গ্রিজমানের গোলে আশা বাঁচিয়ে রাখল অ্যাটলেটিকো

আট ম্যাচে গোলহীন। আতোঁয়ান গ্রিজমানের সঙ্গে ব্যাপারটা একেবারেই মানায় না। সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘সি’র ম্যাচের প্রথমার্ধেও গ্রিজমানকে খুঁজে পাওয়া গেল না। তবে গোল না পেয়ে ভেতরে-ভেতরে তিনি যে তেতে আছেন, সেটি বোঝা গেল।
ম্যাচের ৬৯ মিনিট। প্রতি-আক্রমণে রোমার রক্ষণকে এক জায়গায় জড়ো করে বল এল বাঁ প্রান্তে। অ্যাঙ্গেল কোরেয়া দারুণ প্রচেষ্টায় বলের নিয়ন্ত্রণ নিলেন। ততক্ষণে গ্রিজমান দূরের পোস্টে, দুই সেন্টার ব্যাককে ধোঁকা দিয়ে জায়গা ফাঁকা করে নিয়েছেন। তবে ক্রসটা ঠিক জুতসই ছিল না। পৃথিবীর অন্য কোনো ফরোয়ার্ড হয়তো জায়গা আর সময়ের বিচারে বল নামিয়ে নিয়ে শট করতেন। কিন্তু গ্রিজমান তা করলেন না।
বাকিদের মতো চিন্তা করলে তিনি ব্যতিক্রম হবেন কেন? শরীরের পেছন দিকে বাঁক নিতে থাকা বলে শূন্যে ভেসে ওভারহেড কিক করলেন ফরাসি ফরোয়ার্ড। বুলেটের গতিতে বল জড়িয়ে গেল জালে; ১-০ গোলে এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ব্রুনো পেরেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর রোমাকে যেন আরও পেয়ে বসল তারা। আসলে পেয়ে বসলেন গ্রিজমান। স্বদেশি কেভিন গ্যামিরোকে দিয়ে গোল করিয়ে বাঁচিয়ে রাখলেন অ্যাটলেটিকোর শেষ ষোলোর আশা।
ম্যাচ শেষে তাই কোচ ডিয়েগো সিমিওনের কণ্ঠে প্রত্যয়ের সুর। গ্রুপ পর্বের শেষ ম্যাচ লন্ডনে। স্টামফোর্ড ব্রিজে চেলসিকে বড় ব্যবধানে হারাতে হবে তাঁদের। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সিমিওনে বললেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। ৯০ মিনিট শেষ হওয়ার আগে আমরা নেতিবাচক ভাবতে পারি না।’
দলের সেরা খেলোয়াড়ের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমরা ইতিবাচকভাবে ম্যাচ শুরু করেছি, আবারও নিজেদের খুঁজে পেয়েছি। এবং আমরা আতোঁয়ানকে খুঁজে পেয়েছি, যে খুবই স্পেশাল একজন খেলোয়াড়। আজ সে অসাধারণ খেলেছে।’
কারাবাগের মাঠে ১০ জনের স্বাগতিক দলকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আন্তোনিও কন্তের চেলসি। শেষ ম্যাচে জমজমাট এক লড়াই দেখতে যাচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ।