গ্রিজমানের আগের তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁতোয়ান গ্রিজমান
আঁতোয়ান গ্রিজমান

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পরাজয়ের ধাক্কাটা খুব বেশি দিন আগের নয়। এরপর আবার দেশের মাটিতে ইউরোর ফাইনালে পরাজয়। আঁতোয়ান গ্রিজমান নিজেকে বিশ্বের সবচেয়ে দুর্ভাগা ফুটবলার বলে ভাবতেই পারেন। ইউরোতে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল ও গোল্ডেন বুট জেতাও হয়তো ফ্রেঞ্চ ফরোয়ার্ডের কাছে সান্ত্বনা হতে পারছে না। তবে ইতিহাসের দিকে তাকিয়ে অবশ্য সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেন গ্রিজমান। সেই ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগ জিততে যাচ্ছেন তিনি!
ইউরোর ইতিহাসে এর আগে যে তিনজন খেলোয়াড় একই আসরে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জিতেছিলেন, সেই তিনজনই পরে চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দে ভেসেছেন!
১৯৮৪ ইউরোতে ফ্রান্সের হয়ে গোল্ডেন বুট ও বল জিতেছিলেন মিশেল প্লাতিনি। অধিনায়ক হিসেবে ট্রফিও উঠেছিল তাঁর হাতেই। পরের মৌসুমেই জুভেন্টাসের হয়ে প্লাতিনি জিতেছিলেন ইউরোপিয়ান কাপ। ১৯৮৮ ইউরোতে এই দুটি পুরস্কারজয়ী মার্কো ফন বাস্তেন পরের বছর এসি মিলানের হয়ে নিয়েছিলেন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের স্বাদ।
জার্ড মুলারের ক্ষেত্রে গিয়ে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। ১৯৭২ ইউরোতে গোল্ডেন বুট ও বল জিতেছিলেন জার্মান স্ট্রাইকার। তবে ১৯৭৩ সালে নয়, মুলার বায়ার্নের হয়ে ইউরোপিয়ান কাপ জিতেছিলেন এর পরের বছর। একটা জায়গায় অবশ্য গ্রিজমান আলাদা হয়ে আছেন। ওই তিনজন গোল্ডেন বুট-বলের পাশাপাশি শিরোপাও জিতেছিলেন। মার্কা।