করুন, নেইমার সম্ভবত কখনো ব্রাজিলিয়ানদের হৃদয়ে পেলের জায়গাটা পাবেন না। যেমনটা পাননি ১৯৮২ বিশ্বকাপে সর্বকালের অন্যতম সেরা দলের প্রাণভোমরা জিকো। অবশ্য আরাধ্য অলিম্পিক সোনা এনে দেওয়ায় কিছুটা হয়তো ছাড় পেতে পারেন নেইমার, তবু বিশ্বকাপ জেতার আগে ‘ও রেই’য়ের আসন পাচ্ছেন না।

আর্জেন্টিনার কাছে ব্যাপারটা বিশ্বকাপের চেয়েও বেশি আবেগের। যে কারণে দেশের প্রতিই নিবেদনের প্রশ্নে মেসির চেয়েও তেভেজ আর্জেন্টাইনদের কাছে অনেক প্রিয়। এমনকি ২০১৪ বিশ্বকাপ ফাইনালে ট্রফিটা হাতে উঠলেও মেসি আর্জেন্টাইনদের মনে ম্যারাডোনার মতো জায়গা পেতেন কি না, তা নিয়ে সংশয় আছে।

৭. ক্ল্যাসিকম্যাচ

ভাবুন তো, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, বা ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচে শুধু এক দলের সমর্থকদেরই ঢুকতে দেওয়া হচ্ছে মাঠে! আর্জেন্টিনায় এমনই হয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা এতই তীব্র, সংঘর্ষ ঠেকাতে শুধু স্বাগতিক দলের দর্শকদেরই ঢুকতে দেওয়া হয় মাঠে। এরপরও প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর সমর্থকদের এটা-ওটা ছুড়ে মারার ঘটনা ঘটে। ব্রাজিলেও কখনো কখনো শুধুই স্বাগতিক দর্শকদের নিয়ে ম্যাচ হয়েছে, তবে ক্ল্যাসিক ম্যাচগুলোয় দুই দলের দর্শকেরাই থাকেন গ্যালারিতে।