গ্রিজমানকেও বেচতে চেয়েছিলেন বার্তোমেউ
বার্সেলোনার হয়ে তাহলে প্রথম মৌসুম শেষ করতে পারলেন আতোয়াঁ গ্রিজমান। কাতালান ক্লাবটিতে অনেক স্বপ্ন নিয়েই এসেছিলেন তিনি। কিন্তু তাঁকে যতটা গুরুত্ব দেওয়া হবে আশা করেছিলেন ততটা পাননি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ১৫ গোল। খুব খারাপ তা বলা যাবে না। কিন্তু স্বস্তি বলে যদি কিছু থেকে থাকে বার্সায় গ্রিজমান তা পাননি।
মেসি-বার্সা সম্ভাব্য বিচ্ছেদের মধ্যে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ তারকাকে নিয়ে নতুন খবর জানালেন তাঁর সাবেক এজেন্ট এরিক ওলহাটস। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বার্সার ৮-২ গোলে হারের আগে ক্লাব ছাড়তে চেয়েছিলেন গ্রিজমান।
কিংবা অন্যভাবেও বলা যায়, বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বেচে দিতে চেয়েছিলেন গ্রিজমানকে। অর্থাৎ ফরাসি ফরোয়ার্ড যেমন ক্যাম্প ন্যু তে থাকতে চাননি তেমনি বার্তোমেউ-ও তাঁকে ধরে রাখার কথা ভাবেননি। প্রথমে গ্রিজমানের বিষয়ে আসা যাক। রোনাল্ড কোম্যান কোচ হয়ে আসার আগ পর্যন্ত বার্সায় নিজেকে অপাঙেক্তয় ভেবেছেন তিনি, এমনই তাঁর সাবেক এজেন্টের দাবি। কোম্যানের সঙ্গে কথা বলার পর গ্রিজমান তাঁর ভাবনা থেকে সরে আসেন।
সংবাদমাধ্যম ‘আরএমসি’কে ওলহাটস বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে হারের আগে গ্রিজমানের শুধু একটাই ইচ্ছা ছিল, বার্সা ছাড়বে। গ্রিজমান টের পেয়েছিল সে ক্লাবের পরিকল্পনায় নেই। এ কারণে সে সত্যি সত্যি যাওয়ার পথ খুঁজেছে। তবে কোম্যানের সঙ্গে কথা বলার পর সব ঠিক হয়। তিনি (কোম্যান) নিজের পরিকল্পনা জানান যেখানে গ্রিজমানের ভূমিকাটা গুরুত্বপূর্ণ।’
গ্রিজমান নিজেকে বার্সার পরিকল্পনার বাইরে মনে করছেন—এ প্রসঙ্গে উঠে আসে বার্তোমেউয়ের নাম। কেননা বায়ার্নের কাছে হারের আগে বার্সা সভাপতি গ্রিজমানকে তাঁর সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ফেরত পাঠাতে চেয়েছিলেন। তাঁর বদলে অ্যাটলেটিকোর নতুন সেনসেশন জোয়াও ফেলিক্সকে চেয়েছিলেন বার্তোমেউ। কিন্তু মাদ্রিদের ক্লাবটি এ প্রস্তাবে রাজি হয়নি। তবে যে বিষয়টি পরিষ্কার হয়ে যায়, বার্তোমেউ ১২০ মিলিয়ন ইউরো খরচায় গ্রিজমানকে কিনলেও তাঁকে শেষ পর্যন্ত বার্সায় চাননি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ লিখেছে, বার্সায় বার্তোমেউ প্রশাসন কতটা
খেলোয়াড়দের বিষয়ে কত অদক্ষ এবং বিশৃঙ্খল তা গ্রিজমানের এ ঘটনায় টের পাওয়া যায়। টাকার সংকুলান করাই নাকি বার্তোমেউ প্রশাসনের মূল লক্ষ্য। সে ভাবনা থেকেই নাকি অ্যাটলেটিকো এ প্রস্তাব দিয়েছিলেন তিনি। অ্যাটলেটিকোয় ফেলিক্সের বার্ষিক বেতন ৩.৫ মিলিয়ন ইউরো। গ্রিজমানকে বছরে ২১ মিলিয়ন ইউরো দেয় বার্সা।