গ্রিজমান সুপারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়সূচক গোলের পর সুপারম্যানের মতো দৌড় দিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার গ্রিজমান l এএফপি
জয়সূচক গোলের পর সুপারম্যানের মতো দৌড় দিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার গ্রিজমান l এএফপি

ভক্তরা তাঁকে আদর করে ডাকেন সুপারম্যান। নামের শেষ অংশেও কিছুটা মিল আছে—গ্রিজ ‘মান’! ছবির দেশ, কবিতার দেশে কাল কল্পনার সেই অতিমানবের মতোই আবির্ভূত হলেন আতোয়ান গ্রিজমান। আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়া ফ্রান্সকে তিনিই শেষ আটে তুললেন তিন মিনিটেই দুই গোল করে (২-১)।
ম্যাচের বয়স তখনো দুই মিনিটও হয়নি। লিওঁর দর্শকেরা হয়তো ঠিকমতো নিজের আসনে জেঁকে বসতেও পারেননি। এরই মধ্যে রেফারির বাঁশি। পেনাল্টি! নিজেদের বক্সে আইরিশ স্ট্রাইকার শেন লংকে ফেলে দিয়েছেন পল পগবা। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগটা নষ্ট করেননি রবি ব্র্যাডি। আইরিশ উইঙ্গারের শট পোস্টে লেগে ঢুকে গেল জালে! একটা রেকর্ডও হলো ওই গোলে, ইউরো পেনাল্টি থেকে এর চেয়ে কম সময়ে গোল হতে আর দেখেনি। শুরুতেই এই বিষম ধাক্কাটা কীভাবে কাটিয়ে ওঠে ফ্রান্স, তখন সেটিই ছিল দেখার বিষয়।
ম্যাচের এত আগে গোল করার একটা সমস্যা হলো প্রতিপক্ষ ফিরে আসার জন্য বেশি সময় পায়। সেটিই হাড়ে হাড়ে টের পেল আয়ারল্যান্ড, এগিয়ে থাকতে পারল ৫৬ মিনিট। লিওঁর স্বাগতিকে দর্শকেরা পিছিয়ে পড়ার পর দলকে আরও জোর গলায় সমর্থন দিয়ে গেলেন। পায়েত-গ্রিজমানরাও যেন চেপে বসলেন আইরিশদের ওপর। তবে ফল পেতে অপেক্ষা করতে হলো ৫৮ মিনিট পর্যন্ত। ডান প্রান্ত থেকে ব্যাকারি সানিয়ার ক্রসে দুর্দান্ত হেড করে গ্রিজমান জালে জড়িয়ে দিলেন বল।
কিন্তু সমতা ফিরিয়েই আত্মতৃপ্ত থাকলে তো চলে না। নকআউট ম্যাচে, জয়ের জন্যই ঝাঁপাতে হয়। সেটিই করল ফ্রান্স। করলেন গ্রিজমান। দ্বিতীয় গোলটি করতে সময় নিলেন মাত্র ২ মিনিট। ডিফেন্স থেকে ভেসে আসা বলটা হেড করে নামিয়ে দিলেন অলিভিয়ের জিরু, সেটিই আইরিশ রক্ষণকে একেবারে ‘হাঁ’ করে ছেড়ে দিল গ্রিজমানের সামনে। এমন পরিস্থিতিতে শুধু একটাই ফল হতে পারত, সেটিই হলো। গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়াল গ্রিজমানের শট, এগিয়ে গেল ফ্রান্স।
আরও এগিয়ে যেতে পারত। ৬৬ মিনিটে গোলের দিকে এগোতে থাকা গ্রিজমানকে ফাউল করে লাল কার্ড দেখেন আইরিশ ডিফেন্ডার শেন ডাফি। ১০ জনের আয়ারল্যান্ডের বিপক্ষে বদলি নামা আন্দ্রে পিয়ের জিনিয়াক একাই শেষ দিকে পেয়েছিলেন তিনটি সুযোগ। হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ পেয়েছিলেন গ্রিজমানও।
তা হয়নি। ব্যবধান আর বাড়েনি। তবে শুরুর ওই বেমক্কা ধাক্কার পর এভাবেও জিততে পারাটা কম আনন্দের নয়। তার ওপর এই জয়টা ২০০০ সালের ফাইনালের পর ইউরোর নকআউটে ফরাসিদের প্রথম! সূত্র: সনি-ইএসপিএন।